তাঁকে আজীবন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজীবন সম্মাননা গ্রহণ করার পর বক্তব্য দেন ফাহমিদা খাতুন। পাশে রেজওয়ানা চৌধুরী বন্যা ও অঞ্জন চৌধুরী
আজীবন সম্মাননা গ্রহণ করার পর বক্তব্য দেন ফাহমিদা খাতুন। পাশে রেজওয়ানা চৌধুরী বন্যা ও অঞ্জন চৌধুরী

‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে’—তিনি যখন মঞ্চে উঠছেন, তখন রবীন্দ্রনাথের এই পঙ্ক্তিই যেন বাজতে থাকল আমাদের বুকের ভেতর। শান্ত-সমাহিত ফাহমিদা খাতুনকে নিয়ে একটু আগেই দেখানো হয়েছে একটি তথ্যচিত্র। বলা হয়েছে, এ দেশে রবীন্দ্রসংগীতকে যাঁরা এগিয়ে নেওয়ার সংগ্রাম করেছেন, তিনি তাঁদের অন্যতম। বলা হয়েছে, স্বাধীনতার আগে ‘আমার সোনার বাংলা’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’সহ উজ্জীবনী গান শুনিয়েছেন বারবার, নানা মঞ্চে। তিনিই মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা নিতে মঞ্চে উঠলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলেই কিনা কে জানে, বৃক্ষের সজীবতা নিয়ে অনুষ্ঠানে আলো ছড়ালেন তিনি।
ফাহমিদা খাতুনকে উত্তরীয় পরিয়ে দিলেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, চেক ও ক্রেস্ট দিলেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। মঞ্চে ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হক।
ফাহমিদা খাতুন জানান, সংগীতকে প্রতিষ্ঠিত করার জন্য কত সংগ্রামই না করতে হয়েছে তাঁদের। নিজের পেশায় দক্ষতার পাশাপাশি নেশা হিসেবে গানকেও দিয়েছেন জীবনে যোগ্যতম স্থান। কোনো ছাড় দেননি বলেই আজকের এই অবস্থায় এসে দাঁড়ানো গেছে। কথাগুলো বলে ফাহমিদা খাতুন নেমে গেলেন মঞ্চ থেকে, কিন্তু তাঁর উপস্থিতি, তাঁর বলা কথাগুলো আমাদের মনে অনুরণিত হতে থাকল আরও অনেকক্ষণ। থাকবেও আরও অনেক দিন।