তাঁকে দেখে যেন পাথর হয়ে গেলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের বর্ণময় জীবনে থাকে বিচিত্র ঘটনা—কোনোটি বিশাল, কোনোটি সামান্য। এর মধ্যে এমন অনেক কিছু আছে, যা কাউকে কখনো বলা হয়নি। আজ তানিয়া আহমেদ শোনাচ্ছেন না-বলা সে রকম একটি ঘটনাছোটবেলায় আমি ছিলাম টমবয় টাইপের। পড়তাম উদয়ন স্কুলে। সারা দিন নানা রকম দুরন্তপনা করে কাটত। সংগীতশিল্পী আগুন ছিল আমার স্কুলের সহপাঠী। আমি তখন মাত্র ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উঠেছি। এ সময় আমার এক মামার বিয়ে হলো। বিয়ে মানে উৎসব। একসঙ্গে সবাইকে নিয়ে অনেক দিন হইহল্লা। তো, মামার বিয়ে উপলক্ষে মামাবাড়িতে আত্মীয়স্বজন সবাই মিলে একত্র হলাম আমরা। সেখানে ছিলেন আমার মামির দূরসম্পর্কের এক ভাই। তিনি যখন প্রথম বিয়েবাড়িতে এলেন, মনে আছে, আমিই দরজা খুলে দিয়েছিলাম। তিনি বোধ হয় তখন ইন্টারমিডিয়েটে পড়তেন।দু-এক দিনের মধ্যেই বুঝতে পারলাম, আমার মামির দূরসম্পর্কের সেই ভাই আমাকে অনুসরণ করছেন। আমাকে দেখলেই কেমন যেন রোমান্টিক হাসি দেন তিনি। এর মধ্যে আবার একটা কাগজে আঁকাবাঁকা করে কীসব লিখেছেন। আমাকে দেখলেই মুখে লম্বা হাসি ঝুলিয়ে জিগ্যেস করেন, ‘বলো তো তানিয়া, এটা কী?’ আমি ছোট মানুষ। ওই কাগজের লেখা তো কিচ্ছু বুঝি না; বরং অক্ষরগুলো বিভিন্নভাবে আঁকাবাঁকা হওয়ার কারণে পুরো লেখাটাকে আমার কাছে হাতির পিঠে একটা মানুষ বসা—অনেকটা এ রকম মনে হয়। ফলে কিছু না বুঝে আমি যত হাঁ করে তাকিয়ে থাকি, ততই তিনি হাসেন। একসময় দেখলাম, ওই লেখার অর্থ বুঝতে পেরে বাড়ির আরও অনেকেই হাসছেন। ওদিকে আমি ততটাই নাকাল—কিছুই বুঝতে পারি না। অগত্যা একে-ওকে জিগ্যেস করি লেখাটির অর্থ। ওমা! আমার দিকে তাকিয়ে দেখি তাঁরাও হাসেন।একসময় আর ধৈর্যে কুলাল না। তাঁকে গিয়ে বললাম, ‘বলুন, লেখাটির কী অর্থ?’ তিনি আগের মতোই হাসলেন। একটু পরে বললেন, ‘তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ তাঁর ওই কথায় সে সময় পাত্তা দিইনি। আমার মাথায় তখন কেবল লেখার অর্থ জানার চিন্তা। অনেক চাপাচাপির পর বললেন, যেদিন মামার বিয়ের অনুষ্ঠান হবে, সেদিন বলবেন।অবশেষে কথামতো নির্ধারিত দিনে আমার অবোধ্য সেই লেখাটির অর্থ তিনি আমায় জানিয়েছিলেন। অর্থ জানার পর আমি তো অবাক! লেখাটিতে ইংরেজি হরফে আমার নাম ‘তানিয়া’ অর্থাৎ ‘টি এ এন আই এ’—স্রেফ এই শব্দগুলো লেখা! তখন বুঝিনি, তবে কিছুদিন পরই বুঝতে পারি, তিনি আমাকে পছন্দ করেন। এ সময় আমার মধ্যে তাঁর জন্য কি মায়া তৈরি হয়েছিল? জানি না। এটুকু বলতে পারি, আমার ভেতরে একধরনের খারাপ লাগা তৈরি হয়। তত দিনে আমি অষ্টম শ্রেণী পড়ুয়া। তিনি মাঝেমধ্যেই আমার স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকতেন। আর তাঁকে দেখলে আমার ভেতরে যে কী হতো, আমি যেন পাথর হয়ে যেতাম! অনেক বছর পর তাঁর সঙ্গে আবার দেখা হয়েছিল। আমি তখন এক বাচ্চার মা। মামাবাড়িতে গেছি। কলবেল বাজাতেই দরজা খুলে গেল। ভেতরে ঢুকতেই দেখি, দাঁড়িয়ে আছেন তিনি। তাঁকে দেখে দীর্ঘদিন পর আবারও আগের মতো পাথর হয়ে গেলাম! সঙ্গে সঙ্গে মনে পড়ল, সেই কিশোরীবেলায় এভাবেই আমি একবার দরজা খুলেছিলাম।  অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