তরুণদের ছবি...
রাজধানীতে একসঙ্গে চলছে জনা কয়েক তরুণ শিল্পীর কয়েকটি চিত্র প্রদর্শনী। সেগুলোর খবরই থাকছে আজ।

ফায়ারফ্লাই এখন আলিয়ঁসে
লুবনা চর্যার জন্ম খুলনায়। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। চিত্রকর্মে লুবনা চর্যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি ছবি এঁকে চলেছেন। লেখেন কবিতাও।
আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে লুবনার একক চিত্র প্রদর্শনী ‘ফায়ারফ্লাই’। প্রদর্শনীতে ছবির সংখ্যা ১৮।
কবিতা আর ছবি মিলিয়ে লুবনা নিজের মতো করে গড়ে নিয়েছেন এক ভিন্ন জগৎ। তাঁর ছবির ভাবনা ও উপস্থাপন কবিতার সঙ্গে মিলে যায়। নিজের ছবিকে তিনি বলেন কাব্যিক ছবি।
গত শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন কবি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এ কে এম জাকারিয়া। তাঁদের স্বাগত জানান আলিয়ঁসের পরিচালক ব্রুনো প্লাস। অনুষ্ঠানে সভাপতিত্বও করেন তিনি। অনুষ্ঠানটি হয় আলিয়ঁসের ক্যাফে লা ভ্যারান্দায়। প্রদর্শনীটি চলবে আগামী ৭ মে পর্যন্ত। রোববার ছাড়া যেকোনো দিন দেখে যেতে পারেন লুবনা চর্যার ছবি।

ইএমকেতে ইনার ওয়ার্ডস
শিল্পী পীযুষ কান্তি সরকার বলছিলেন, জীবন হচ্ছে দেয়ালের মতো। বাইরে থেকে দেয়াল দেখতে খুব সাধারণ। কিন্তু সাধারণ দেয়ালেও থাকে অনেক স্তর আর উপাদান, যার নিজস্ব সৌন্দর্য আছে। তেমনি জীবনের মধ্যেও অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে। সেগুলো যে খুঁজে বেড়ায়, সে-ই পায় তার সন্ধান।
এই শিল্পীর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী চলছে ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারে। শিরোনাম ‘ইনার ওয়ার্ডস’। এই প্রদর্শনীতেও প্রদর্শিত হচ্ছে ১৮টি ছবি।
উদ্বোধন হয়েছে ২৫ এপ্রিল। উদ্বোধন করেন শিল্পী সৈয়দ আবুল বারক আলভী। প্রদর্শনীর শিরোনাম তাঁরই দেওয়া। অতিথি হিসেবে আরও ছিলেন শিল্পসংগ্রাহক নূরজাহান সোলায়মান।
প্রদর্শনীটি চলবে আগামী ৯ মে পর্যন্ত, প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা।

প্রয়াস চলছে শিল্পাঙ্গনে
সাবিহা জিতু অ্যাক্রিলিক, তেল, চারকোল স্কেচ এবং মিশ্র মাধ্যমে কাজ করেন। আর মাজেদুল হকের কাজগুলো তেলরং, অ্যাক্রিলিকসহ মিশ্র মাধ্যমে করা।
ধানমন্ডির শিল্পাঙ্গন আর্ট গ্যালারিতে চলছে এই দুই শিল্পীর যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘প্রয়াস’। মুক্তচিন্তা, নারীর জীবন, শিশু ও শৈশবের মতো বিষয় সাবিহা জিতুর আঁকায় গুরুত্ব পায়। আর মাজেদুল হকের তুলিতে প্রাধান্য পায় তরুণ মনের ভাবনা।
২৩ এপ্রিল শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আজ সোমবার রাত আটটা পর্যন্ত।