>১১ মে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ তুলে দেওয়া হলো বিজয়ীদের হাতে। বেশ আগেই ঘোষণা করা হয়েছিল তাঁদের নাম। কিন্তু পুরস্কার গ্রহণের অনুভূতি তো আলাদা। তাই জাতীয় পুরস্কারটি যখন বিজয়ী ব্যক্তিরা ঘরে তুললেন, তখন তাঁদের কয়েকজনের কাছে অনুভূতি জানতে চাওয়া হলো—

রাণী সরকার
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’-এ আজীবন সম্মাননা গ্রহণ করেছেন অভিনেত্রী রাণী সরকার। পুরস্কার গ্রহণের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আহারে কী বলব! এই অনুভূতির কথা কি আর মুখে বলা যায়? প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক দোয়া করি। তিনি আমার জন্য অনেক করেছেন। আমার বেঁচে থাকার জন্য তাঁর অবদানের কথা কখনো ভুলব না।’ পুরস্কার নেওয়ার সময় প্রধানমন্ত্রীর হাতে কিসের খাম তুলে দিলেন জানতে চাইলে বলেন, ‘একটা ব্যক্তিগত চিঠি।’
তারিক আনাম খান (শ্রেষ্ঠ অভিনেতা, খল চরিত্রে)
এ দেশের চলচ্চিত্রের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। রাষ্ট্রীয় স্বীকৃতি অনেক সম্মানের। এ স্বীকৃতি আমার আগামী দিনের কাজকে আরও উৎসাহিত করবে।
জেমস (শ্রেষ্ঠ গায়ক)

এই পুরস্কারটি অপ্রত্যাশিত। কারণ, আমি সিনেমায় গান করি না। ভালোই লাগছে। রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে সবারই ভালো লাগার কথা। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে একটু অন্য রকম শক্তি জোগাবে এই পুরস্কার।
মমতাজ (শ্রেষ্ঠ গায়িকা, যৌথভাবে)
পুরস্কার সব সময় ভালো লাগার ব্যাপার। শ্রোতাদের ভালোবাসার থেকে বড় পুরস্কার আমার কাছে আর কিছু নেই। তবে রাষ্ট্রীয় পুরস্কারটি গুরুত্বপূর্ণ। সামনে আরও ভালো কাজ করার জন্য এটা প্রেরণা হিসেবে কাজ করবে। সবচেয়ে বেশি শ্রদ্ধা ও ভালোবাসা আমার শ্রোতাদের প্রতি।চিত্রলেখা গুহ (শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী)
খুব ভালো লাগছে। প্রাপ্তিটা সব সময়ই ভীষণ আনন্দের। এই পুরস্কারের সঙ্গে মানুষের ভালোবাসাও জড়িয়ে আছে। এটা পাওয়ার পর দায়িত্ব আরও বেড়ে গেছে। পাশাপাশি ভালো ছবি, ভালো চরিত্রে কাজ করার স্পৃহাও বেড়ে গেছে।
গ্রন্থনা: রাসেল মাহমুদ