তথ্যচিত্রে উপকূলের কান্না

একটা সময় ছিল, যখন তাঁরা কৃষিকাজ করতেন। স্বপ্ন, পেশা, নেশা সবই ছিল কৃষিকে ঘিরে। জীবিকার অবলম্বন ছিল কৃষি। কিন্তু কৃষির সেই জৌলুশ নেই। দিগন্তজোড়া মাঠে সবুজের বন্দনা করার উপায় আর নেই। দিনের পর দিন সেখানে জমিতে গড়ে ওঠে চিংড়িঘের। একদিকে কাজ হারিয়ে বেকার হন কৃষক আর অন্যদিকে অতি ব্যবসায়ী মুনাফার তাড়নায় ক্রমেই কমতে থাকে কৃষিজমি। আবার ঘেরের পার্শ্ববর্তী জমিগুলোও লবণাক্ততার কারণে হয়ে ওঠে ফসল উৎপাদনের অনুপযোগী। কখনোবা ঘেরের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে অল্প বৃষ্টিতে বন্যায় ভেসে যায় গ্রামের পর গ্রাম। সাতক্ষীরার শ্যামনগর, বাগেরহাট ও খুলনার কয়েকটি অঞ্চলের কৃষকের বিপন্ন জীবনের এ দুঃখগাথা নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র উপকূলের কান্না। ফিলিপ গাইনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত তথ্যচিত্রটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হলো গতকাল রোববার।
সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করে বেসরকারি সংস্থা সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)। একই আয়োজনে সেড থেকে প্রকাশিত বিপন্ন পরিবেশবিষয়ক তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এবং অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বইগুলো হলো শোরজ অব টিয়ার, বাংলাদেশ: ল্যান্ড, ফরেস্ট অ্যান্ড পিপল ও দি ইনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অব দি পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। উপকূলের নাকাল অবস্থা, বন ও বনচারী মানুষের অবস্থা ও সমস্যা নিয়ে নানা তথ্য-উপাত্ত, বিশ্লেষণ, প্রতিবেদন, আলোকচিত্র ও কাহিনি সন্নিবেশিত হয়েছে বই তিনটিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। বক্তব্য দেন ফিলিপ গাইন, হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক আনু মুহাম্মদ, খুশি কবীর, মানজারে হাসিন মুরাদ প্রমুখ। সভাপতিত্ব করেন সেডের চেয়ারম্যান অধ্যাপক সাখাওয়াত আলী খান।