২৪ মে চিত্রগ্রাহক ও পরিচালক বেবী ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আনন্দের এই নিবেদনআন্তর্জাতিক মানের চিত্রগ্রাহক ও পরিচালক বেবী ইসলাম ২০১০ সালের ২৪ মে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। আমাদের দেশে হাতেগোনা যে কয়টি আন্তর্জাতিক মানের ফটোগ্রাফির চলচ্চিত্র নির্মিত হয়েছে, তার মধ্যে বেবী ইসলামের চিত্রগ্রহণে তানহা ও সোয়ে নদীয়া জাগে পানি অন্যতম। বৈরুতসহ বেশ কয়েকটি দেশে তানহা চলচ্চিত্রটি পুরস্কার ও প্রশংসা অর্জন করে।১৯২৭ সালের ২৪ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে বেবী ইসলামের (আনোয়ারুল ইসলাম) জন্ম। তাঁর মামা মেজবাহ উদ্দিন ছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক ও পরিচালক অজয় করের বাল্যবন্ধু। সেই সুবাদে কর বাবুর সঙ্গে পরিচয়। তাঁর ষষ্ঠ সহকারী হিসেবে ১৯৪৭ সালের ১৭ ডিসেম্বর যোগ দেন সহকারী চিত্রগ্রাহক হিসেবে ভুলি নাই চলচ্চিত্রের ইউনিটে। এ চলচ্চিত্রের পরিচালক হেমেন গুপ্ত। প্রখ্যাত সংগীতপরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের সংগীত পরিচালায় প্রথম ছবি ছিল ভুলি নাই। শিক্ষানবিশ সময়ে কোনো পারিশ্রমিক ও খাবার দেওয়া হতো না। একই বছর যে নদী মরু পথে নামক চলচ্চিত্রের কাজ করেন অজয় করের পরিচালনায়। চলচ্চিত্রটি মুক্তি পায়নি নানা কারণে। ১৯৫০ সালের ৬ জানুয়ারি মায়ের মৃত্যুর পর ১৯৫২ সালে ৪০ টাকা মাসিক বেতনে দ্বিতীয় সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন।এরপর শ্রীমতী পিকচার্সের (কানন দেবীর প্রযোজনা প্রতিষ্ঠান) প্রণব রায়েরঅনুরাধা (শিল্পী কানন দেবী ও জহর গাঙ্গুলি) এবং অজয় করের পরিচালনায় অনন্যা, বামুনের মেয়ে ও মেজদিদি নামক তিনটি চলচ্চিত্রে কাজ করেন। অজয় কর এই তিন ছবি পরিচালনা করেন সব্যসাচী নাম দিয়ে। সত্যেন বোসের বরযাত্রী পরিবর্তন এবং কর বাবুর পরিচালনায় পরেশ চলচ্চিত্রেও কাজ করেন। কানন দেবীর প্রোডাকশনে একসময় অজয় কর চলচ্চিত্র নির্মাণ করা ছেড়ে দেন।১৯৫২ সালে ২৫০ টাকা বেতনে মাদ্রাজের নারসু ফিল্ম স্টুডিওতে যোগ দেন বেবী ইসলাম। সেখানে পল্লিতরু নামের একটি মাদ্রাজি চলচ্চিত্রে কাজ করেন তামিল ভাষায়। নায়িকা ছিলেন মাদ্রাজি এবং পরিচালক ছিলেন তামিল। এরপর তেলেগু ভাষায় ভায়ারি ভামা নামের একটি চলচ্চিত্রে কাজ করেন এবং নায়িকা সাবিত্রীর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক হয়। মাদ্রাজ থেকে অজয় করের সঙ্গে বোম্বে চলে আসেন এবং মুকুল দত্ত প্রযোজিত, গুরু দত্ত পরিচালিত সয়লাব নামক চলচ্চিত্রের কাজ শুরু করেন। এ ছবির শিল্পী ছিলেন গীতাবালি ও অভি ভট্টাচার্য। বোম্বেতে তিনি হেমেন গুপ্ত পরিচালিত কাস্তি (ফেরি) নামে আরও একটি চলচ্চিত্রের কাজ শুরু করেন। কাস্তি চলচ্চিত্রে অভিনয় করেন দেবানন্দ, গীতাবালি ও রামসিং। এ চলচ্চিত্রে বেবী ইসলাম প্রথম অপারেটিভ ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন।কয়েক মাস পর অজয় করের সঙ্গে কলকাতায় পাড়ি জমান বেবী ইসলাম এবং গৃহ প্রবেশ ও সাজঘর চলচ্চিত্রে কাজ করেন। ছবির শিল্পীরা ছিলেন বিকাশ রায়, পাহাড়ি স্যানাল। এরপর শ্যামলী, হারানো দিন ও বড় দিদি চলচ্চিত্রে কাজ করেন। অনন্যা (কানন দেবী) অভিনীত চলচ্চিত্রের টাইটেলে ‘বেবী’ নাম দেওয়া হলেও কানন দেবীর আপত্তির কারণে বাদ দিতে হয়। বামুনের মেয়ে চলচ্চিত্রে প্রথম বেবী ইসলাম নামে টাইটেলে নাম দেওয়া হয়। মাঝখানে কিছুদিন বেবী ইসলাম আর্থিক অনটনের কারণে গুরু দত্তের কাছে তাঁর রেটিনা ক্যামেরাটি ২৫০ টাকায় বিক্রি করে দেন। কয়েক মাস পর গুরু দত্ত তাঁকে ক্যামেরাটি ফিরিয়ে দেন কোনো টাকা ছাড়াই।