তরুণ নির্মাতাদের নিয়ে ইমপ্রেস বুটিক সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশের চলচ্চিত্রের নাকি এখন দুঃসময়। মানি না। কোনটা দুঃসময় আর কোনটা সুসময়, তা বলে দেবে সামনের সময়। তরুণ প্রজন্মই পারে সময়কে নিয়ন্ত্রণ করতে। এই বিশ্বাসেরই বাস্তব রূপায়ণে, যাত্রা শুরুর শুভক্ষণে আপনার উপস্থিতি আশা করছি।...’ ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আজ বিভিন্নজনকে এভাবেই আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণপত্রের ওপরে লেখা আছে ‘রেড কার্পেট’। এই রেড কার্পেটে আজ কে কে হাঁটবেন? রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ কী ঘটতে যাচ্ছে? বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, আজ যাত্রা শুরু করছে ‘ইমপ্রেস বুটিক সিনেমা’। এই প্রকল্পের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। প্রকল্পটির মধ্য দিয়ে দেশের তরুণ ও মেধাবী নির্মাতাদের চলচ্চিত্র তৈরির ব্যাপারে পূর্ণ সহযোগিতা করা হবে। শুরুতে পাঁচ থেকে আটজন নির্মাতাকে চলচ্চিত্র তৈরির জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। আজকের অনুষ্ঠানে এ প্রকল্পের ঘোষণার পাশাপাশি নির্বাচিত নির্মাতাদের গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই তরুণ নির্মাতাদের নাম এবং তাঁদের চলচ্চিত্র চূড়ান্ত করার জন্য আয়োজকেরা বৈঠকে বসেন। ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান বলেন, ‘পুরো বিষয়টি আমরা চমক হিসেবেই রাখতে চাইছি। কাল (আজ) দুপুর সাড়ে ১২টা থেকে অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হবে। আমরা চাই, গণমাধ্যমের পাশাপাশি দর্শকেরাও একই সঙ্গে পুরো বিষয়টি জানতে পারবেন। আমরা বিশ্বাস করি, আমাদের এ উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্রে উল্লেখযোগ্য ইতিবাচক ভূমিকা রাখবে।’