তমালিকা কর্মকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরণ্যক নাট্যদলের চলতি প্রযোজনা রাঢ়াঙ নাটকের শ্যামলী, ময়ূর সিংহাসন-এর কৃষ্ণা কিংবা এবং বিদ্যাসাগর-এর রাধা চরিত্রগুলোর কথা ঢাকার দর্শকের জানা। তুমুল জনপ্রিয় চরিত্রগুলোর রূপদানকারী হলেন তমালিকা কর্মকার। মঞ্চে গুণী এই অভিনেত্রীর অভিনয় শুধু দেশেই নয়, দেশের বাইরে ভারতেও সমাদর রয়েছে। বিশেষ করে, পশ্চিমবঙ্গে আরণ্যক নাট্যদল থেকে একাধিক নাটকে সফল অভিনয় করার সুযোগ হয়েছে তাঁর। আরণ্যক নাট্যদলের নতুন আরও একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম বঙ্গভঙ্গ। মামুনুর রশীদের লেখা আর নির্দেশনা দেবেন ফয়েজ জহির। তমালিকা কর্মকার বলেন, ‘আরণ্যকের সব নাটকেই অভিনয় করতে চাই এবং করেও আসছি। আর বঙ্গভঙ্গ নাটকে কাজ তো করতেই চাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা একটা ভিন্ন স্বাদের নাটক হবে এটি। আমি গল্প পড়েছি। অসাধারণ গল্প। নাটকটির রিডিং শেষ হয়েছে। কিছু সম্পাদনার কাজ চলছে।’ তিনি আরও বলেন, ‘মামুনুর রশীদের লেখা নাটকের গল্পের ভিন্নতা আছে সব সময়ই। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামের গল্প তাঁর নাটকগুলোতে উঠে এসেছে। তাঁর লেখা, নির্দেশনার এসব নাটক ঢাকার মঞ্চে সফল।’ তমালিকা বলেন, ‘শিগগির বঙ্গভঙ্গ নাটকের মহড়া শুরু হবে। শোনা যাচ্ছে, ডিসেম্বরে আরণ্যক নাট্যদল ভারত সফর করবে। এর আগেই বঙ্গভঙ্গ নাটকটি মঞ্চে আসার সম্ভাবনা আছে।’