১৯৫৬ সালে জুলাই মাসে ডিএফপি অব করাচি থেকে ক্যামেরাম্যান চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এতে বেবী ইসলাম আবেদন করেন। শিশির কুমার মজুমদার নামের এক ব্যক্তি তাঁর কাছে ইন্টারভিউ কার্ড নিয়ে এসে জানান, চাকরিটা পূর্ব পাকিস্তানে করতে হবে। এফডিসির স্থপতি নাজির আহমেদের সহযোগিতায় ১৯৫৬ সালে বেবী ইসলামের সিনিয়র ক্যামেরাম্যান হিসেবে চাকরি হয় এবং ৪ ডিসেম্বর খুলনায় তাঁর মামার বাসায় ওঠেন। ঢাকার আজিমপুরে এক মামাতো বোনের স্বামীর বাসায় থেকে বিজি প্রেসের কিছু অংশ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের ফিল্ম ডিভিশনের অফিস করতেন। তৎকালীন বিজি প্রেসের দোতলায় সাদা-কালো একটি ছোট ফিল্ম ল্যাব ছিল। সেটিতে তিনি কাজ করতেন। একই বছর তিনি চাকরি ছেড়ে দেন। ১৯৬২ সালে ইতালিয়ান সরকারের বৃত্তি নিয়ে রোমে যান। ১৯৬২ সালে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র তানহা বৈরুত চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ৩৬টি দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় তানহা ষষ্ঠ স্থান অর্জন করে। চিত্রগ্রাহক হিসেবে এ দেশে বেবী ইসলামের প্রথম চলচ্চিত্র সালাহউদ্দিন পরিচালিত সূর্যস্নান (১৯৬২)। সূর্যস্নান আমাদের দেশে নির্মিত ক্ল্যাসিক চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। ১৯৬৪ সালে ১৪ ফেব্রুয়ারি এফডিসির জেনারেল ম্যানেজার হিসেবে চাকরিতে যোগদান করেন এবং নভেম্বর মাসে চাকরি থেকে ইস্তফা দেন। ষাটের দশকে বেবী ইসলাম রাজা সন্নাসী (১৯৬৬), ফির মিলেঙ্গে হাম দোনো (১৯৬৬), নবাব সিরাজউদ্দৌলা (১৯৬৭), সোয়ে নদীয়া জাগে পানি (১৯৬৭), এতটুকু আশা (১৯৬৮), নীল আকাশের নিচে (১৯৬৯), স্বাধীনতা পরবর্তী লালন ফকির (১৯৭২), তিতাস একটি নদীর নাম (১৯৭৩), চরিত্রহীন (১৯৭৫), রাজা সাহেব (১৯৮২), নয়নের আলো (১৯৮৪), সোনালি আকাশ (১৯৮৫) ও দিনকাল (১৯৯২) নামক চলচ্চিত্রে কাজ করেন। এ ছাড়া তিনি তানহা (১৯৬৪), ক খ গ ঘ ঙ (১৯৭০), চরিত্রহীন (১৯৭৫), আমানত (১৯৮৫) ও সালমা (১৯৮৮) নামক পাঁচটি চলচ্চিত্র প্রযোজনা করেন।১৯৬৬ সালের ২৯ এপ্রিল অভিনেত্রী তন্দ্রা ইসলামকে বিয়ে করেন। এক ছেলে ও এক মেয়ে নিয়েই ছিল তাঁর সংসার। ১৯৭৩ সালে ঋত্বিক কুমার ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন তিনি। ঋত্বিক কুমার ঘটকের সঙ্গে বেবী ইসলামের সখ্য ছিল। তাঁর অনুরোধে কিশোরগঞ্জের খ্যাতিমান গীতিকার ও সুরকার লোকমান হোসেন ফকির এ ছবিতে অর্থ লগ্নি করেন এবং ছবির পরিবেশনার দায়িত্ব নেন। ঋত্বিক কুমার ঘটক বেবী ইসলামকে নিয়ে নির্মাণ করেন তাঁর অভিনীত চলচ্চিত্র যুক্তি তর্ক গল্প।১৯৭৫ সালে চরিত্রহীন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রগ্রাহক ভারতে তামিল, তেলেগু, হিন্দি; কলকাতায় বাংলাসহ মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও দুটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। তাঁর চিত্রগ্রহণ করা প্রামাণ্যচিত্র পাঁচথুপি লন্ডন মিউজিয়ামে এখনো সংরক্ষিত রয়েছে। খুব অল্প সময়ে ভারতে ১৯টি চলচ্চিত্রে চিত্রগ্রাহকের কাজ করেছেন এবং এ দেশের চলচ্চিত্রে ৩৩ বছরে মাত্র ১৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি মাত্র প্রামাণ্যচিত্রে কাজ করতে পেরেছেন। এখানকার চলচ্চিত্রনির্মাতারা তাঁকে নিয়ে কাজ করেনি। বেকার হয়ে বছরের পর বছর এই সৃষ্টিশীল কাজ থেকে বেবী ইসলামকে বাড়ি বসে সময় কাটাতে হয়েছে। জীবনের শেষ সময়ে তাঁর মূল্যায়ন হয়নি। তবুও আছেন তিনি হূদয়ে সবার।