তাঁকে স্মরণের দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আল-মামুন
আবদুল্লাহ আল-মামুন

নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ আল-মামুনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২১ আগস্ট তাঁকে বিশেষভাবে স্মরণের দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে আয়োজন করা হয়েছে বেশ কিছু অনুষ্ঠানের।
নাট্যব্যক্তিত্ব আল মনসুর নির্মাণ করেছেন ‘বহুমাত্রিক আবদুল্লাহ আল-মামুন’ নামের একটি অনুষ্ঠান। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে দেখানো হবে আবদুল্লাহ আল-মামুনের বর্ণাঢ্য জীবন। তাঁকে নিয়ে কথা বলবেন স্বজন, বন্ধু ও দীর্ঘদিনের সহকর্মীরা। আল মনসুর বললেন, ‘এটা একটা অন্য রকম আয়োজন। নির্মাণে সহযোগিতা করেছেন মাসুদ চৌধুরী এবং প্রযোজনা করেছেন মো. আজগর আলী।’ এটি আজ রাতে বিটিভিতে দেখানো হবে।
আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর আয়োজনে থাকছে বুদ্ধদেব বসুর নাটক প্রথম পার্থ-এর ২৫তম প্রদর্শনী। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে নাটকের আগে স্মৃতিচারণা করবেন ফেরদৌসী মজুমদার।
এ ছাড়া আবদুল্লাহ আল-মামুন স্মরণে আজ চারদিকে যুদ্ধ নাটকটি মঞ্চস্থ করবে নাট্যম রেপার্টরি। সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনের এই নাটকটির নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত।