তবুও সোনম...
জ্বালা তো নয়, এর নাম মহা জ্বালা। প্রতিদ্বন্দ্বী দীপিকা পাড়ুকোনের ছবি ব্রেক কে বাদ সেই অর্থে চলেনি। তা-ও ছবির মূলধন উঠে আসায় দীপিকার ছবিকে সেমি-হিট বলা হয়েছে। অথচ সোনম? প্রথম ছবি সাওয়ারিয়ার ভরাডুবির পর গত বছর মুক্তি পেল দু-দুটি ছবি—আই হেইট লাভ স্টোরিজ ও আয়শা। দুটিই প্রযোজকের পকেটে লাভের পয়গাম নিয়ে এল। অথচ লোকমুখে? সোনমকে হিট নায়িকার তকমা দিতে যেন কেউ চান না। এ সপ্তাহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বিপরীতে থ্যাংক য়্যু। পরিচালক আনিস বাজমি-অক্ষয় কুমার এর আগে সিং ইজ কিং, ওয়েলকাম -এর মতো ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন। অথচ থ্যাংক য়্যু? পাতেও নেননি অনেক দর্শক। তবে কি সোনম কাপুর কখনোই হিট নায়িকার খেতাব পাবেন না? একই সঙ্গে ক্যারিয়ার শুরু করা রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন এগিয়ে গেছেন অনেক দূর। অথচ সোনম পড়ে আছেন পত্রিকার পাতায়-পাতায়। রুচিশীল ব্যক্তিত্বের কারণে ইতিমধ্যেই টিনসেল টাউনে ‘স্টাইল আইকন’-এর খেতাব জুটেছে তাঁর ঝুলিতে। কিন্তু সু-অভিনেত্রী খেতাবটাই যে অধরা রয়ে গেল!মেয়ের এহেন পরিস্থিতিতে বাবা অনিল কাপুর বেজায় চিন্তিত। তার ওপর উটকো ঝামেলা। গত এক বছরে শুটিং সেটেই মাথা ঘুরে বেশ কয়েকবার পড়ে গেছেন সোনম। চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী, কখনো টাইফয়েড, কখনো ম্যালেরিয়া, কখনো বা অতিরিক্ত পরিশ্রমের ফলেই শরীর বিদ্রোহ করেছিল। কফি উইথ করন শোতে গিয়ে আরও ডজন খানেক বিপদ সঙ্গে করে নিয়ে এসেছেন সোনম। দীপিকা পাড়ুকোনের সঙ্গে বসে রণবীর কাপুরের মুণ্ডপাত করেছেন। বলেছেন, রণবীর একদমই আবেদনময় নয়। রণবীর কখনো ভালো প্রেমিক হতে পারবে না। দীপিকা কী করে রণবীরকে প্রেমিক হিসেবে এত দিন সহ্য করল? ইত্যাদি। এই কয়েকটি মন্তব্যই যথেষ্ট ছিল ঋষি কাপুরের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য। ফটাফট পত্রিকায় মন্তব্য করে বসেছেন ঋষি কাপুর, ‘এই মেয়েদের কোনো শিক্ষা নেই। পরিবার তাদের কিছু শেখায়নি।’ প্রিয় আঙ্কেলের এহেন মন্তব্য পড়ে আবার সোনম কাপুর কেঁদে বুক ভাসিয়েছেন।এদিকে আয়শার নায়ক অভয় দেওল পত্রিকায় বিবৃতি দিয়েছেন, তাঁর অভিনয়জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আয়শা ছবিতে অভিনয় করা। এ প্রসঙ্গে সোনমের মন্তব্য, ‘অভয়ের বিবৃতি নিয়ে মন্তব্য করা মানে অভয়কে গুরুত্ব দেওয়া। এতটা গুরুত্বপূর্ণ সে এখনো হয়ে যায়নি।’ তা নাহয় হলো। কিন্তু পরিচালক পুনিত মালহোত্রার সঙ্গে প্রেমের গুজব সম্পর্কে সোনম কী বলবেন? ‘একটি কথাই বলব, যার যেভাবে ইচ্ছা, আমার জীবন নিয়ে অনুমান-অনুমান খেলতে পারেন। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে আমাকে অন্তত কেউ মুখ খোলাতে পারবে না।’ ভারি জেদি মেয়ে সোনম! যা বলেন, তা-ই করে দেখান! এর প্রমাণ অবশ্য বলিউডবাসী বেশ কয়েকবারই পেয়েছে! রুম্মান রশীদ খান সূত্র: ওয়েবসাইট