তন্ত্র-সাধক ডেমি মুর!
নিউ মেক্সিকোতে তন্ত্র সাধনায় অংশ নিলেন হলিউডের অভিনেত্রী ডেমি মুর। এ সাধনায় তিনি পাশে পেয়েছেন তাঁর মেয়ে অভিনেত্রী রুমার উইলিসকেও। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ‘টিএমজি’। ৫০ বছর বয়সী ডেমিকে যোগ ব্যায়ামের সঙ্গে পরিচিত করেছিলেন অভিনেতা রাসেল ব্র্যান্ড। সম্প্রতি নিউ মেক্সিকোর জেমেজ পার্বত্য এলাকায় কুণ্ডলিনী যোগ ব্যায়ামের প্রশিক্ষণ নিয়েছেন ডেমি ও তাঁর মেয়ে রুমার। ‘হোয়াইট তান্ত্রিক মেডিটেশন’ শীর্ষক কর্মশালায় অংশ নেওয়ার পর সনদও পেয়েছেন ডেমি। হলিউডে পড়ন্ত ক্যারিয়ারের কারণে তিনি নাকি যোগ ব্যায়াম প্রশিক্ষক হওয়ারও পরিকল্পনা করছেন। কুণ্ডলিনী তন্ত্রের সাধকরা বিশ্বাস করেন, মানুষকে তার অনুভূতি সম্পর্কে সচেতন করতে এবং অন্যের প্রতি বিশ্বস্ত হতে সাহায্য করে কুণ্ডলিনী যোগ ব্যায়াম। ধ্যানের মাধ্যমে অবচেতন মনের দেয়াল ভাঙতে শেখায় এই তন্ত্র। কুণ্ডলিনী ব্যায়াম চর্চা করলে মনের দাসত্ব থেকে মুক্তি মেলে। এই প্রক্রিয়ায় ১০ জন মানুষ চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় বৃত্তাকারে হাঁটতে থাকেন।