বিভিন্ন টিভি চ্যানেল ও তাদের অনুষ্ঠান নিয়ে শুরু হলো আমাদের নতুন বিভাগ ‘টিভি সমালোচনা’। লিখেছেন আবু রইস

টেলিভিশন আজ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত—এই বৃহৎ জনগোষ্ঠীর অন্যতম বিনোদনমাধ্যমে পরিণত হয়েছে। এই বৃহৎ জনগোষ্ঠীর চাহিদা বিবেচনা করে জন্ম নিয়েছে অনেক স্যাটেলাইট চ্যানেল। এসব চ্যানেলের অনুষ্ঠানেও এসেছে বৈচিত্র্য। কিন্তু মানের কথা বিবেচনা করলে নির্দ্বিধায় বলা যায়, অনুষ্ঠানের মানের ক্ষেত্রে রয়েছে এখনো অনেক ঘাটতি; বিশেষ করে বিনোদনমূলক অনুষ্ঠানেই এ মানের ঘাটতি শুধু ব্যাপক নয়, ব্যাপকতর।
গত সপ্তাহে সাপ্তাহিক ছুটির দিকে কয়েকটি চ্যানেলে কিছু টেলিছবি ও একক নাটক প্রচারিত হয়েছে, সেখান থেকে উল্লেখযোগ্য দুটি নাটক ও টেলিছবি আমরা আলোচনা করব আমাদের আজকের এ পর্বে।
২৫ নভেম্বর শুক্রবার বেলা তিনটায় চ্যানেল আইতে প্রচারিত হয় টেলিছবি একটুখানি ম্যাডনেস। ছবিটি পরিচালনা করেছেন সালমান মুক্তাদির। এতে একজন প্রতিবন্ধী যুবকের ভালোবাসার টানাপোড়েন নিয়ে গড়ে উঠেছে ছবিটির গল্প। প্রতিবন্ধী যুবকের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ আর তার প্রেমিকার চরিত্রে সারিকা। প্রায় পুরো গল্পটি আবর্তিত হয়েছে এ দুজনকে ঘিরেই। সাধারণত একজন প্রতিবন্ধীর যে ধরনের স্বভাব ও প্রবণতা লক্ষ করা যায়, রুদ্র চরিত্রটির মাঝে আমরা তার সার্থক উপস্থিতি খুঁজে পাই। যেমন সে তার ভালো লাগা ও ভালোবাসার জন্য অসংকোচে ও নির্দ্বিধায় যা ইচ্ছা করে ফেলে। এ জন্য তার বান্ধবী আভা সবার সামনে বিব্রত হয়। আভাও রুদ্রকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা শুধুই বন্ধুর, প্রেমিকার নয়। যে কারণে আভা বিয়ে করে অন্য একটি সুস্থ-সুন্দর ছেলেকে। রুদ্র কষ্ট পায়, তারপর সেও বিয়ে করে। গল্পের শেষে আভা তার ভালোবাসাহীন প্রতারক স্বামীগৃহ থেকে ফিরে এসে দেখতে পায়, রুদ্র প্রাণভরা ভালোবাসা, যত্ন ও মমতা দিয়ে ভরিয়ে দিয়েছে তার স্ত্রীর জীবন।
প্রতিবন্ধী যুবকের এমন চরিত্র আমরা দেশ-বিদেশের বিভিন্ন গল্পে ও চলচ্চিত্রে আগেও দেখেছি, তবু নিঃসন্দেহে বলা যায় একটুখানি ম্যাডনেস-এর গল্প এবং রুদ্র চরিত্রটি আকর্ষণীয়। তরুণ অভিনেতা তৌসিফও ভালোই করেছেন। তবে কোথাও কোথাও চরিত্রায়ণে তার মুখভঙ্গির অতিবিকৃতি কৃত্রিম মনে হয়েছে। আভা চরিত্রে সারিকার অভিনয় ছিল সাবলীল। একটুখানি ম্যাডনেস টেলিছবির নামকরণ বিষয় বেমানান মনে হয়েছে। প্রতিবন্ধী এবং ম্যাড দুটি বিষয় তো এক নয়। তা ছাড়া ছবিটির গল্পের যে গভীরতা ও তাৎপর্য, একটুখানি ম্যাডনেস নামটি মোটেই তা ধারণ করতে পারেনি।
