তথ্যচিত্রে বাউলসম্রাট ও সুরসাধক
হাওরে নৌকা চলছে। নৌকার গলুইয়ে বাউলসম্রাট শাহ আবদুল করিমের শিষ্য বাউল আবদুর রহমান গাইছেন গুরুর লেখা ও সুর করা গান ‘প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে, কোন দেশে মোর বন্ধু গেল গো দাও না আমায় বলে’। গান শেষ হওয়ার পর পর্দায় একে একে ভেসে ওঠে বাউলসম্রাট শাহ আবদুল করিমের স্থিরচিত্র। নেপথ্যে আবদুল করিম খুব সাদাসিদেভাবে নিজেই বলছেন জীবনের নানা দিক সম্পর্কে। ‘আমার জন্ম তারিখ লিখিত নাই। ফাল্গুন মাসে আমাদের ধল গ্রামে একটি মেলা হত। ওই মেলার আগের দিন মঙ্গলবার আমার জন্ম। পিতা ইব্রাহীম আলী, মা নাইয়র জান।...’ শাহ আবদুল করিমের জীবন ও কর্ম নিয়ে নিরঞ্জন দে নির্মিত তথ্যচিত্র ‘কেমনে চিনিব তোমারে’-এর শুরুটা এমনই। গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ছিল এ তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী। এ ছাড়া এ দিন আরও প্রদর্শিত হয় সুরসাধক পণ্ডিত রামকানাই দাসের জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র ‘সুরের সাধক’। অনুষ্ঠান শুরু হয় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। রূপশ্রী চক্রবর্তীর নির্দেশনায় এতে অংশ নেন আরিফুজ্জামান ও অপর্ণা হাই। প্রদর্শনীর আগে ছিল আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নেন সৈয়দ শামসুল হক, করুণাময় গোস্বামী, মফিদুল হক, শুভেন্দু ইসলাম ও শাহ নূর জালাল। সভাপতিত্ব করেন তুষার কর। প্রদর্শনী শেষে ছিল সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন শাজাহান মোল্লা, সালমান জাহান ও বাউল আবদুর রহমান।