তপু ও তাঁর বন্ধুরা
‘বন্ধু আছে আর কী লাগে? আসলে কিছুই লাগে না। কী বলেন?’ নিজের ঘরে বসে আলাপের শুরুতে এটুকু বলেই তিনি গুনগুন করে গাইতে থাকলেন তাঁর গান, ‘পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছ ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। বন্ধু...।’ সংগীতশিল্পী তপুর সঙ্গে আড্ডায় ‘বন্ধু’ বলে যখন তিনি গানের সুরটি দীর্ঘ করছেন, তখন যেন মুহূর্তেই নস্যি হয়ে গেছে সবকিছু, বন্ধুত্বের উত্তাপ ছাড়া কিছু নেই আর এই ঘরে। ‘সবার কাছে আমি এখন তপু। কিন্তু আমার ক্যাডেট কলেজের বন্ধুদের কাছে আমার পরিচয় এখনো রাশেদ। ক্যাডেট নম্বর-৮৭২।’ তপুর কথায় এ মুহূর্তে আমরা পুরোপুরি ভ্যাবাচেকা খাই। সেটি বুঝতে পেরে বিষয়টি খোলাসা করলেন তিনিই। জানা গেল, তাঁর পুরো নাম রাশেদ উদ্দীন আহমেদ তপু। কিন্তু একদা বরিশাল ক্যাডেট কলেজের ছাত্র তপুর বন্ধুরা তাঁকে ডাকত নামের প্রথম অংশ ধরে, রাশেদ বলে। গোপনে এসব কথার গোমর ফাঁস করে হাসতে হাসতে তিনি এবার বললেন, ‘নামে কী আসে যায়? বন্ধুত্বই বড়।’গ্রামীণফোনের বিজ্ঞাপনের সুবাদে তপুর ‘বন্ধু’ গানটি এখন ভীষণ জনপ্রিয়। ২০১০ সালে নিজের দ্বিতীয় অ্যালবাম সে কে-তে প্রথম গানটি গেয়েছিলেন তিনি। বললেন, ‘বন্ধুদের মনে করেই গানটি লিখে তাতে সুর বসিয়েছিলাম। কত বন্ধুর মুখ আঁকা আছে এর মধ্যে—আরাফাত, সত্যেন, ইসলাম, আবু হনিফা, শরীফ, রনন, সামী, জিকো, মন্টি, রাসেল...গায়ক তপুর বন্ধুদের গল্প জানতেই তাঁর সঙ্গে এই আড্ডার মোলাকাত। এর মধ্যে নিজের বন্ধুদের অ্যালবাম বেশ ভালোভাবেই মেলে ধরেছেন তিনি। ‘আমার অনেক বন্ধু—পিচ্চিবেলা, ক্যাডেট কলেজ, পাড়াতো বন্ধু, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েছি, সেখানকার বন্ধু—কার কথা বলব?’সবার কথাই শুনতে চাই, জিজ্ঞাসার উত্তরে আমাদের এই টুকরো কথায় যেন একটু দম পেলেন তপু। সেই দম সম্বল করেই ফিরে গেলেন শৈশবে। এক টানে বললেন, ‘শৈশব কেটেছে কুমিল্লাতে। সেখানে আমার পিচ্চিকালের বন্ধু জয়তু ও মুন। আমার বাবা ছিলেন সেনা কর্মকর্তা। ওদের বাবাও তা-ই। থাকতাম ক্যান্টনমেন্ট এলাকায়। সেখানে আমাদের কীর্তির শেষ নেই। তখন আমরা রকিব হাসানের তিন গোয়েন্দা সিরিজের পোকা। এই সিরিজের প্রভাবে তিন বন্ধু মিলে একটি গোয়েন্দা বাহিনীও বানিয়েছিলাম। আমি ছিলাম তিন গোয়েন্দার কিশোর, মুন মুসা আর জয়তু হলো রবিন। অ্যাডভেঞ্চারের খোঁজে রোজ রোজ পাহাড়ে ওঠা ছিল নিয়মিত অভ্যাস। সাইকেলে করে ঘুরতাম এ গলি-ও গলি। তখন যাকেই দেখতাম, মনে হতো লোকটি ভয়ংকর সন্ত্রাসী—গুন্ডা, হা হা হা...।’ হাসতে হাসতে অট্টহাসিতে ফেটে পড়তে গিয়ে হঠাৎ এখন বিষণ্ন তপু, ‘ছেলেবেলার বন্ধু জয়তুকে হারিয়ে ফেলেছি আমি। ও আমার হারানো বন্ধুদের একজন। জানি না এখন কোথায় আছে সে।’ তাঁর কণ্ঠে চোরা দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হলো যখন বললেন রননের কথা। বারিধারার ডিওএইচএসে তাঁর পাড়াতো বন্ধু রনন। ‘কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে।’—বলতে বলতে বললেন, ‘এত দ্রুতগতিতে গাড়ি চালাতে পারত রনন...ওটাই কাল হলো।’ দীর্ঘশ্বাস উজিয়ে এবার ফিরে এলাম তপুর ক্যাডেট কলেজজীবনে। এখানেও তো অঢেল বন্ধু তাঁর। স্মৃতি হাতড়াচ্ছেন তিনি। মাঝখানে উঠে গিয়ে নিয়ে এলেন কলেজজীবনে লেখা ডায়েরি। পুরোনো সেই ডায়েরিতে সাজানো আছে তাঁর বন্ধুদের নানা কাহিনি। এ সময় ছবির অ্যালবামে আরও দেখা গেল বন্ধুদের সঙ্গে ক্যাডেটের খাকি পোশাক পরা অন্য এক তপুকে। এবার তপু কি একটু বেশি স্মৃতিকাতর, ‘ক্যাডেট কলেজে আমার বন্ধুরা ছিল একেকটা বিচ্ছু্। ওদের মধ্যে আমিই গোবেচারা টাইপের। আমাদের শরীফ, ওকে ডাকতাম “শরীফ বদমাশ” বলে। কারণ, সে ছিল দুষ্টের শিরোমণি। রাতের বেলা চুপিসারে ডাব চুরি...এসব ভোলা যাবে না।’মাধ্যমিক পরীক্ষায় স্ট্যান্ড করার পর বাবার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন একটি গিটার। এর পর থেকেই তাঁর গায়ক হয়ে ওঠা। উচ্চমাধ্যমিকের পর ক্যাডেট কলেজ পেরিয়ে ভর্তি হলেন নর্থ সাউথ ইউনিভার্সিটেতে। এবার তপুর কণ্ঠে বিশ্ববিদ্যালয়-জীবনের বন্ধুদের গল্প, ‘বিশ্ববিদ্যালয়ে একজন বন্ধু পেয়েছি, সামী। ও আমার সবচেয়ে জানি দোস্ত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে আমাদের ৩০ জনের একটা দল ছিল।’ একে একে সব বন্ধুর গল্প বলে চলেছেন তপু। তাঁকে থামিয়ে বললাম, বন্ধুদের কি আগের মতো সময় দিতে পারেন, আপনার প্রতি বন্ধুদের কোনো অভিমান নেই? ‘আছে, গায়ক হয়ে আমি এখন অনেকটা অসামাজিক হয়ে গেছি। বন্ধুদের আর আগের মতো সময় দিতে পারি না’, অকপট স্বীকারোক্তি তপুর। সঙ্গে সঙ্গে এক অভিমানী বন্ধুর গল্পও বললেন, ‘কয়েক বছর আগে তেজগাঁওয়ের আড়ংয়ে গেছি কেনাকাটা করতে। ওখানে পেলাম এক বন্ধুকে। আমার ওই বন্ধুটি পরপর বেশ কয়েকটি গেট টুগেদারে ডেকেছিল আমাকে। সময়ের অভাবে যেতে পারিনি। এমনকি ওর ফোনও কেন যেন ধরা হয়নি। এবার সে সুযোগ পেয়েছে, আমাকে চিনেও কথা বলছে না। তাই নিজেই ওর কাছে গিয়ে বললাম, “কেমন আছিস দোস্ত?” সে বলল, “তুই কে? তোকে আমি চিনি না”, একেই বলে অভিমান!’ ২.গল্পে গল্পে ভেসে উঠছে তপুর অসংখ্য বন্ধুর মুখ। আর স্মৃতির তাড়নায় অনবরত বন্ধু ও বন্ধুতার কথা বলে যাচ্ছেন তিনি। আড্ডার শেষ বেলায় আমাদের খানিকটা দায়ী করেই বললেন, ‘বন্ধুবান্ধবের কথা তুলে আমাকে তো স্মৃতিকাতর করে দিলেন! এখন কী হবে?’ তপুর এ প্রশ্নে শেষমেশ তপুর গান আমাদের কণ্ঠে, ‘বলি, বন্ধু আছে, আর কী লাগে