তরুণ নির্মাতাদের 'ডিরেক্টরস ফোরাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার তরুণ নির্মাতাদের নিয়ে তৈরি হলো নতুন সংগঠন ‘টেলিভিশন ডিরেক্টরস ফোরাম’। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত তরুণ নির্মাতাদের মিলনমেলায় নতুন সংগঠনটির লোগো উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছোট পর্দায় নিয়মিত কাজ করা শতাধিক তরুণ নির্মাতা।
উপস্থিত নির্মাতারা সম্প্রতি নির্বাচন শেষ হওয়া পরিচালকদের আরও একটি সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ নিয়ে বিভিন্ন মতামত দেন। তাঁরা বলেন, নতুন সংগঠনটি ডিরেক্টরস গিল্ডের প্রতিপক্ষ নয়। এটি সময়ের প্রয়োজনে নতুন প্রজন্মের নির্মাতাদের সহযোগিতা করার একটি প্ল্যাটফর্ম মাত্র। এ সময় ডিরেক্টরস গিল্ডের নির্বাচিত কয়েকজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
ডিরেক্টরস ফোরামের উদ্দেশ্য নিয়ে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এটি শিল্পের জায়গা থেকে করা হয়েছে। প্রাথমিক যাত্রা শুরু হলো। তরুণেরা সবাই ফোরামের সদস্য হিসেবে থাকবেন। আপাতত কোনো পদপদবি থাকছে না।’
সংগঠনের সদস্যদের বসার জন্য একটি অফিস নেওয়া হবে। সেখানে নিয়মিত কর্মশালার আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী এবং অসুস্থ পরিচালকদের চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহসহ বেশ কিছু কার্যক্রম পরিচালনা করা হবে।
মিলনমেলায় বক্তব্য দেন কচি খন্দকার, দীপংকর দীপন, রনি নোমান, রেদওয়ান রনি, শুভ্র খান, হিমেল আশরাফ, আদনান আল রাজীব, আবু হায়াত মাহমুদ, নিয়ামুল মুক্তা, ইমরাউল রাফাত, ইমেল হক, সাজ্জাদ সুমন, হৃদি হক প্রমুখ।