তবলায় তেরে কেটে তাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলন ভট্টাচার্য। ছবি: খালেদ সরকার
মিলন ভট্টাচার্য। ছবি: খালেদ সরকার

চট্টগ্রামের দেওয়ান বাজার ভট্টাচার্যি বাড়িতে দুর্গাপূজায় ঢাকের বাজনা হতো। সেই ঢাকের ছন্দে বাড়ির ছোট্ট মিলনের সেকি নাচ! কখনো কখনো নাচতে নাচতে জ্ঞান হারিয়ে ফেলত সে। ঢাক-ঢোলের সেই বোল আর ছন্দ তার মনে এমন ভাবে গেঁথে গেল যে, বাড়ির হাঁড়ি-পাতিল, কাঁসার থালা—সামনে যেটাই পড়ত, সেটাই তুলে নিয়ে বাজিয়ে পুরো বাড়ি গরম করে রাখত। বড় দুই বোন নীলিমা আর প্রতিমা ভট্টাচার্য গান করতেন। বাবা চাইলেন, মিলনও গান করুক। কিন্তু বাদ সাধলেন মিলনের দাদু। বললেন, ‘ওর যেহেতু রিদমে বেশি আগ্রহ, তাই ওকে তবলা শিখতে দে।’ নিজের তবলা সেট নাতির হাতে তুলে দিলেন। বাড়িতে শিক্ষক রাখা হলো। পাঁচ বছর বয়সে শুরু হলো মিলনের তবলা শেখা। দাদুর সেই তবলায় প্রথম হাতেখড়ি।
বাংলাদেশে তবলার অনন্য শিল্পী মিলন ভট্টাচার্য। কথা হচ্ছিল গুণী এই তবলাশিল্পীর সঙ্গে। স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘আমার প্রথম গুরু ছিলেন ওস্তাদ কানাই লাল দাস। তাঁর কাছে দীর্ঘ ১৯ বছর আমি তবলার তালিম নিই। ১৯৬২ সালে চট্টগ্রামে ছোটদের তবলার লহড়ার একটি প্রতিযোগিতা হয়। মাস্টার মশাইয়ের চার ছাত্র সেখানে অংশগ্রহণ করে। তাদের মধ্যে আমি একজন। প্রতিযোগিতায় কাঞ্চন (মাস্টারমশাইয়ের ছাত্র) প্রথম হয় আর আমি দ্বিতীয় হই। তখন থেকেই আমি আমার দিদিদের সঙ্গে মঞ্চে বাজানো শুরু করি।’
১৯৬৪ সাল থেকেই চট্টগ্রাম বেতারে ছোট্ট মিলন ভট্টাচার্য তবলার লহড়া (একক পরিবেশনা) বাজাতে শুরু করেন। প্রথম মঞ্চে বাজান ১৯৬৫ সালে, চট্টগ্রাম ওয়াজিউল্লাহ ইনস্টিটিউটে; তাঁর দিদি প্রতিমা ভট্টাচার্যের সঙ্গে। বোনের পর চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী দম্পতি এ কে মান্নান আর জুলিয়া মান্নানের সঙ্গে প্রথম মঞ্চে বাজান তিনি। পাশাপাশি মঞ্চনাটকের আবহ সংগীতে তবলা বাজাতেন।
১৯৭৩ সালে প্রথম ঢাকায় আসেন মিলন ভট্টাচার্য। বললেন, ‘চট্টগ্রামের একটা অনুষ্ঠানে প্রথম আমার বাজনা শোনেন চলচ্চিত্রনির্মাতা আজমল হুদা মিঠু। তিনিই আমাকে ঢাকা নিয়ে আসেন। প্রথম বাজাই বাংলাদেশ টেলিভিশনে। শিল্পী ছিলেন মাহমুদুন নবী ও সাবিনা ইয়াসমীন। এরপর বাজাই আঞ্জুমান আরা বেগম ও আনোয়ার উদ্দিন খানের সঙ্গে। তখন বিটিভির অফিস ছিল ডিআইটি বিল্ডিংয়ে।’
চলচ্চিত্রে বশির আহমেদের সংগীত পরিচালনায় প্রথম বাজান বর্গি এল দেশে ছবির গানে।
মিলন ভট্টাচার্য বলেন, ‘ওই ছবির ১০টি গান বাজিয়ে রাতে যখন নারায়ণগঞ্জে সুরকার রাজা হোসেন খানের বাড়িতে যাচ্ছি, তখন সড়ক দুর্ঘটনায় আহত হই। প্রায় তিন মাস আর কাজ করতে পারিনি।’
১৯৭৪ সালে আলী হোসেনের সংগীত পরিচালনায় আজমল হুদা মিঠুর একটি ছবিতে আবার কাজ করেন। এরপর ধীরে ধীরে চলচ্চিত্রে নিয়মিত হয়ে যান এই গুণী তবলাশিল্পী। সত্য সাহার অশিক্ষিত, ছুটির ঘণ্টা, সমাধিসহ সব ছবিতে তিনি বাজিয়েছেন। পাশাপাশি সুবল দাস, খোন্দকার নূরুল আলম, আলাউদ্দিন আলী, আলম খানসহ আরও অনেক সংগীত পরিচালকের ছবিতেই তিনি বাজিয়েছেন।
১৯৭৯ সাল থেকে শুরু করে বরেণ্য শিল্পী রুনা লায়লার সঙ্গে দেশে ও প্রবাসে মঞ্চে বাজাচ্ছেন এখন অবধি। মঞ্চে সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দীসহ দেশবরেণ্য সব শিল্পীর সঙ্গে মঞ্চে বাজিয়েছেন।
তাঁর অসংখ্য তবলার ছাত্র রয়েছে। বললেন, ‘অনেকেই আসে, এক বছর, ছয় মাস শিখে আর আসে না। তারপরও আমি শেখাচ্ছি।’
ডেইলি স্টার পত্রিকার একটি অনুষ্ঠানে তাঁর নেতৃত্বে ৪০ জন তবলাশিল্পী নিয়ে একটি তবলার লহড়া করেছিলেন। তাঁর কাছে ওই পরিবেশনাটা আলাদা করে বলার মতো। স্ত্রী লাকি ভট্টাচার্য বিয়ের আগে সেতার বাজাতেন। তবে ঘর সামলাতে গিয়ে সেই প্রতিভা আঁধারেই চাপা পড়েছে। এমবিএ করা তাঁর একমাত্র কন্যা প্রথমা ভট্টাচার্য ভালো নাচিয়ে। ভরতনাট্যমে তালিম নিয়েছেন শুক্লা সরকারের কাছে।
একমাত্র পুত্র অমিতাভ ভট্টাচার্য আইইউবিতে এমবিএ পড়ছে। বাবার কাছেই তবলায় তালিম নিয়েছেন। ক্ল্যাসিক্যাল বাজানোর চর্চাটা এখনো বাড়ি পর্যন্ত। বাইরে কারও সঙ্গে বাজানোর অনুমতি এখনো মেলেনি।
বাবা মিলন ভট্টাচার্য বলেন, ‘ছেলে আগে পড়াশোনা শেষ করুক। তারপর এ নিয়ে ভাবা যাবে।’