তমা প্রিয়তমা
কেউ কেউ তাঁকে মজা করে ডাকেন প্রিয়তমা বলে, কেউ তাঁকে ডাকে শুধুই তমা। একে একে সাতটি ছবি মুক্তি পেল তাঁর। হাতে আছে এখন পাঁচটি ছবি। প্রত্যাশা ছিল অনেক, প্রাপ্তি মিলল কতটুকু?তমা: ‘সিনেমার পথ চলার শেষ নেই। দৌড়াতেই হবে আমাকে। দৌড়াতে দৌড়াতে একদিন হয়তো প্রত্যাশা পূরণ হবে। আবার এমনও হতে পারে, এই পথচলা চলতেই থাকবে।’সিনেমার মন্দার সময় মুক্তি পেল তমা মির্জা অভিনীত ও আমার দেশের মাটি ছবিটি। হিন্দুধর্মাবলম্বী একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ অভিনয় প্রসঙ্গে তমা বলেন, ‘ছবিটি মুক্তির পর থেকে আমি সব সময় আমার পরিচিতজনদের কাছ থেকে জানতে চেয়েছি, আমার অভিনয়ের দুর্বল দিকগুলো নিয়ে একটু আমাকে বলেন, যেন ভবিষ্যতে আমি এ ভুলগুলো শুধরে নিতে পারি।’৭ অক্ষরকে বলা হয় লাকি সেভেন। ও আমার দেশের মাটি সেদিক থেকে কী তমার জন্য লাকি নাকি আনলাকি ছিল?তমা: ‘ছবিটি সবে মুক্তি পেয়েছে। এখনো চলছে। এতটুকু বলতে পারি, এ ছবির চরিত্রটি ছিল আমার জন্য লাকি। ছবির অনেকগুলো দিক যেমন সবার নজরে এসেছে আবার আমার চরিত্রটিও আলোচনায় এসেছে।’তমা সবার নজর কেড়েছিলেন একবার বলো ভালোবাসি ও এক মন এক প্রাণ ছবি দিয়ে। নিজের অভিনয়ের প্রতিভার কথা জানান দিয়েছিলেন বেশ ভালোভাবেই। আর এতেই তিনি হাতে পেয়ে যান অনেকগুলো ছবির কাজ।আসছে ঈদে তমা অভিনীত সৌভাগ্য ছবিটি মুক্তি পাবে।অনেক বড় স্বপ্ন নিয়েই তমা পথচলা শুরু করেছিলেন। নাচে পারদর্শী মেয়েটি বড় পর্দার অভিনয়কে বেশি গুরুত্ব দিয়েছেন। তমা বলেন, ‘শুধু যে সিনেমাতেই কাজ করতে চাই, তা নয়। অভিনয়ের যতগুলো মাধ্যম আছে, সেটা মঞ্চ নাটক হতে পারে বা টিভি নাটক হতে পারে, আমি সব মাধ্যমেই কাজ করতে চাই। আর সেভাবেই নিজেকে তৈরি করছি। সিনেমাকে প্রথমে বেছে নিয়েছিলাম এ কারণে যে বড় ক্যানভাসে নিজেকে নানা আঙ্গিকে তুলে ধরা যায়। যেমন—এক মন এক প্রাণ সিনেমায় আমি যে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করেছিলাম, আমাদের সময়ের কোনো শিল্পী এখনো করেছে বলে আমার জানা নেই। ছবিটি দেখে অনেক নির্মাতাই আমার প্রশংসা করেছিলেন। আমি সব সময় ভিন্নধর্মী ভালো চরিত্রে কাজ করার সুযোগ চাই।’তমার চাওয়াটা ভুলের কিছু নয়। কিন্তু কিছুটা দুঃখবোধ হলো, যে সময়টায় তিনি সিনেমা শুরু করলেন, সে সময়টায় ভালো গল্পের, ভালো চরিত্রের সিনেমায় কাজের সুযোগ বেশি নেই। তবুও তমা এর মধ্যে থেকে নিজেকে এগিয়ে নিতে চান।তমা এখন কাজ করছেন শাকিব খান ও কাজী মারুফের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে। তমা বলেন, ‘একজন শিল্পীর কারণে সিনেমা হিট-ফ্লপ করে, এমন ধারণা আমরা সবাই পোষণ করি। কিন্তু এ ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। তা না হলে আমরা শিল্পীনির্ভরতা কমিয়ে ভালো ছবি নির্মাণের দিকে এগোতে পারব না।’তমা জানান, যে পাঁচটি ছবির কাজ নির্মাণাধীন, সেগুলোর কাজ শেষ করতেই তিনি হাতে পেয়ে যাবেন আরও তিনটি ছবি। এসব ছবির কোনোটা হবে ডিজিটাল ফরম্যাটে আবার কোনোটির কাজ হবে ৩৫ মিলিমিটারে। যেভাবেই হোক, সিনেমাটা যেন ভালো হয়, এ প্রত্যাশা সব সময়।অভিনয়টা মাথার মধ্যে ঢুকলেও তমা পড়াশোনা করে যাচ্ছেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিষয়ে পড়াশোনা করছেন। তাঁর ইচ্ছা, অভিনয়ের পাশাপাশি তিনি আইন পেশায় নিজেকে নিয়োজিত করবেন।