তরুণদের আবৃত্তির অ্যালবাম 'বিহঙ্গ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালবামের মোড়ক উন্মোচন করছেন অতিথিরা
অ্যালবামের মোড়ক উন্মোচন করছেন অতিথিরা

কয়েকজন খ্যাতিমান কবি ও তরুণদের কবিতা নিয়ে প্রকাশিত হলো আবৃত্তির অ্যালবাম ‘বিহঙ্গ’। ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এ উপলক্ষে ছিল একটি আনুষ্ঠানিকতা।

আজ শনিবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র কক্ষে ‘বিহঙ্গ’ অ্যালবামের মোড়ক খোলেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সেসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকুর-এ-সাত্তার, রবীন্দ্রসংগীত শিল্পী গোলাম হায়দার, মাহফুজা হিলালী, আবৃত্তিকার মজুমদার বিপ্লব প্রমুখ।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘শিল্প মানুষকে শাণিত করে। আবৃত্তি মানুষকে আরও ক্ষুরধার করে তোলে।’ তিনি বলেন, বর্তমান সময়ে আবৃত্তিশিল্পকে হতে হবে আরও বেগবান। নয়তো অপসংস্কৃতির মাঝে শুদ্ধ বাচিক চর্চা হারিয়ে যাবে।
‘বিহঙ্গ’ অ্যালবামে রয়েছে ১৪টি কবিতা। সত্যেন্দ্রনাথ দত্ত, বনফুল, হেলাল হাফিজের মতো খ্যাতিমান কবিদের পাশাপাশি বর্তমান সময়ের কয়েকজন তরুণ কবির কবিতাও ঠাঁই পেয়েছে অ্যালবামে। সেগুলো আবৃত্তি করেছেন সালমা শবনম, আঞ্জোমোরা মুন্নী, সাইফ বিন আইয়ুব, উম্মে হাবিবা ও এম এইচ লাল্টু।
প্রচলিত ধারা থেকে একটু ভিন্ন উপস্থাপনা ও সংগীতায়োজন করা হয়েছে আবৃত্তির এ অ্যালবামটিতে। সংগীতায়োজন করেছেন ফিলকুল আহমেদ। অ্যালবামটি বাজারে এনেছে কমিটমেন্ট প্রোডাক্টস।