তবলায় তন্ময়
পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলি খানের সঙ্গে তবলা সংগত করেন তিনি। কলকাতায় নিজের দল তালতন্ত্রও বিখ্যাত। আর তন্ময় বোস নিজে তো বিখ্যাত তবলা বাদিয়ে। সম্প্রতি তিনি এসেছিলেন ঢাকায়। তন্ময় বোসের সঙ্গে হরেক রকম কথা হয় আনুশেহ আর বুনোর স্টুডিওতে বসে কাজের ফাঁকে ফাঁকে তাঁর কাজ আর গান-বাজনা নিয়েশুরুটা কীভাবে?মা গান করতেন। লয় ঠিক রাখার জন্য মায়ের সঙ্গে সংগত করতাম আর এক-আধটু গাইতামও। গলায় সমস্যা হলো। তারপর হারমোনিয়াম শেখা শুরু করলাম। কানাই দত্তের কাছে বাবাই প্রথম নিয়ে গেলেন। তখন আমি খুব ছোট। কানাই দত্ত ছিলেন ফারুখাবাদ ঘরানার বাজিয়ে। ১৯৭৪ সালে গুরুজি মারা যাওয়ার পর শংকর ঘোষের কাছে আমার আসল তালিম শুরু হলো। গুরুজি আমাকে বললেন, হারমোনিয়াম-তবলার যেকোনো একটা বেছে নিতে। ঠিক করলাম, তবলাটাই শিখব ভালো করে।আপনি খুব অল্প বয়সে মেহফিলে বাজানো শুরু করেন?১৭-১৮ বছর বয়স থেকেই ছোট ছোট মেহফিলে বাজাতে শুরু করি। শিশির কণা ধর চৌধুরীর সঙ্গে বাজাতাম। আমার গুরুমা সংযুক্তা ঘোষের গুরু ছিলেন মুনাব্বার খাঁ সাহেব। কলকাতা সংগীত সম্মেলনে খাঁ সাহেব আমার বাজানো শুনে আমাকে ডেকে পাঠালেন। এরপর তাঁর সঙ্গেই চার-পাঁচ বছর গোটা ইন্ডিয়াতে ঘুরেছি। প্রথম বিদেশও গেলাম তাঁর সঙ্গে। তখন আমাদের সমসাময়িক অনেকের সঙ্গে বাজিয়েছি; যেমন রশিদ খাঁ, তেজেন্দ্র নারায়ণ। প্রখ্যাত বেহালাবাদক ভিজি যোগের সঙ্গেও বাজিয়েছি।ওস্তাদ আমজাদ আলি খানের সঙ্গে যোগাযোগ...১৯৮৬-৮৭ সালের কথা। একটা সম্মেলনে আমি ওস্তাদজিকে গিয়ে বললাম, আপনাকে বাজিয়ে শোনাতে চাই। তিনি বললেন দিল্লিতে গিয়ে শোনাতে। চলে গেলাম দিল্লি। তখন থেকে আজ অবধি ওস্তাদজি আর কাকিমা আমাকে ছেলের মতো স্নেহ করেন।আর পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে...সে এক মজার গল্প। ১৯৯৭ সালে তিনি শান্তিনিকেতনের গৌরপ্রাঙ্গণে বাজাতে এসেছিলেন। এর আগে আমি বেশ কয়েকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারিনি। সেবার তিনি নিজেই আমার বাড়িতে ফোন করলেন। ফোনটা ধরে আমার মা ভেবেছিলেন আমার কোনো বন্ধু রসিকতা করছে। প্রথমে মা ফোনটা রেখেই দিলেন। তারপর আবার ফোনটা বেজে উঠলে মা বললেন আমাকে ধরতে। ফোন ধরে তো আমার কাঁপাকাঁপি অবস্থা। গুরুজি একসঙ্গে যুগল তবলালিয়ার