তথ্যচিত্রে মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে লোকগানের সম্রাজ্ঞী মমতাজ বেগম তথ্যচিত্রে অভিনয় করলেন। এ তথ্যচিত্রটির নাম ‘বন পোড়া হরিণী’। পাচার হওয়া নারীদের দুঃখকথা, তাঁদের পুনর্বাসন ও পাচার রোধে সমাজের সব মানুষের এক হওয়ার আহ্বান নিয়ে এটি নির্মিত হয়েছে। এ ছাড়া এতে কয়েকটি বাস্তব ঘটনাও অন্তর্ভুক্ত হয়েছে। মমতাজ বেগম তথ্যচিত্রটির মূল ভূমিকায় অভিনয় করেছেন।ছোটবেলায় এই শিল্পী তাঁর বাবার কাছে শুনেছিলেন, হারিয়ে যাওয়া এক মেয়ের গল্প। সেদিন মমতাজের বাবা মেয়েকে বলেছিলেন বড় হয়ে সে যেন এসব হারিয়ে যাওয়া মেয়েদের জন্য কিছু একটা করে। মমতাজও বড় হয়ে বাবার কথা মতো দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে খুঁজেছেন জীবনের স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলা সেই মেয়েদের। আর তাদের খুঁজতে গিয়েই অনুভব করেছেন ভাগ্য বিড়ম্বিত এসব মানুষের যন্ত্রণাগুলো। এ উপলব্ধি থেকেই তিনি গান বেঁধেছেন। বন পোড়া হরিণীতে এভাবেই দেখা যাবে মমতাজকে। মমতাজ ছাড়াও এতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, চাঁদনী প্রমুখ। এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন শংকর সাওজাল। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রযোজিত ‘বন পোড়া হরিণী’ সপ্তাহের মঙ্গল ও বুধবার এই দুইদিন স্যাটেলাইট চ্যানেল মাইটিভিতে প্রচারিত হবে।