তর্কে তর্কে কতদূর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতান ছবিতে সালমান খান
সুলতান ছবিতে সালমান খান
.
.

ছবি নিয়ে বিতর্ক? নাকি ছবির জন্য বিতর্ক? বলিউডের দর্শকদের মনে এখন এই প্রশ্নটা ঘুরেফিরে আসছে। কারণ ইদানীং এটা যেন একটা বলিউড ধারা হয়ে উঠেছে। নতুন কোনো ছবি মুক্তির আগে তা নিয়ে কিংবা এর কোনো শিল্পীকে নিয়ে বিতর্ক না হলে যেন ছবির ব্যবসাটা ঠিক জমে ওঠে না। এবারের বলিউডের ঈদের ছবি সুলতান-এর বেলায়ও তো তা-ই হচ্ছে। সালমানের এক আপত্তিকর মন্তব্যের কারণে এখন এ ছবিটি নিয়ে তুমুল বিতর্ক বলিউডে। সালমান খানের সঙ্গে সঙ্গে সুলতান ছবিটিও বয়কটের পরিকল্পনা করছে অনেক ভারতীয়। কিন্তু এই বয়কট কি প্রভাব ফেলবে সালমানের ছবির আয়ে? চলুন, দেখে নিই সালমানকে ঘিরে তৈরি হওয়া এমন কিছু বিতর্ক, যা তাঁর অভিনয়জীবন কিংবা ছবির সাফল্যে প্রভাব ফেলতে পারেনি কখনো।

.
.

সোমি আলী বিতর্ক
সালমান খানের সঙ্গে আট বছরের প্রেম ছিল ভারতীয় মডেল ও অভিনেত্রী সোমি আলীর। ১৯৯৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। বিচ্ছেদের পরপরই এই অভিনেত্রী পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে গিয়ে ‘নো মোর টিয়ার্স’ নামে একটি দাতব্য সংস্থা চালু করেন। নির্যাতিত ও অবসাদগ্রস্ত নারীদের নিয়ে কাজ শুরু করেন তিনি। এবং সে সময় সোমি এ-ও প্রকাশ করেন যে নিজেও একসময় নির্যাতনের শিকার হয়েছেন বলেই নির্যাতিত নারীদের নিয়ে তিনি কাজ করছেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, সালমান খান নাকি একবার ভরা এক রেস্টুরেন্টে তাঁর মাথায় এক বোতল কোলা ঢেলে দিয়েছিলেন। এমনভাবেই সাল্লু অনেকবার অপদস্ত করেছেন সোমিকে।

গাড়িচাপায় মানুষ হত্যা
২০০২ সালের সেপ্টেম্বরে সালমান খানের গাড়ি মুম্বাইয়ের এক ফুটপাতের ওপর উঠে যায়। এতে ফুটপাতে ঘুমিয়ে থাকা একজনের মৃত্যু হয়, আহত হন কয়েকজন। অভিযোগ ওঠে মদ্যপ সালমান গাড়িটি ফুটপাতে উঠিয়ে দিয়েছেন। কিন্তু ২০১৫ সালের ডিসেম্বরে কোনো সাক্ষী না থাকায় ভারতের আদালত সালমানকে এ মামলা থেকে খালাস করে দেন।

.
.

ঐশ্বরিয়ার ওপর নির্যাতন
সোমির সঙ্গে বিচ্ছেদের পর একই বছর বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে জড়িয়ে যান সালমান। কিন্তু সে সম্পর্কটাও ঠিকমতো এগোয়নি। ২০০২ সালের মাঝামাঝি সময়ে বিতর্কের মুখে পড়েন সালমান। খোদ ঐশ্বরিয়া অভিযোগ তোলেন সালমানের বিরুদ্ধে। সালমান নাকি ঐশ্বরিয়াকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন, এমনকি ফোনে হুমকিও দিতেন। ব্যস, তাতেই ফুঁসে উঠল ভারত। কিন্তু অবাক করা বিষয় হলো, এসব বিতর্ক সালমানের ওই বছর মুক্তি পাওয়া ছবিগুলোতে কোনো প্রভাবই ফেলেনি; বরং এত বিতর্কের পরও ২০০৩ সালে মুক্তি পাওয়া তেরে নাম ছবিটি বছরের সবচেয়ে সফল সিনেমার তকমা পেয়ে যায়।
মায়া হরিণ শিকার
২০০৬ সালে আবারও বিতর্কের মুখে পড়েন সালমান খান। আবারও আদালতের চক্কর কাটতে হয় তাঁকে। হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় বিরল প্রজাতির মায়া হরিণ শিকার করার কারণে ছবির বেশ কয়েকজন তারকার সঙ্গে তাঁর বিরুদ্ধেও মামলা হয়। কিন্তু শেষ নাগাদ ২০১৪ সালে রাজস্থান সরকারের আবেদনে সালমানকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

