তরুণ শিল্পী চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রতিভাবান তরুণ চিত্রশিল্পীদের নিয়ে বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্র যৌথ চিত্রকলা প্রতিযোগিতার আয়োজন করেছে। ৩৫ বছরের কম বয়সী শিল্পীরা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের মধ্যে সেরা চারজনকে পুরস্কৃত করা হবে। তাঁরা পাবেন চীন সরকারের ব্যবস্থাপনায় ১৫ দিনের চীন ভ্রমণের সুযোগ।গত শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন চিত্রকলা সাংস্কৃতিক পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের। এ সময় বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্রের সভাপতি লুৎফর রহমান, বাংলাদেশে চীনা দূতাবাসের কর্মকর্তা লিয়ান ব্রিং, রশীদ আমিন, শিল্পী মুনিরুজ্জামান উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা থেকে নিবন্ধন করা যাবে। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য ও চিত্রকর্ম জমা দেওয়া জন্য চিত্রকলা সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্র, সামসুদ্দিন ম্যানশন (চতুর্থ তলা), ১৭ নিউ ইস্কাটন রোড, মগবাজারে যোগাযোগ করতে হবে।