তন্ময় হয়ে শুনল সবাই নজরুলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টার মেলোডিজ, দ্য ডেইলি স্টার আয়োজিত নজরুলজয়ন্তী উপলক্ষে সংগীতানুষ্ঠানে গাইছেন সুবীর নন্দী l ছবি: প্রথম আলো
স্টার মেলোডিজ, দ্য ডেইলি স্টার আয়োজিত নজরুলজয়ন্তী উপলক্ষে সংগীতানুষ্ঠানে গাইছেন সুবীর নন্দী l ছবি: প্রথম আলো

নজরুলের খোঁজ কিছুতেই পাওয়া যাচ্ছিল না। পাতালপুরী চলচ্চিত্রের সংগীত পরিচালক তিনি। তাঁকে ছাড়া চলবে কী করে? কয়েক দিন পর খোঁজ মিলল, তিনি আছেন কলকাতার রাণীগঞ্জে। সেখানকার সাঁওতালদের সুর থেকে তিনি লিখলেন ঝুমুর অঙ্গের অনেকগুলো গান। তার মধ্যে একটি ছিল—‘ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে’।
ছন্দা চক্রবর্তী গানটি শেষ করার পর অনুষ্ঠানের সঞ্চালক শিল্পী সাদিয়া আফরিন মল্লিক জানালেন গানের পেছনের গল্পটি। দ্য ডেইলি স্টার-এর নিয়মিত আয়োজন স্টার মেলোডিজ। গতকাল সন্ধ্যায় এই আয়োজন ছিল নজরুলের কাব্যগীতি ও রাগাশ্রয়ী গান নিয়ে। উপলক্ষ—জাতীয় কবির ১১৭তম জন্মবার্ষিকী উদ্যাপন।
আয়োজনটিতে সহযোগিতা করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড ও চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি।
শুরু থেকেই একে একে পূর্ণ হতে থাকে এ এস মাহমুদ সেমিনার হলের বসার আসনগুলো। মেরুনরঙা শাড়ি পরিহিত মাঝবয়সী এক নারী বসে ছিলেন সামনের সারিতে। চোখ বন্ধ করে নজরুলের গান শুনছেন—‘নাইবা পেলাম আমার গলায়’। অন্যদের অবস্থাও তাঁরই মতো, তন্ময় হয়ে শুনছেন গান। আর একেকটি গান শেষে নিশ্চুপ হলজুড়ে তুমুল করতালি।
বৈঠকি এ আয়োজনে গান গাইলেন শিল্পী সুবীর নন্দী, ইয়াসমিন মুশতারী, শেখ জসীম, ছন্দা চক্রবর্তী ও প্রিয়াঙ্কা গোপ। তাঁরা একে একে গাইলেন—‘বুলবুলি নীরব নার্গিস বনে’, ‘মেঘের ডমরু ঘন বাজে’, ‘চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার’, ‘সন্ধ্যামালতী যবে ফুলবনে’। এ সময় যন্ত্রানুষঙ্গে ছিলেন শিল্পী অসিত বিশ্বাস, রিচার্ড কিশোর, বিশ্বজিৎ সরকার ও পার্থ প্রতিম আচার্য।
গানের এক ফাঁকে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা পাঠ করে শোনালেন কাজী মোতাহার হোসেনকে লেখা নজরুলের একটি চিঠি। ফজিলাতুন্নেসাকে হারানোর বেদনা থেকে প্রিয় ‘মতিহার’-এর কাছে নজরুল লিখেছিলেন এ চিঠি।