তরুণদের প্রেরণায় তণুশ্রী পদক
‘অকাল প্রয়াত নাট্য ও নৃত্যশিল্পী তনুশ্রীর অবদান বিস্মৃত হতে চায় না নাট্যধারা। তারুণ্য ও সৃজনশীলতার প্রতীক তনুশ্রীকে আগামী দিনের তারুণ্য ও সৃজনশীলতার সঙ্গে সম্পৃক্ত রাখার উদ্দেশ্যেই নাট্যধারা এ পদকের প্রবর্তন করে।’তনুশ্রী পদক প্রদান ২০১১ ও তনুশ্রী স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এ অনুষ্ঠানের আয়োজন করে নাট্যধারা। এতে প্রধান অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন মাসুদ পারভেজ। এ বছর তনুশ্রী পদক প্রদান করা হয় তরুণ কবি ও নাট্যকর্মী শুভাশিস সিনহাকে। পদক ছাড়াও দেওয়া হয় ক্রেস্ট ও উত্তরীয়।শুভাশিষ সিনহা ১৯৭৮ সালের ২৯ জানুয়ারি মৌলভীবাজারের এক মণিপুরি পরিবারে জন্মগ্রহণ করেন। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর পথচলা শুরু ছড়া ও কবিতা লেখার মধ্য দিয়ে। তিনি মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও বাংলা—দুই ভাষাতেই লিখছেন। উচ্চমাধ্যমিক পাস করার পর নাটকের জগতে প্রবেশ। ১৯৯৬ সালে মেঘ-বৃষ্টি-রোদ নামে একটি নাটক লিখে নির্দেশনা দেন। তখনই গঠন করেন ‘আধুনিক নাট্যগোষ্ঠী’ নামে একটি দল। পরে ২০০০ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘মণিপুরি থিয়েটার’। এ দলের ২৭টি নাটকের প্রায় সবগুলোর নির্দেশনা দেন তিনি। পদক প্রদানের আগে ছিল তনুশ্রী স্মারক বক্তৃতা। বক্তৃতার বিষয় ‘মুক্তির এক খোয়াব-ভূমি ফিরে দেখা: বাংলাদেশে মুক্ত নাটকের বিচার’। বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। আলোচনায় অংশ নেন মামুনুর রশীদ, মলয় ভৌমিক ও আসাদুজ্জামান।পদক প্রদান ও স্মারক বক্তৃতা শেষে ছিল নাট্যধারার নতুন নাটক রথের রশি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ নাটকের নির্দেশনা দেন আশীষ খন্দকার। এতে অভিনয় করেন আশরাফুর নিহার, শামসুর নাহার, হাফসা আক্তার, কাজী উজ্জল, মাসুদ পারভেজ, সব্যসাচী চঞ্চল প্রমুখ।