তাঁতিদের নিয়ে আতিকের ‘অবাক সন্দেশ’
‘আমার জন্ম টাঙ্গাইলে। ছোটবেলা ঘুম ভাঙত তাঁতের শব্দে। এখনো সেই আওয়াজ কানে বাজে। তাই এবার বৈশাখের জন্য তাঁতিদের নিয়ে নাটক তৈরি করেছি।’ বললেন নূরুল আলম আতিক। পয়লা বৈশাখে এনটিভিতে প্রচারিত হবে তাঁর নাটক অবাক সন্দেশ।আতিক জানান, পুরো নাটকটির কাজ করেছেন টাঙ্গাইলের দেলদুয়ারের ধলুটিয়ায়। বাড়িটি যাঁর, তিনি নিজেও একজন তাঁতি। নাম আকবর।অবাক সন্দেশ নাটকে অভিনয় করেছেন আজিজুল হাকিম, জয়া আহসান, হুমায়ুন ফরীদি প্রমুখ। নাটকের গল্প প্রসঙ্গে আতিক জানান, তাঁতিবউ আঞ্জুমান নিজেও শাড়ি বুনতে দক্ষ। তার মৃত্যুর পর স্বামী নবীন একেবারে বদলে গেছে। একদিন তাঁতঘরে মাকুর আসা-যাওয়ার শব্দে ঘুম ভাঙে নবীনের। তাঁতঘরে এসে দেখে, অসংখ্য শাড়ি বোনার পর ভাঁজ করে রাখা। আর একটি মেয়ে তাঁত বুনেই চলেছে। মেয়েটিকে দেখে আঁতকে ওঠে সে। কারণ, মেয়েটি তার মৃত বৌ আঞ্জুমান। নবীনকে দেখে সে হাসতে শুরু করে। মেয়েটির ভূতুড়ে হাসিতে কেঁপে ওঠে নবীন।