২০তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনী চলছে ধানমন্ডির চিত্রক গ্যালারিতে। গত শনিবার বিকেলে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।
প্রদর্শনীতে ২০তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার ছয়টি পুরস্কারপ্রাপ্ত ছবিসহ মোট ৪০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া ১৯৯৬ সালে শুরু হওয়া প্রতিযোগিতার শুরু থেকে বিগত ১৯ বছরের সব পুরস্কারপ্রাপ্ত চিত্রকর্মের মুদ্রিত প্রতিচ্ছবি রয়েছে এবারের প্রদর্শনীতে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতার জুরি কমিটির চেয়ারম্যান শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এবং শিল্পী অধ্যাপক রফিকুন নবীসহ জুরি কমিটির সদস্যরা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মহসীন হাবীব চৌধুরী প্রমুখ।