তনুশ্রী পদক পেলেন অনিমেশ
প্রয়াত নাট্যকর্মীর স্মরণে ‘তনুশ্রী নাট্যপ্রাণ বন্দনা’র সঙ্গে নাচ দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। নাট্যশালার মূল মিলনায়তনের প্রবেশমুখে এই তরুণ নাট্যকর্মীর একটি স্কেচ দেখেই ভেতরে প্রবেশ করেছেন দর্শকেরা। সেখানে আরও বেশ কজন তরুণ শিল্পীর আলোকচিত্র। তাঁদের কেউ কেউ নাটকের অভিনেতা-অভিনেত্রী, কেউ বা লেখক। এঁরা সবাই বিগত দিনে তনুশ্রী পদক পেয়েছেন।
গতকাল সন্ধ্যায় ছিল নাট্যধারার ‘সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক’ প্রদানের ১৫তম আয়োজন। এ বছরের ‘সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক ২০১৫’ পেয়েছেন বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটারের কর্মী অনিমেশ সাহা। বড় পর্দায় এই তরুণের কাজ নিয়ে একটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শিত হয়। তাঁর হাতে পদক তুলে দেন আসাদুজ্জামান নূর। শুভেচ্ছা বক্তব্য দেন বিগত বছরের এই পদকপ্রাপ্ত রুমা মোদক। পদকপ্রাপ্তির অনুভূতি জানাতে এসে নিজের দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনিমেশ সাহা।
মাত্র ১৮ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত নাট্যকর্মী তনুশ্রী গায়েনের স্মৃতি ধরে রাখতে ২০০১ সালে এই পদক প্রবর্তন করে নাট্যধারা। এ বছর ১৫তম বারের মতো পদকটি দেওয়া হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার ও গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেজ। পদক প্রদানের আনুষ্ঠানিকতা শেষে দলটি তাদের আয়না বিবির পালা নাটকটির প্রদর্শনী করে।
প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, ‘সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ঢাকাকেন্দ্রিক হয়ে পড়ছে। সংস্কৃতিকর্মীদের উচিত ঢাকার বাইরেও তাঁদের কার্যক্রম শুরু করা। শিশুদের ভেতরকার সাংস্কৃতিক বোধকে জাগ্রত করার জন্য তাঁরা একটি করে স্কুল বেছে নিতে পারেন। সেসব স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুদের উচ্চারণ বা আবৃত্তি শেখাতে পারেন। কবিতা পড়াতে পারেন, কবিতার গভীরে প্রবেশে সাহায্য করতে পারেন।’