পথ পরিক্রমার চার বছর পূর্ণ হলো প্রথমা প্রকাশনের। প্রকাশিত হয়েছে নানা বিষয়ের ১৫০টি বই। পেছনের দিকে তাকানো, ভবিষ্যতের পরিকল্পনা—এসব নিয়েই আলোচনা হলো যাঁরা সঙ্গে ছিলেন এবং আছেন তাঁদের নিয়ে। ঘোষণা করা হলো তরুণ কবিদের জন্য পুরস্কার। গত বুধবার মে দিবসের ছুটির বিকেলে ঘরোয়া ধাঁচের এই আয়োজন হয়েছিল ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের ক্যাফেটেরিয়ায়।আমন্ত্রিত হয়ে এসেছিলেন দেশের স্বনামধন্য সাহিত্যিক, নবীন প্রজন্মের লেখক, প্রকাশক, শিল্পী, সাহিত্যানুরাগীরা। খোলামেলা আলোচনা, পারস্পরিক কুশলাদি বিনিময়, গান শোনা—এসব মিলিয়ে বেশ উষ্ণ প্রীতিময় পরিবেশে সন্ধ্যাটি কাটালেন তাঁরা।আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে প্রথমার প্রধান সমন্বয়কারী জাফর আহমদ এই প্রীতি সম্মিলনের সূচনা করেন। এরপর প্রথমার চার বছরের কার্যক্রম তুলে ধরেন প্রথম আলোর সম্পাদক ও প্রথমার প্রকাশক মতিউর রহমান। তিনি জানান, মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের চিঠি নিয়ে একাত্তরের চিঠি বইটি প্রকাশনার মধ্য দিয়ে ২০০৯ সালের মার্চ মাসে প্রথমার যাত্রা শুরু হয়। এ পর্যন্ত এই বইয়ের ১৬টি মুদ্রণ হয়েছে। বিক্রি হয়েছে লক্ষাধিক কপি। এ ছাড়া বিবিসি জানালা: ইংরেজি শেখার বইটির নবম মুদ্রণ হয়েছে। ছাপা হয়েছে ৪৭ হাজার কপি। গোলাম মুর্শিদের গবেষণাগ্রন্থ মুক্তিযুদ্ধ ও তারপর: একটি নির্দলীয় ইতিহাস এবং আনিসুল হকের উপন্যাস যারা ভোর এনেছিলর সপ্তম মুদ্রণ হয়েছে। এস আর মীর্জা, মঈদুল হাসান এবং এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের পূর্বাপর: কথোপকথন, মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রডিজি, হুমায়ূন আহমেদের বসন্তবিলাপ এবং মাহবুবুল হক, সাজ্জাদ শরিফ, অরুণ বসু ও ফরহাদ মাহমুদ সম্পাদিত প্রথম আলো ভাষারীতি এই চারটি বইয়ের পঞ্চম মুদ্রণ হয়েছে। এ ছাড়া নয়টি বইয়ের তৃতীয় মুদ্রণ এবং ৪১টি বইয়ের দ্বিতীয় মুদ্রণ হয়েছে। এগুলোর মধ্যে বেশ কিছু বই পুরস্কৃত হয়েছে। এর মধ্যে ফারুক মইনউদ্দীন অনূদিত ক্লিন্টন বি সিলির অনন্য জীবনানন্দ পেয়েছে আইএফআইসি ব্যাংক পুরস্কার এবং ২০১২ সালে বাংলা একাডেমীর চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার। ওই বছর হরিশংকর জলদাসের রামগোলাম উপন্যাসটি পেয়েছে আনন্দ আলো-সিটি ব্যাংক পুরস্কার। এ বছর গুণগত মান বিচারে সেরা বই হিসেবে বাংলা একাডেমীর মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে সুফি মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠানের উয়ারী বটেশ্বর: শেকড়ের সন্ধানে। এ ছাড়া ২০১১ সালে সর্বাধিকসংখ্যক মানসম্মত বই প্রকাশের জন্য প্রথমা পেয়েছে বাংলা একাডেমীর মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার।অনুষ্ঠানে ‘ক্লিন্টন বি সিলি তরুণ কবি পাণ্ডুলিপি পুরস্কার’ প্রবর্তনের ঘোষণা দেওয়া হয়। ক্লিন্টন বি সিলি তাঁর অনন্য জীবনানন্দ বইয়ের এক লাখ টাকার সম্মানী দান করেছেন। সেই সঙ্গে প্রথমাও আরও এক লাখ টাকা দিয়েছে। এই অর্থ থেকে প্রতিবছর একজন তরুণ কবিকে পুরস্কৃত করা হবে।প্রথমার কার্যক্রম তুলে ধরার পর গান গেয়ে শোনান শিল্পী মাহমুদুজ্জামান বাবু। পরে প্রথমাকে শুভেচ্ছা জানিয়ে আলোচনায় অংশ নেন আকবর আলি খান, শিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, সৈয়দ মনজুরুল ইসলাম, শরীফউদ্দিন আহমেদ, মাহবুব আলম, সুব্রত বড়ুয়া ও সৈয়দ জাকির হোসাইন। অনুষ্ঠানের সমাপনী টানেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।শিল্পাঙ্গনে সৈয়দ জাহাঙ্গীরের চিত্রকলা প্রদর্শনীশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের ছবি যেন রং তুলিতে আঁকা কবিতা। তাঁর ছবিতে আছে কাব্যিক ব্যঞ্জনায় স্মৃতি, অভিজ্ঞতা, বেদনার বৈচিত্র্যপূর্ণ উপস্থিতি। সাম্প্রতিক আঁকা ছবিতে বারবার ফিরে এসেছে প্রকৃতি ও মানুষের নানা অনুষঙ্গ। বাংলার মাটি ও মানুষকে নিয়ে আঁকা এমন সব ছবি নিয়ে ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে ১ মে শুরু হয়েছে একক চিত্রকলা প্রদর্শনী। শিল্পীর ৩৯তম এই একক প্রদর্শনীর শিরোনাম ‘ইঙ্কড্রইং, ড্রইং অ্যান্ড কালার’। প্রদর্শনীটি শিল্পী তাঁর বন্ধু শিল্পাঙ্গনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফয়েজ আহ্মদের জন্মদিনকে নিবেদন করেছেন।বুধবার শিল্পাঙ্গন গ্যালারিতে সৈয়দ জাহাঙ্গীরের এই প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী। আলোচনায় অংশ নেন শিল্পী রফিকুন নবী, শিল্পাঙ্গনের চেয়ারপারসন রোকেয়া কাদের, সাংবাদিক শহিদুল্লাহ খান, নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও কবি বেলাল চৌধুরী।প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর সাম্প্রতিক আঁকা ৪৫টি ড্রইং ও জলরঙের কাজ। ৭ মে পর্যন্ত প্রদর্শনীটি চলবে।