তপুর বিয়ে
কথা ছিল আজ ২৪ আগস্ট শুক্রবার নাজিবা সেলিমের সঙ্গে আংটি বদলের কাজ সারবেন তরুণ কণ্ঠশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু। কিন্তু না, শেষ পর্যন্ত বিয়ের কাজটিই সেরে ফেলবেন তিনি। তবে আগামী বছরের শুরুর দিকের কোনো একটা সময় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাজিবাকে ঘরে তুলবেন তপু। এতে উভয় পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন তপু নিজেই। তপুর হবু স্ত্রী নাজিবা সেলিম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।বিয়ে প্রসঙ্গে তপু বলেন, ‘তিন বছর ধরেই আমরা একে অপরকে চিনি। পরস্পরের ভালো লাগাকে উভয় পরিবার মেনে নিয়েছে—এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। প্রথমদিকে আংটি বদলের সিদ্ধান্ত নিলেও পরে উভয় পরিবারের আলোচনার পরিপ্রেক্ষিতে বিয়ের সিদ্ধান্তটাই নিতে হয়েছে। নতুন জীবন শুরুর এই মুহূর্তে সবার কাছে দোয়া চাই, যেন সবকিছুই ভালোভাবে সম্পন্ন হয়।’২০০৭ সালের শেষ দিকে ‘এক পায়ে নূপুর আমার অন্য পা খালি’ গানটি দিয়ে সংগীতজগতে খুব অল্প সময়ে জনপ্রিয় তারকায় পরিণত হন তপু। এসেছে দুটি একক গানের অ্যালবামও। তাঁর সর্বশেষ অ্যালবামের নাম ‘সে কে’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন তপু। এবারের ঈদে প্রথমবারের মতো জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের সুরে মিশ্র অ্যালবাম ‘অপরাজিতা’য় তপু একটি গান গেয়েছেন। পাশাপাশি বর্তমানে চলছে তাঁর আরেকটি একক অ্যালবামের কাজ; যেটি আগামী বছর প্রকাশিত হবে বলে জানান তপু।