>

বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগম। তাঁর কণ্ঠে নজরুলসংগীত পেয়েছিল অন্য মাত্রা। কাজী নজরুল ইসলামের গানকে তিনি জনপ্রিয় করেছেন বাংলাদেশ ও ভারতে। ৯ সেপ্টেম্বর ছিল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন।
কেটে গেল একটি বছর—ফিরোজা বেগম নেই। মনে পড়ছে গত বছরের সেই দিনটির কথা, যেদিন ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিবে গেল তাঁর জীবনপ্রদীপ।
এ কথা সবাই জানেন, নজরুলসংগীতকে মানুষের মনের আঙিনায় পৌঁছে দিতে যে কয়েকজন নিরলস কাজ করে গেছেন, তিনি ছিলেন তাঁদের অন্যতম।
ফিরোজা বেগমের কথা বলতে গেলে সে কথায় ঘুরেফিরে আসবেন কাজী নজরুল ইসলাম। আসবেন কমল দাশগুপ্ত।
পুরোনো কথাই বলি আমরা। গানটান করত মেয়েটা। গলায় সুর ছিল। ১১ বছর বয়সে সে তার মামা ও গান-পাগল দুই মামাতো ভাইয়ের সঙ্গে এইচএমভিতে (হিজ মাস্টার্স ভয়েস) গিয়েছিল। অল ইন্ডিয়া রেডিওর সুনীল বোসের সঙ্গে এই দুই ভাইয়ের ছিল সখ্য। তিনিই বলেছিলেন অল ইন্ডিয়া রেডিও আর এইচএমভিতে নিয়ে আসার কথা।
মাথায় টুপি, ঘিয়ে রঙের পাজামা-পাঞ্জাবি পরা এক ভদ্রলোক গান শেখাচ্ছিলেন এইচএমভির একটি ঘরে। ছোট ঘর। গাদাগাদি করে বসেছে সবাই। অস্বস্তি হচ্ছিল ফিরোজার। নজরুল যখন শুনলেন, এই ছোট মেয়েটা তাঁকে গান শোনাতে এসেছে, তখন হেসে গান করার অনুমতি দিলেন। ফিরোজা কিন্তু একরাশ বিরক্তি নিয়েই গান ধরল, ‘যদি পরানে না জাগে আকুল পিয়াসা’। গানটি করে উঠে আসছিল ফিরোজা। নজরুল হাত ধরলেন তার। বললেন, ‘ওরে সর্বনাশ! কী গান শোনালে তুমি! এতটুকু মেয়ে, এ গান কোথা থেকে শিখলে?’
নজরুল যখন জানলেন, মেয়েটা রেকর্ড থেকে শিখে গান করে, কারও কাছে শেখে না, তখন তাঁর অট্টহাসি থামায় কে!
সেদিনই নজরুল কমল দাশগুপ্তকে ডাকলেন। ফিরোজার গান শুনতে বললেন। অসাধারণ সুরস্রষ্টা কমল দাশগুপ্তকে পরে বিয়ে করেন ফিরোজা। এ মেয়ে রেকর্ড শুনেই অসাধারণ গায়, গান শেখালে কোথায় গিয়ে পৌঁছাবে, সেটা বুঝতে নজরুলের খুব সময় লাগেনি।
আড়াই বছর সচল নজরুলকে পেয়েছিলেন ফিরোজা বেগম।
১৯৪২ সালে অসুস্থ হয়ে যাওয়ার পর নজরুলের গানও হয়ে যাচ্ছিল অতীতের বিষয়। আধুনিক গানের দাপটে নজরুল হারিয়ে যাচ্ছিলেন। প্রকাশ্যে নানা ধরনের গান গাইছেন তখন ফিরোজা, তবে নিঃশব্দে চালিয়ে যাচ্ছিলেন নজরুল-গীতির সাধনা। ১৯৫৭ সালে আকাশবাণীতে তিনটি নজরুলসংগীত গাইলেন ফিরোজা। সে গানে দারুণ সাড়া জাগল কলকাতায়! এইচএমভি থেকে ফিরোজার কাছে অনুরোধ এল রেকর্ডের, ফিরোজা বেগম বললেন, তিনি শুধুই নজরুল-গীতি করতে চান। নজরুল তখন খুবই অবহেলিত। তবে ফিরোজার জেদের কাছে পরাজিত হয়েছিলেন এইচএমভির রিপ্রেজেনটেটিভ পি কে সেন। সে রেকর্ড আবার যেন ফিরিয়ে আনে নজরুলকে। বলা যায়, এটা ছিল নজরুলের নব-উত্থান।
ফিরোজা বেগমের একটি অনন্য কাজ হলো ১৯৬২ সালে কলকাতার মহাজাতি সদনে নজরুলকে নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান করা। পুরোনো-নতুন নজরুলসংগীতশিল্পীরা গান করেছিলেন এ অনুষ্ঠানে। কল্লোল-যুগের নজরুলের সমকালীন লেখকেরা করেছিলেন আলোচনা, স্মৃতিচারণা। এই অনুষ্ঠানটি নজরুলকে নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছিল। পরের কয়েক বছরও কলকাতায় ঘটা করে নজরুলের জন্মদিবস উদ্যাপন করা হয়েছে।
১৯৬৭ সালে ফিরোজা বেগম চলে এলেন ঢাকায়। অব্যাহত রাখলেন নজরুলচর্চা।
নানা ধরনের গানই করতে পারতেন ফিরোজা বেগম। কিন্তু যেকোনো অনুষ্ঠানে প্রধানত নজরুলসংগীতই গেয়েছেন।