ঢিসুম ঢিসুম ইয়া ঢিসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন ছিল বেশ ঝলমলে মিষ্টি রোদ। মাথার ওপর ডিমের কুসুমের মতো লাল সূর্যটা তখন পশ্চিমের পথে রওনা দেবে দেবে করছে। হাঁটছি এফডিসির প্রধান সড়ক ধরে। কিছু দূর যাওয়ার পর বিনা মেঘে বজ্রপাত! ‘ঢিসুম...ঢিসুম...ইয়া ঢিসুম...।’ এসব শব্দ শেষে মানুষের এলোমেলো ছোটাছুটি। ততক্ষণে আমিও পেছনে ফিরে ‘দে দৌড়’ প্রস্তুতি নিতে ব্যস্ত। ডান পাশে ঘুরতেই দেখা মিলল দূরে আকাশের কাছাকাছি উঁচু ইয়া বড় ক্রেনের ওপর ক্যামেরা। বুঝতে আর বাকি রইল না, মারধরের দৃশ্য ধারণ চলছে। আয়োজনটি বসেছে ওই রাস্তারই শেষ মাথায় মান্না ডিজিটাল ফিল্ম কমপ্লেক্সের সামনে। এফডিসি বলে কথা!ডিজিটাল কমপ্লেক্সকে মাতৃছায়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস হিসেবে সাজানো হয়েছে। এখানে চলছে কি প্রেম শিখাইলা চলচ্চিত্রের শুটিং। নায়িকা আঁচলের সঙ্গে একই কলেজের শিক্ষার্থী নায়ক বাপ্পীর চোখাচোখি নিয়ে নায়িকার চার দেহরক্ষীর সঙ্গে বাপ্পীর হার না-মানা লড়াইয়ের দৃশ্য ধারণ হচ্ছে। চারবারে দৃশ্য ধারণ শেষ হলো।ওদিক থেকে চোখ ফিরিয়ে ছুটছি ৮ নম্বর ফ্লোরের দিকে। ভেতরে কী হয়? জিজ্ঞেস করি একজনকে। ‘শুটিং।’ এটুকু বলে থামলেন তিনি। এবার কৌতূহল নিয়ে উঁকি দিলাম। পদ্মপাতার জল চলচ্চিত্রের শুটিং চলছে—এলাহি কাণ্ড! ছবিটির পরিচালক তন্ময় তানসেনের কাছ থেকে জানা গেল এটি শহরের অভিজাত বাইজিখানার অন্দরমহলের সেট। দৃশ্য ধারণের প্রস্তুতি হিসেবে মহড়া করছেন পরিচালক। জানালেন, শহরের প্রভাবশালী মাস্তান অমিত হাসান বাইজিখানা থেকে নায়িকা মিমকে উঠিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু নায়ক ইমন এসে তাতে বাধা দেয়—এমন একটি দৃশ্য ধারণ করা হবে এখন।অন্দরমহল আলোয় ভরে উঠল। সেটে তখন ইমন, মিম, অমিত হাসান, নিমা রহমান, নয়নসহ একসঙ্গে অনেক তারকা। আবারও ঢিসুম ঢিসুম। বেশ কয়েকবারের চেষ্টায় দৃশ্যটি ধারণ শেষ হলো। এর মধ্যে দুপুরের খাওয়ার বিরতি। ভাঙল তারকাদের মিলনমেলা। এ সময় কথা হলো এই চলচ্চিত্রের নায়িকা মিমের সঙ্গে। ‘এখানে আমি বাইজি চরিত্রে অভিনয় করছি। আমার জন্য এ এক নতুন অভিজ্ঞতা। এর গানগুলোও অসাধারণ! ভারতের জনপ্রিয় দেবদাস ছবির নৃত্যপরিচালক এখানে এসে আমাদের নাচের মুদ্রা তুলে দিয়ে গেছেন।’ বললেন মিম। এর মধ্যে বেজে উঠল তাঁর ফোন। চলে গেলেন তিনি।