তরুণেরা ইতিহাস জানবে রোমাঞ্চকর উপায়ে
প্রথমে মুক্তিযুদ্ধভিত্তিক কোনো একটা গল্প বা উপন্যাসের অংশবিশেষ পড়ে শোনানো হবে। পরে জানতে চাওয়া হবে, ঘটনাটা কোন গল্প বা উপন্যাসে আছে এবং কোথায় ঘটেছিল। প্রতিযোগীরা সে জায়গা খুঁজে বের করবে। সেখানে গিয়ে তারা কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলার আয়োজন করবে। মুক্তিযুদ্ধভিত্তিক এমন কিছু বিষয় নিয়ে আজ শুক্রবার রাজধানীতে শুরু হবে দুই দিনব্যাপী ‘ট্রেজার হান্ট দ্য ব্যাটেল গ্রাউন্ড’ শীর্ষক প্রতিযোগিতা।নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি উৎসাহিত করতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় পঞ্চমবারের মতো এ আয়োজন করছে এসকাপেড নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাদুঘর প্রাঙ্গণে ছিল এর আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে জাদুঘরের ট্রাস্টি তারেক আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, বীর প্রতীক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।এটি মূলত তরুণদের দলগত প্রতিযোগিতা। এতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগীরা একটা বিশাল এলাকাজুড়ে ছুটে বেড়ায়। তারা নিজেদের মানসিক ও শারীরিক দক্ষতা এবং মেধা কাজে লাগিয়ে একের পর এক বিভিন্ন মজার ও রোমাঞ্চকর চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যায় মূল লক্ষ্যের দিকে। এতে জ্ঞান, প্রজ্ঞা, দলগতভাবে কাজ করার ক্ষমতা যাচাই করা হয়। এবারের প্রতিযোগিতার বিষয়: ‘ঢাকা ও আমাদের মুক্তিসংগ্রাম’। এতে ১৬টি দল অংশ নেবে। প্রতিটি দলে থাকবে তিনজন প্রতিযোগী।