২৫ নভেম্বর রাত নয়টায় এনটিভিতে প্রচারিত হলো অসীম গোমেজের পরিচালনায় নাটক ইন্সপেরেশন। ইন্সপেরেশন নাটকে মূলত তিনটি চরিত্র। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌটুসী ও নাদিয়া। আজাদ আবুল কালাম ও মৌটুসী স্বামী-স্ত্রী। তাদের সুখের সংসার। আজাদ আবুল কালাম লেখক। তারা স্বামী-স্ত্রী পরস্পরকে ভালোবাসে। কিন্তু আজাদ আবুল কালাম এ ভালোবাসায় ইন্সপিরেশন পায় না। ঘটনাচক্রে তার পরিচয় হয় নাদিয়ার সঙ্গে। নাদিয়ার সান্নিধ্যে সে খুঁজে পায় ‘ইন্সপিরেশন’। এভাবে নাদিয়ার সান্নিধ্যে ও দুর্নিবার আকর্ষণে যখন সংসারে ভাঙন আসন্ন, তখনই উদ্ঘাটিত হয় রহস্য, নাদিয়া মৌটুসীরই বান্ধবী ও মনোরোগ চিকিৎসক। তারা পরিকল্পিতভাবেই লেখক আজাদ আবুল কালামকে নিজ পথে ও সংসারে ফিরিয়ে আনার জন্য করেছে এ কৌশল।
এককথায় বলা যায় গল্পটি বর্তমান জীবনবাস্তবতারই প্রতিচ্ছবি। উপস্থাপনা পরিচ্ছন্ন। সংলাপ ও অভিনয় আকর্ষণীয়। আর নাটকটির নামকরণ ইংরেজি শব্দে হলেও কাহিনি ও বিষয়বস্তুর সঙ্গে তা হয়েছে যথাযথ ও মানানসই।
২৬ নভেম্বর শনিবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় প্রচারিত হলো সেলিব্রেটি শো ‘আমার আমি’। এবারের অতিথি ছিলেন বিশিষ্ট নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী ভাবনা। উপস্থাপিকার সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে উঠে এসেছে তাদের দুজনের ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের নানা প্রসঙ্গ। বিশেষ করে নির্মাতা অনিমেষ আইচের মুক্তি প্রতীক্ষিত আলোচিত চলচ্চিত্র ভয়ংকর সুন্দর-এর প্রসঙ্গটি এসেছে বারবার। ভাবনা এ ছবিরই মুখ্য অভিনেত্রী। অনিমেষ আইচের কথোপকথনের মধ্য দিয়ে আমাদের মনে হয়েছে, আয়নাবাজির পর আরেকটি সুস্থ ও সুন্দর ছবি উপভোগ করতে যাচ্ছেন বাংলাদেশের দর্শক। তবে উপস্থাপিকা মুনমুন বারবার অনিমেষ আইচ ও ভাবনাকে যেখানে বন্ধু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছিলেন, তাঁদের কথোপকথনে সেটি প্রতিষ্ঠিত হয়নি।
সবশেষে বলব, তরুণদের জাগরণমূলক আরেকটি ভিন্নধর্মী অনুষ্ঠানের কথা। ২৫ নভেম্বর বেলা ১১টা ৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হলো বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক অনুষ্ঠান ‘পাবলিক পার্লামেন্ট’-এর সেমিফাইনাল পর্ব। এবারে বিতর্কের বিষয় ছিল ‘সুস্থ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের প্রয়োজন নেই’। অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় এ ইস্যু নিয়ে বিতর্ক করেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তরুণ বিতার্কিকেরা। বিজয়ী হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।
বিতর্ক শেষে তরুণ তার্কিকদের বক্তব্যের আলোকে নির্বাচনকালীন সরকারের জাতীয় এ ইস্যু নিয়ে বক্তব্য দেন প্রধান অতিথি আকবর আলি খান। দীর্ঘদিন পর তাঁর বক্তব্য, বিতর্কটি রেকর্ডিংয়ের পর থেকেই বিভিন্ন মিডিয়ায় প্রচারিত ও আলোচিত হয়। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন হাসান আহমেদ চৌধুরী। তরুণদের জাগরণমূলক এমন অনুষ্ঠান নির্মাণে ভবিষ্যতে অন্যান্য চ্যানেলও এগিয়ে আসবে—এটাই আমাদের প্রত্যাশা।