তবুও ‘অপরাজিতা’
কথা ছিল না, তবুও ঈদের সবচেয়ে বড় মিশ্র অ্যালবাম ‘অপরাজিতা’ আসছে। প্রিন্স মাহমুদের কথা ও সুরে এ অ্যালবামে কণ্ঠ দিয়েছেন এ দেশের কয়েকজন উল্লেখযোগ্য কণ্ঠশিল্পী। এর মধ্যে রয়েছেন কুমার বিশ্বজিত্, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, তাহসান, ন্যান্সি, তপু, এলিটা, মাহাদী, পলাশ (রেডিও অ্যাক্টিভ), পারভেজ ও এহসান রাহী। মোট ১১টি গানের এই মিশ্র অ্যালবামে থাকছে প্রিন্স মাহমুদের স্বকীয়তা নিয়ে অসাধারণ কথা ও সুরের গান।প্রিন্স মাহমুদ বলেন, ‘এক বছর ধরে এই গানগুলো এক এক করে বেঁধেছি। চেষ্টা করেছি আমার সর্বশেষ জনপ্রিয় মিশ্র অ্যালবাম ‘নির্বাচিতা’র ধারাবাহিকতা রাখতে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’মুক্তি প্রতীক্ষিত ‘অপরাজিতা’ অ্যালবামের গানগুলোর শিরোনাম: ভুবন ডাঙার হাসি, আঙুল, কার কাছে যাই, পেনসিলে পৃথিবী, আমাকে দিয়ে কিছু হবে না, তুমি আছ বলে, একলা এবং ক্ষমা।প্রিন্স মাহমুদ আরও জানান, এ অ্যালবামের মধ্য দিয়ে এবারই প্রথম গান করলেন তাহসান ও তপুকে নিয়ে। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ সূত্রে জানা গেছে, ১১ বা ১২ আগস্ট অ্যালবামটি প্রকাশ করা হবে সর্বসাধারণের জন্য।উল্লেখ্য, গত বছর ঈদে প্রকাশিত হয়েছিল প্রিন্স মাহমুদের কথা ও সুরে সর্বশেষ মিশ্র অ্যালবাম ‘নির্বাচিতা’।