তরুণীর শোকার্ত পরিবারকে অমিতাভের চিঠি
সম্প্রতি নেপালে বিমান দুর্ঘটনায় নিহত শিশুশিল্পী তরুণী সচদেবের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে চিঠি লিখেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পা’ ছবিতে প্রজেরিয়ায় আক্রান্ত ১২ বছর বয়সী শিশু অরো চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ছবিটিতে তাঁর বন্ধু ও সহপাঠী চরিত্রে অভিনয় করেছিলেন তরুণী সচদেব। ১৪ মে সোমবার নেপালে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন তরুণী ও তাঁর মা গীতা সচদেব। দুঃখজনক এই ঘটনায় প্রচণ্ড মর্মাহত হয়েছেন অমিতাভ।শোক প্রকাশ করে তরুণীর পরিবারকে একটি চিঠি লিখেছেন অমিতাভ। চিঠিতে তিনি লিখেছেন, ‘সম্প্রতি নেপালের জমসমে বিমান দুর্ঘটনা তরুণী ও তার মায়ের জীবন কেড়ে নিয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। এই ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত।’ জানিয়েছে এনডিটিভি।অমিতাভ আরও লিখেছেন, ‘সাধারণ কোনো শিশু ছিল না তরুণী। প্রচণ্ড আত্মবিশ্বাস আর প্রতিভাদীপ্ত একজন শিল্পী সে। দুর্ভাগ্য, পুরোপুরি বিকশিত হওয়ার আগেই চলে যেতে হলো তাকে। পা ছবিতে তাঁর অসাধারণ অভিনয়-নৈপুণ্য মুগ্ধ করেছে আমাদেরকে। সে আর আমাদের মাঝে নেই—এটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। তরুণীর এই অকালমৃত্যুতে সবার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।’এদিকে ১৬ মে বুধবার বিকেল তিনটায় কাঠমাণ্ডু থেকে তরুণী ও তার মায়ের মরদেহ মুম্বাই আনা হয়। সান্তা ক্রুজ কবরস্থানে বিকেল সাড়ে পাঁচটায় শেষকৃত্য অনুষ্ঠানের পর সেখানেই সমাহিত করা হয় তাদের।উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ১৪ বছর বয়সী তরুণী সচদেব। ছবিতে অভিনয় ছাড়াও অন্তত ৫০টি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছে সে। শৈশবের শুরুতেই ‘রাসনা গার্ল’ হিসেবে সবার পরিচিত পায় তরুণী। ‘পা’ ছবিটি ছাড়া আরও দুটি মালয়লাম ছবিতে অভিনয় করেছিল। এ ছাড়া শাহরুখ খানের কুইজভিত্তিক একটি রিয়েলিটি শোতেও উপস্থিত হয়েছিল সে।