সূচনা করতে চাইছিলেন। তাঁর সঙ্গে তখন আমার গুরুভাই বিক্রম ঘোষ বাজাতেন। কাজেই তাঁর সঙ্গে আমার সংগত করতে কোনো সমস্যাই হয়নি। ২০০২ সালে বিক্রমদা পণ্ডিতজির সঙ্গে সংগত করা ছেড়ে দিলেও আমি এখনো বাজিয়ে যাচ্ছি। বড় মাপের গুণী শিল্পীর সঙ্গে সংগত করাটাও দারুণ এক অভিজ্ঞতা। অনেক কিছু শেখার-জানার সুযোগ ঘটে। একবার লন্ডনে সেন্ট জেমস কোর্ট প্যালেসে রবিশঙ্করজির সঙ্গে বাজাচ্ছি। পণ্ডিতজি একক অংশ বাজাতে বললেন। প্রথমটায় কোনো তালি পড়েনি। পণ্ডিতজি বললেন আবার বাজাতে, এবার বায়ার ব্যবহার করে। তারপর তালি পড়ল। শিখলাম, কীভাবে সাসপেন্স তৈরি করতে হয়। ওস্তাদজি আর পণ্ডিতজির কাছে তাল-লয়ের কত যে হিসাব শিখেছি, তার কোনো লেখাজোখা নেই।আপনার নিরীক্ষাধর্মী গ্রুপ তালতন্ত্র। এখন আবার বাউলদের নিয়ে কাজ করছেন। কেমন করে লোকসংগীত আর বাংলার বাউল নিয়ে কাজ করার কথা আপনার মাথায় এল?২০০৪ সালে কলকাতা জ্যাজ উৎসবে আনুশেহর গান শুনে ভালো লাগল। বাংলাদেশের বাউলদের শোনার সৌভাগ্য হলো। আনুশেহ-বুনোর ‘বাংলা’র মতো ব্যান্ডের মাধ্যমে নতুন প্রজন্ম লোকসংগীত শুনছে, সেটা একটা চমৎকার ব্যাপার। বাউলদের একসঙ্গে অনুষ্ঠান করলে ব্যান্ডের পাশাপাশি বাউলদের গাইবার সুযোগ হবে আর তরুণ প্রজন্মেরও আমাদের লোকসংগীত সম্পর্কে ধারণা হবে। সেই ভাবনা থেকেই ২০০৬ সালে বাউল অ্যান্ড বিয়ন্ডস নামের ধারাবাহিক অনুষ্ঠান শুরু করলাম। কাঙালিনী সুফিয়া, রব ফকির, শফী মণ্ডল—এঁরা সব অসাধারণ শিল্পী অথচ অনুষ্ঠান করার সুযোগ পান না, কষ্টে জীবন যাপন করেন। আমাদের ওখানে এ রকম গুণী শিল্পীদের সরকার ও বড় প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষকতা করে। আমাদের মূলধারার দুই সংগীত—উচ্চাঙ্গ ও লোকসংগীত সম্পর্কে ধারণা থেকে বঞ্চিত হলে তরুণ প্রজন্মেরই ক্ষতি। ইতিহাসও তা-ই বলে। হাউলিং উলফ, মাডি ওয়াটার এ রকম ইংলিশ ব্লজ গ্রুপের অবস্থাও বাউলদের মতো। বিটলস, রোলিং স্টোনের মতো রক ব্যান্ডগুলো যখন তাদের গান করা শুরু করল, তখন আমেরিকাতে এদের কদর বাড়ল। বাংলাদেশের তরুণ প্রজন্ম...দারুণ সব প্রতিভা আছে এখানে। কিন্তু শেখার সুযোগ কম তাদের। অনেক ভালো কাজ হচ্ছে এখন। আরও ভালো কাজ হওয়া সম্ভব। কলকাতার ১০ জন গুণী মানুষের মধ্যে সাতজনই এই বাংলার—বলেই আবার ব্যস্ত হয়ে গেলেন কাজপাগল ও তুমুল আড্ডাবাজ তন্ময়দা।