
ট্রেলার প্রকাশ
গত এপ্রিলে বেশ ধুমধাম করে ট্রেলার প্রকাশিত হয় উড়তা পাঞ্জাব ছবির। তখন ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটির ট্রেলার কোনো কর্তন ছাড়াই ছেড়ে দেয়। আর এ নিয়ে ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপও সে সময় টুইট করে তাঁর আনন্দ প্রকাশ করেন। সেন্সর বোর্ডের উদারনীতি দেখে মুগ্ধ অনুরাগ সে সময় লিখেছিলেন, ‘সব সময় দুষেছি সেন্সর বোর্ডকে। কিন্তু এখন কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না। ধন্যবাদ পেহলাজ নিহালিনি। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।’
প্রথম চেষ্টা
মে মাসে প্রথম দফায় সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় উড়তা পাঞ্জাব। কিন্তু মাদকের ভয়াবহ প্রভাব ও পাঞ্জাব প্রদেশে মাদক ব্যবসার রোমহর্ষক চিত্র তুলে ধরায় তাতে চলে সেন্সরের কাঁচি। বলা হয় ৪০টি দৃশ্য কাটতে হবে প্রথম দফায়। কিন্তু উড়তা পাঞ্জাব দল ছবিটি রিভিউয়ের জন্য আবেদন করে। সে সময় এই ৪০টি দৃশ্য কাটার নির্দেশের প্রতিবাদ জানান ছবির পরিচালক ও প্রযোজকেরা। অনুরাগ কাশ্যপ এই পরিস্থিতি নিয়ে মজা করে টুইটে লেখেন, ‘এখন আর উত্তর কোরিয়া যেতে প্লেনে চড়া লাগবে না। এখানেই তো তেমন শাসন চলছে!’

৮৯ দৃশ্য ছাঁটার নির্দেশ
পরিচালক অভিষেক চৌবে ও অনুরাগ কাশ্যপের অনুরোধে সেন্সর রিভিউ কমিটি আবারও দেখে ছবিটি। ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করেছিলেন, হয়তো এবার কিছুটা সদয় হবেন কমিটির সদস্যরা। কিন্তু কে জানত, অনুরাগ ও তাঁর দলের জন্য অপেক্ষা করছিল কঠিন কিছু। এবার বোর্ড এ ছবির ৮৯টি দৃশ্যে কাঁচি চালাল। ছবির নাম, গান, সংলাপ—সবখান থেকে পাঞ্জাব প্রদেশের নাম ছেঁটে ফেলার নির্দেশ দেওয়া হলো। ব্যস, শুরু হয়ে গেল আন্দোলন। গণমাধ্যম, বলিউডকর্মী থেকে শুরু করে সব সংস্কৃতিকর্মীরা সেন্সর বোর্ডের এই নির্দয় আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন।
কাদা-ছোড়াছুড়ি
চারদিক যখন উড়তা পাঞ্জাব তর্কে সরব, তখন ভারতের রাজনীতিকেরাও এ নিয়ে কাদা-ছোড়াছুড়িতে মেতে উঠলেন। সেন্সর বোর্ডের প্রধান পেহলাজ নিহালিনি অভিযোগ তোলেন, আগামী বছর অনুষ্ঠেয় পাঞ্জাবের প্রাদেশিক নির্বাচনে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিরোধী দল আম আদমি পার্টি অনুরাগকে টাকা দিয়েছে। এ জন্যই তিনি তৈরি করেছেন উড়তা পাঞ্জাব-এর মতো একটি ছবি। এই অভিযোগের পাল্টা জবাব দেয় আম আদমি পার্টিও। এভাবেই রাজনীতি শুরু হয়ে যায় ছবিটি ঘিরে। তবে এই কাদা-ছোড়াছুরির ইতি টেনে শেষমেশ অনুরাগ বলেন, ‘আমি কংগ্রেস, আম আদমি পার্টিসহ সব রাজনৈতিক দলকে এই ছবির সমর্থন করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। এই লড়াইটা আমার, আমাকেই লড়তে দিন।’

আদালতে উড়তা পাঞ্জাব
এসব কাদা-ছোড়াছুড়ির মাঝেই উড়তা পাঞ্জাব-এর প্রযোজকেরা ছবিটি নিয়ে আদালতে যান। মুম্বাইয়ের উচ্চ আদালত সেন্সর বোর্ডের রিভিউ কমিটির কাছে ছবিটি নিয়ে তাঁদের মতামতের লিখিত প্রতিবেদন চাইলে, তা জমা দেয় রিভিউ কমিটি। কিন্তু তাতে ৮৯টি কর্তনের বদলে মাত্র ১৩টি ছাঁটের বিষয়ে উল্লেখ করে তারা। এরপর আদালত মাত্র একটি দৃশ্য ছাঁটার নির্দেশ দিয়ে তা ভারতে প্রদর্শনীর অনুমতি দেয়।
সুপ্রিম কোর্টে উড়তা পাঞ্জাব
শহিদ কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর ও দিলজিত দোসনাজ অভিনীত উড়তা পাঞ্জাব মুক্তি পায় ১৭ জুন। কিন্তু ১৬ জুন একটি এনজিও এ ছবির মুক্তি স্থগিত করার আবেদন জানায় ভারতের সুপ্রিম কোর্টে। কিন্তু নির্মাতাদের স্বস্তি দেন আদালত। ছবিটিকে স্টে অর্ডার দেওয়া হয়নি সে সময়। তাই পরদিন ছবিটি মুক্তি পায় ভারতব্যাপী। কিন্তু সেই ১৬ জুন ঘটে আরেক দুর্ঘটনা। অনলাইনে ফাঁস হয়ে যায় উড়তা পাঞ্জাব। তবে অনুরাগ কাশ্যপের প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মস ও একতা কাপুরের বালাজি প্রোডাকশনের ত্বরিত কার্যক্রমে সেই ফাঁস হয়ে যাওয়া ছবিটির লিংক মুছে ফেলা হয় অন্তর্জালের দুনিয়া থেকে।
এখন উড়ছে...
অবশেষে সব ঝড়-ঝাপটা পেরিয়ে উড়তা পাঞ্জাব উড়ছে। বক্স অফিস কাঁপানো ব্যবসা করেনি ছবিটি, তবে প্রত্যাশার চেয়ে আয় বেশি বলে জানিয়েছেন এ ছবির লগ্নিকারীরা। সপ্তাহের শেষে এসে ছবির আয় ছাড়িয়েছে ৫০ কোটি রুপির কোটা। তবে ছবিটি এখন লড়ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সেন্সর বোর্ডের সঙ্গে। এখন দেখার অপেক্ষা সেখানে উড়তা পাঞ্জাব কতটা পাঞ্জাব কতটা স্বাধীনভাবে উড়তে পারে।
দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে