তমা মির্জার 'মিশন আমেরিকা'

মিশন আমেরিকা। না, কোনো অভিযান নয়, তমা মির্জার নতুন ছবির নাম। সম্প্রতি এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির পরিচালক আশিকুর রহমান। কিছুদিন আগে মুক্তি পায় তাঁর পরিচালিত কিস্তিমাত ছবিটি। এখন তা দেখানো হচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন প্রেক্ষাগৃহে।
আশিকুর রহমান জানান, মিশন আমেরিকা ছবির গল্প অ্যাকশন-থ্রিলার ধাঁচের। পুরো ছবির শুটিং হবে যুক্তরাষ্ট্রে। শুটিং শুরু হবে নতুন বছরের গোড়ার দিকে। তার আগে ২০ ডিসেম্বর ঢাকায় ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
নতুন এই ছবির ব্যাপারে তমা এখনই কিছু জানাতে চাননি। তবে পরিচালকের সঙ্গে তাঁর চুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন।
মিশন আমেরিকায় তমা মির্জার বিপরীতে অভিনয় করবেন শায়ার। পরিচালক জানালেন, শায়ার পেশায় চিকিৎসক। থাকেন যুক্তরাষ্ট্রে। মিশন আমেরিকা তাঁর প্রথম ছবি।
ছবিতে আরও অভিনয় করবেন ইরেশ যাকের, সালমান মুক্তাদিরসহ অনেকেই। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের রেইন পিকচার্স ও যুক্তরাষ্ট্রের রেইনবো পিকচার্স।