তরুণদের গ্যাংনাম জ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাংনাম স্টাইলে নাচছে পুরো বিশ্ব। ইউটিউবে এ গানের ভিডিও এ পর্যন্ত দেখা হয়েছে ১০০ কোটিবারের বেশি। কোরিয়ান সংগীতশিল্পী সাইয়ের এ সৃষ্টি নিয়ে মাতোয়ারা বাংলাদেশের তরুণেরাও। বাংলাদেশে গ্যাংনাম স্টাইল উন্মাদনা নিয়েই এই আয়োজনদুপুর গড়িয়ে বিকেল। তবু কমেনি সূর্যের দাপট। হঠাৎ বলা নেই কওয়া নেই, বেজে উঠল অদ্ভুত সেই সুর, ‘ওপ্পান গ্যাংনাম স্টাইল’। গানের তালে তালে রাস্তার মাঝে একদল তরুণ শুরু করলেন নাচ। কল্পিত ঘোড়ার পিঠে চেপে লাগাম ঘোরাতে লাগলেন প্রায় অর্ধশত তরুণ-তরুণী। এ দৃশ্য খুব বেশি দিন আগের নয়। গেল বছরের অক্টোবরে কারওয়ান বাজারের ওয়াসা কার্যালয়ের সামনের সড়কে ‘দ্য প্রজেক্ট’ নামের এক সংগঠন আয়োজন করেছিল ওই ফ্ল্যাশ মবের। আকস্মিক একটি স্থানে জড়ো হয়ে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর বিশ্বব্যাপী এ ধরনকে বলে ‘ফ্ল্যাশ মব।’ আর গ্যাংনাম স্টাইল ছিল দ্য প্রজেক্টের ওই ফ্ল্যাশ মবের অন্যতম অংশ। সেখানে পাঁচ-ছয় মিনিটের ওই হঠাৎ ঝলকানিতে অংশ নিয়েছিলেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন আয়োজিত হয়েছিল ফ্ল্যাশ মবটি? দ্য প্রজেক্টের একজন বললেন, সরকারের অনলাইন গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টার প্রতিবাদে ফ্ল্যাশ মবটির আয়োজন করা হয়েছিল। এ ছাড়া সে সময় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনাও জানানো হয়েছিল একই সঙ্গে।কেবল প্রতিবাদই নয়, গ্যাংনাম স্টাইলের প্রয়োগ লক্ষ করা গেছে ক্রিকেট মাঠেও। এই তো কয় দিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে পরাজিত করে বাংলাদেশি ক্রিকেটাররা উৎসব উদ্যাপনের ভাষা হিসেবে বেছে নিয়েছিলেন গ্যাংনাম স্টাইলকেই। বিশেষ করে এ ক্ষেত্রে ‘গুরুর’ দায়িত্ব পালন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ক্রিস গেইলের মুখে হাসি থাকলেও দৃশ্যটা নিশ্চয়ই ‘হজম’ করতে কষ্টই হয়েছিল তাঁর। কারণটা সবারই জানা। ক্রিকেট মাঠে গ্যাংনাম স্টাইলের ‘আমদানিকারক’ স্বয়ং ক্রিস গেইল।ক্রিকেট মাঠ থেকে আমরা চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। নভেম্বরের ১৩ তারিখে ছিল মার্কেটিং বিভাগের ১৫তম ব্যাচের র‌্যাগ ডে। আয়োজকদের মানে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের মাথায় চিন্তা—কী করা যায়? আয়োজকদের মধ্যে ছিলেন মার্কেটিং বিভাগের রিফাত জাহান। বললেন, কী করে তাঁরা উদ্যাপন করলেন র‌্যাগ ডে, ‘আমরা চেয়েছিলাম একটা ফ্ল্যাশ মব করতে। কিন্তু হঠাৎ করে সবাইকে চমকে দেওয়া যাবে, এমন কোনো গান পাচ্ছিলাম না। তখন মাথায় এল গ্যাংনাম স্টাইলের কথা।’ অবশেষে র‌্যাগ ডে আরও জমজমাট হলো সাইয়ের গান আর নাচ দিয়ে। কেবল রাজু ভাস্কর্যের সামনেই নয়, গ্যাংনাম স্টাইলে নাচ হলো বিজনেস ফ্যাকাল্টির সামনে ও ভিসি চত্বরে।এত এত গান থাকতে এ গানটিই কেন তরুণেরা এত পছন্দ করছেন? প্রশ্নটা করা হয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানের কাছে। ‘প্রথম কথা, গানটি ভীষণ মজার। দ্বিতীয় কথা, গানটির নাচ আরও মজার। তো গ্যাংনাম স্টাইলের আরেক নাম হয়ে গেছে মজা। কয় দিন আগেই বুয়েটের ২০০৭ ব্যাচের র‌্যাগ ডে ছিল। দিনটিকে আনন্দময় করে তোলার জন্য গ্যাংনাম স্টাইল বেছে নিয়েছিলাম আমরা। সত্যি সত্যিই দারুণ মজা হয়েছিল সেদিন!’ বলছিলেন মেহেদী।তরুণদের কথা না হয় বাদই রইল। এই তো কয় দিন আগের কথা, প্রকাশিত হলো পিএসসির ফলাফল। অনেকেই হয়তো বিদ্যালয়গুলোতে উপস্থিত ছিলেন ফলাফল দেওয়ার সময়। আবার অনেকেই হয়তো টিভিতে দেখেছেন শিশুদের আনন্দ-উদ্যাপন। খেয়াল করেছেন কি, সেখানেও ছিল গ্যাংনাম-জ্বর! মোটকথা বাংলাদেশের প্রেক্ষাপটেও বলা চলে—গ্যাংনাম স্টাইল মানেই আনন্দ।