পরস্পরের সঙ্গে কুশল বিনিময় দেখেই বোঝা যাচ্ছিল, তবলা শুনতে আসা অভ্যাগতদের বেশির ভাগই একে অন্যের পরিচিত। তারা বেঙ্গল গ্যালারির নিয়মিত দর্শক-শ্রোতা। মেঝেতে বসার ব্যবস্থা থাকায় অনুষ্ঠানে একধরনের ঘরোয়া আবহ বিরাজ করছিল, যেন বন্ধুরা মিলে আসর জমিয়েছে।বেঙ্গল ফাউন্ডেশন প্রায় কুড়ি বছর ধরে সংগীতের প্রচার-প্রসারে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ‘ঐতিহ্যের সড়কে’ নামে চলছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। গতকাল সোমবার প্রথম দিন ছিল পণ্ডিত সমর সাহার একক তবলা লহরা পরিবেশনা। সমর সাহা প্রথমে তিন তালের একটি কায়দা ‘ধাধা তেরেকেটে ধাধা তুনা’, যা সাধারণত তবলা শিক্ষাজীবনের শুরুতে তালিম দেওয়া হয়, সেটা বাজিয়ে শোনান। পর্যায়ক্রমে বিভিন্ন কায়দা, গৎ, চক্রধার, তেহাই এবং কায়দা অন্তক্ষ্মরী পরিবেশনা করে মুগ্ধ করেন শ্রোতাদের।সমর সাহার জন্ম কলকাতায় । তিনি বাবা সুধাংশু ভূষণ সাহা ও ভাই তরক সাহার কাছে সংগীতচর্চা শুরু করেন। পরিণত বয়সে তিনিই হয়ে ওঠেন ভারতের শীর্ষস্থানীয় তবলাবাদকদের অন্যতম একজন। ভারতের রেডিও-টিভিতে নিয়মিত বাজান তিনি। তবে শুধু ভারতে নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ বিশ্বের বহু দেশে তিনি তবলা বাজিয়ে শ্রোতাদের বিমোহিত করেছেন। স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন শ্রোতাদের মনে। গতকালও এই ধারা অব্যাহত ছিল। আজ দ্বিতীয় দিন মঙ্গলবার শিল্পী কিরণ চন্দ্র রায়ের কণ্ঠে ধারণকৃত লোকগানের অ্যালবাম মনে কি পড়ে না পথিক-এর প্রকাশনা অনুষ্ঠান। সিডির মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট সংগীতব্যক্তিত্ব সুধীন দাশ। আগামীকাল বুধবার তৃতীয় দিনে ‘প্রাণের খেলা’ নামের গানের আসরে গান শোনাবেন শিল্পী শাম্মী আখতার এবং প্রতিভা শহিদ কবির।বাংলা একাডেমীতে কর্মশালাবাংলা একাডেমীতে গতকাল ‘উচ্চ শিক্ষাস্তরে বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন : সমস্যা ও উত্তরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এ এম হারুন অর রশীদ। অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনা করেন একাডেমীর পাঠ্যপুস্তক বিভাগের পরিচালক আবদুল ওয়াহাব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমীর ভারপ্রাপ্ত সচিব অপরেশ কুমার ব্যানার্জি, পরিচালক আবদুল হাই, শাহিদা খাতুন, উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ প্রমুখ। কর্মশালায় মুক্ত আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাংলা একাডেমীর পাঠ্যপুস্তক বিভাগ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যসূচির অনুসরণে পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রকাশ করে শিক্ষার উচ্চস্তরে বাংলা ভাষায় রচিত গ্রন্থের চাহিদা অনেকাংশে পূরণ করে আসছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের গৃহীত কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানের নতুন নতুন তথ্য-তত্ত্বসংবলিত আধুনিক ও মানসম্মত গ্রন্থ প্রণয়ন ও প্রকাশের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেন তাঁরা।এশিয়াটিক সোসাইটিতে ‘সবুজের আবাহন’‘নাগরিক ব্যস্ততা আর যানজটের কারণে ইচ্ছে থাকলেও সব সময় প্রদর্শনীতে আসতে পারি না। তবে পরিকল্পিতভাবে সময় বের করে বিশেষ আগ্রহ নিয়ে এসেছি এখানে। আমি চিত্রকর্ম তেমন একটা বুঝি না। অনেক সময়ই চিত্রকর্মের বিষয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি না। কিন্তু এটি একটি ব্যতিক্রমী প্রদর্শনী। আমি যেসব বিষয় নিয়ে কাজ করি, এই প্রদর্শনীর চিত্রকর্মগুলোতে শিল্পী সেসব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তাই ভালো লাগছে।’ এশিয়াটিক সোসাইটির গ্যালারি ঘুরে এভাবেই মন্তব্য করলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা বিভাগের শিক্ষার্থী ফারহান রহিম।এশিয়াটিক সোসাইটি গ্যালারিতে গত শুক্রবার থেকে শুরু হয়েছে স্বাধীনতা চারুশিল্পী সংসদ আয়োজিত তরুণ শিল্পীদের ‘সবুজের আবাহন’ শীর্ষক প্রদর্শনী। সেই প্রদর্শনী দেখতে এসেছেন ফারহান। প্রদর্শনীতে নানা ধরনের শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে অ্যাক্রেলিক ও তেল রং মাধ্যমে আঁকা ২১ জন শিল্পীর ৪২টি শিল্পকর্ম। মানুষ, ফুল, পাখি, গাছ, প্রকৃতি, নদী, নৌকা, নদীর দুই পাড়ে হাওয়ায় দোল খাওয়া কাশবন কিংবা নদী-তীরবর্তী লোকজীবন। সাধারণ বিষয় থেকে উঁচুমানের শিল্প, মূর্তের মধ্যে বিমূর্ত কিংবা অভিব্যক্তিবাদী প্রকাশভঙ্গির মধ্য দিয়ে রংতুলির অসাধারণ খেলায় তরুণ শিল্পীদের ক্যানভাস মুখর হয়ে উঠেছে।সংসদ গত ১১ জুন সাভারে পরমাণু শক্তি গবেষণাকেন্দ্রের দিনব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ক্যাম্পের ছবিগুলো নিয়েই এই প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনী চলবে ১ জুলাই পর্যন্ত।