২৬/১১ নিয়ে মন্তব্য
২০১০ সালে দাবাং ছবি মুক্তির আগে এক বেফাঁস মন্তব্য করে বসেন সালমান। আর তাতেই ফুঁসে ওঠে পুরো দেশ। ২০০৮ সালের মুম্বাইয়ের তাজ হোটেলে হামলা নিয়ে কথা বলেন তিনি। বলেন, ‘২৬/১১-এর ওই হামলা নিয়ে একটু বেশিই আলোচনা হয়েছে। কারণ ওই হামলার শিকার হয়েছেন দেশের সুশীল সমাজ ও ধনীরা। এমন হামলা ভারতের ট্রেনে ও অনেক ছোট শহরেও হয়েছে, কিন্তু এসব নিয়ে তেমন আলোচনা হয়নি।’ ব্যস, এরপরই ভারতের রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তারা খেপে যান সালমানের ওপর। তাঁর ছবিটি মুক্তির আগে অনেক মিটিং, মিছিল, বিক্ষোভ-সমাবেশের মধ্য দিয়ে যায়। কিন্তু শেষ নাগাদ অবশ্য দাবাং-এর সাফল্যকে রুখতে পারেনি কেউ।

.
.

অরিজিৎ বিতর্ক
জাতীয় ইস্যুতে তো অনেক হলো। এবার একটু ব্যক্তিপর্যায়ে আসা যাক। সালমান খানের সঙ্গে দ্বন্দ্বে যাওয়া যে কতটা ভয়ংকর হতে পারে তার সবচেয়ে সমসাময়িক প্রমাণ হলেন অরিজিৎ। বেচারা এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে সালমানের উপস্থাপনা নিয়ে মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ‘অনুষ্ঠান দেখে তাঁর ঘুম আসছে।’ আর তাতেই পুরো সংগীতজীবনের নকশাই বদলে গেল তাঁর। শাহরুখ, অক্ষয় কুমার, এমরান হাশমির জন্য সিনেমার গানে কণ্ঠ দিলেও, আজ পর্যন্ত সালমানের জন্য গাইতে পারেননি এই গায়ক। নানাভাবে ক্ষমাপ্রার্থনা করেও সালমানের প্রিয় হতে পারেননি তিনি। এমনকি নতুন ছবি সুলতান-এর জন্য গান রেকর্ড করার পরও ছবি থেকে বাদ হয়েছে অরিজিতের কণ্ঠ। সালমানের কাছে এই বিতর্কের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘অরিজিৎ কে? কী হয়েছে তাঁর সঙ্গে? আমাদের ইন্ডাস্ট্রিতে এমন তো হরহামেশাই হচ্ছে!’

ধর্ষণের শিকার নারী নিয়ে মন্তব্য
সুলতান ছবির শুটিং শেষ করার পর সালমান নাকি নিজেকে ধর্ষিত নারীদের মতো অনুভব করতেন। টুইটারে এমনই একটি টুইট করেছিলেন তিনি। এ নিয়েই শুরু সালমানের এবারের বিতর্ক। এখনো এ বিতর্কের উত্তাপ নিয়েই এগিয়ে চলছে সালমানের ছবি সুলতান। নারীবাদী, রাজনীতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন দাবি করেছে, সাল্লুকে ক্ষমা চাইতে হবে জনসমক্ষে। তা না হলে বয়কট করা হবে সুলতান। এখন দেখার অপেক্ষা আদৌ সুলতান-এর ঈদটা দর্শকশূন্য প্রেক্ষাগৃহ নিয়ে কাটবে, নাকি শতকোটির মাইলফলক ছাড়িয়ে ছবিটি গড়বে নতুন ইতিহাস। যেমনটা এর আগে সালমান খানের ছবিগুলোর বেলায় ঘটেছে।
বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস, মিড-ডে ও দ্য হিন্দু অবলম্বনে