তবলা বাজানোর 'চেষ্টা' করছেন নাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর নাকিবুল ইসলাম।
মীর নাকিবুল ইসলাম।

একজন সাধারণ মানুষ ও একজন সংগীতকারের মধ্যে পার্থক্য হলো কেবল একজন গুরুর। মীর নাকিবুল ইসলাম একদিকে যেমন বলছিলেন কথাটি, তেমনি তাঁর তবলাবাদনও বলে দিচ্ছিল, গুরুর শিক্ষায় ২০ বছরে তাঁর কী পরিবর্তন হয়েছে। চোখ-মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল, তবলা বাজিয়ে আনন্দ পাচ্ছিলেন নাকিব।

গতকাল সন্ধ্যায় ধানমন্ডির ইএমকে সেন্টারে একক তবলা বাজাচ্ছিলেন নাকিব। এ সময় হারমোনিয়ামে ছিলেন তামনিয়া ইসলাম এবং এসরাজে ছিলেন অসিত বিশ্বাস। ইএমকে হ্যাপি আওয়ার প্রযোজিত প্রায় দেড় ঘণ্টার অনুষ্ঠানটির নাম ছিল ‘এ জার্নি অব বিট্স’।

প্রথমে শ্রোতাদের উদ্দেশে ‘পেশকার’ বাজালেন নাকিব। শাস্ত্রীয় সংগীতের তবলাবাদনে এটিই প্রথম বাজানো হয়। এ সময় তামনিয়া বাজাচ্ছিলেন রাগ চারুকেশী। নাকিব বললেন, ‘আগেকার দিনে রাজা-বাদশাদের উদ্দেশে তবলা বাজানো হতো। এখন তো তাঁরা নেই, তবে আপনারা আছেন। আপনাদের সম্মানার্থেই বাজানো।’

কয়েকটি ‘গৎ’ ও ‘কায়দা’র পর নাকিব বাজালেন চারটি ‘রেলা’। এ প্রসঙ্গে নাকিব বলেন, ‘গৎ’, ‘কায়দা’ যদি হয় বিন্দু, তবে ‘রেলা’ হলো একটি রেখা। নাকিবের বাজানো চারটি রেলার মধ্যে দুটিই তাঁর গুরু অশোক পালের কম্পোজিশন।


ফারুখাবাদ ঘরানার শিল্পী নাকিব গত ১৪ বছর ধরে শিখছেন অশোক পালের কাছেই। শ্রোতাদের সারিতেই তিনি বসে ছিলেন। শিষ্যের তবলাবাদনে কখনো তাল ধরছিলেন, কখনো তালি দিচ্ছিলেন। নাকিব মাঝে মাঝেই গুরুর দিকে তাকিয়ে বুঝে নিচ্ছিলেন, ঠিক হচ্ছে কিনা।

‘রেলা’র পর নাকিব তাঁর বড় গুরুজি পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের বেশ কিছু কম্পোজিশন বাজালেন। এর একটিতে পাখোয়াজের বোল তবলাতে বাজান নাকিব। ‘বেনারস’ ঘরানার গুরু পণ্ডিত গোপাল মিশ্রের কাছে প্রথম শেখা কিছু বোলও এই শিল্পী বাজিয়ে শোনান। এ ছাড়াও ছিল তাঁর নিজের কিছু কম্পোজিশন।

শিল্পী নিজেকে সৌভাগ্যবান মনে করেন পণ্ডিত সুরেশ তাওয়ালকারের মতো গুরু তিনি পেয়েছেন বলে। গুরু হিসেবে নাকিব আরও পেয়েছিলেন মদন গোপাল দাশকে।

তাঁর গুরুদের প্রসঙ্গে নাকিব বলেন, ‘আমাদের বড় ওস্তাদ-পণ্ডিতেরা যে তবলা বাজিয়েছেন, তার পরে আমরা কেবল ‘চেষ্টা’ করছি। তবলা বাজাতে এখনো অনেক সাধনা করতে হবে।’​