তাঁকে নিয়ে ‘বন্ধে মায়া লাগাইছে’
শাহ আবদুল করিমের জীবন অবলম্বনে এবার বাণিজ্যিক ধারার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হবে। নাম বন্ধে মায়া লাগাইছে। ছবির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সাইমন জাকারিয়া, পরিচালনা করছেন নূরে-আলম। এর আগে শাহ আবদুল করিমের ওপর একাধিক প্রামাণ্যচিত্র এবং একটি মঞ্চনাটক তৈরি হয়েছে। সাইমন জাকারিয়া বললেন, ‘শাহ আবদুল করিমের তিরোধানের পর নূরে-আলম আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি শাহ আবদুল করিমের ওপর একটি বাণিজ্যিক ধারার চলচ্চিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেন। তাঁর অনুরোধ এবং এ দেশের সাধুগুরু ও সাধকসমাজের প্রতি দায়িত্ববোধ থেকে একসময় আমি ছবিটির চিত্রনাট্য রচনা করি। চিত্রনাট্যে আমি শাহ আবদুল করিমের জীবনকাহিনির নির্ভরযোগ্য পাঠ এবং শাহ আবদুল করিমের আত্মস্মৃতিকে অবলম্বন করেছি। এখানে তাঁর ২০টি গান ব্যবহার করেছি।’বন্ধে মায়া লাগাইছে চলচ্চিত্রে শাহ আবদুল করিমের শিশুকাল, কৈশোর, যৌবন ও বার্ধক্য পর্যায় পর্যন্ত এবং বৃহত্তর সিলেট অঞ্চলের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হয়েছে। তবে এখানে শাহ আবদুল করিমের জীবনের মানবিক প্রেমের দিকটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নূরে-আলম বলেন, ‘আগামী সেপ্টেম্বর মাসে শাহ আবদুল করিমের তিরোধান দিবসের আগেই বন্ধে মায়া লাগাইছে ছবির কাজ শেষ করব। এখন শিল্পী নির্বাচনের কাজ চলছে।’