তথ্য মন্ত্রণালয়ের আপত্তিতে ঘেটুপুত্র কমলার প্রচার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয় হঠাৎ আপত্তি তোলায় নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ ঈদের দিন ছোট পর্দায় দেখার সুযোগ থেকে বঞ্চিত হলেন সাধারণ দর্শক। বর্ণাঢ্য ঈদের অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল শনিবার রাত আটটায় ছবিটি সম্প্রচারের সব ব্যবস্থা করেছিল চ্যানেল নাইন। কিন্তু হঠাৎ করে তথ্য মন্ত্রণালয় আপত্তি তোলায় শেষ পর্যন্ত ছবিটির সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয় চ্যানেল নাইন কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩০ অক্টোবর মঙ্গলবার রাত আটটায় প্রচারিত হবে ‘ঘেটুপুত্র কমলা’।এ প্রসঙ্গে চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বলেন, ‘প্রথমেই দেশ ও দেশের বাইরে চ্যানেল নাইনের অগণিত দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা ঈদের দিন রাতে “ঘেটুপুত্র কমলা” সম্প্রচারের সব আয়োজন সম্পন্ন করেছিলাম। সব রকম প্রচারণার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু এক দিন আগে গত শুক্রবার ছবিটি সম্প্রচারের বিষয়ে হঠাত্ করে আপত্তি তোলা হয় তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।’এনায়েতুর রহমান আরও বলেন, ‘ছবিটির সম্প্রচার নিয়ে তথ্য মন্ত্রণালয় হঠাত্ এমন আপত্তি তোলায় যারপরনাই বিস্মিত হয়েছি আমরা। যা-ই হোক, শেষ পর্যন্ত হতাশ হতে হবে না দর্শকদের। তাঁরা অবশ্যই চ্যানেল নাইনের পর্দায় ‘‘ঘেটুপুত্র কমলা” দেখার সুযোগ পাবেন। ঈদের দিনের পরিবর্তে ৩০ অক্টোবর মঙ্গলবার একই সময়ে ছবিটি সম্প্রচার করব আমরা।’এদিকে এ বিষয়ে জানার জন্য তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।প্রসঙ্গত, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘ঘেটুপুত্র কমলা’র নামভূমিকায় অভিনয় করেছে কিশোর অভিনেতা মামুন। অন্যান্য চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তমালিকা কর্মকার, প্রাণ রায়, শামীমা নাজনীন, কুদ্দুস বয়াতি, আগুন প্রমুখ। গত ৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় মুক্তি পায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’।হুমায়ূন আহমেদের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির অন্যতম বিষয়বস্তু কিশোর সমকাম। তাঁর লেখা ‘একজন সৌখিনদার মানুষ’ গল্প থেকে ছবিটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ছবিটির নৃত্যপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মেহের আফরোজ শাওন। এর প্রধান সহকারী পরিচালক জুয়েল রানা। এরই মধ্যে ৮৫তম অস্কার প্রতিযোগিতায় ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে ‘ঘেটুপুত্র কমলা’।