তপুর আংটিবদল
২৪ আগস্ট আংটিবদলের কাজ সারছেন তরুণ কণ্ঠশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু। একেবারে পারিবারিকভাবেই আংটিবদলের কাজটি সারবেন তিনি। এতে উভয় পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন তপু নিজেই। আর সেদিনই মূলত চূড়ান্ত হবে কবেনাগাদ দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। তপুর হবু স্ত্রী নাজিবা সেলিম। পড়ছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।আংটিবদল প্রসঙ্গে তপু বলেন, ‘তিন বছর ধরেই আমরা একে অপরকে চিনি। পরস্পরের ভালো লাগাকে উভয় পরিবার মেনে নিয়েছেন—এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। আর তাই এ মুহূর্তে পারিবারিকভাবেই আংটিবদলের সিদ্ধান্তটা নিয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন সবকিছুই ভালোভাবে সম্পন্ন হয়।’২০০৭ সালের শেষ দিকে ‘এক পায়ে নূপুর আমার অন্য পা খালি’ গানটি দিয়ে সংগীত জগতে খুব অল্প সময়ে জনপ্রিয় তারকায় পরিণত হন তপু। এসেছে দুটি একক গানের অ্যালবামও। তাঁর সর্বশেষ অ্যালবামের নাম ‘সে কে’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন তপু। এবারই প্রথমবারের মতো জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের সুরে মিশ্র অ্যালবাম ‘অপরাজিতা’য় তপু একটি গান গেয়েছেন। অ্যালবামটি জি-সিরিজের ব্যানারে ঈদে বাজারে আসবে। পাশাপাশি বর্তমানে চলছে তাঁর আরেকটি একক অ্যালবামের কাজ; যেটি আগামী বছরে প্রকাশিত হবে বলে জানান তপু।