তাঁদের অপেক্ষা, তাঁদের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ নভেম্বর প্রথম আলোর সহায়তায় ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব’। উৎসব উপভোগের জন্য অনলাইনে এখন চলছে দর্শক-শ্রোতাদের নাম নিবন্ধনের পালা। উচ্চাঙ্গসংগীত উৎসবে সুরের মূর্ছনায় মোহিত করবেন অনেকেই। তাঁদের মধ্যে ভারতীয় উচ্চাঙ্গসংগীতের তিন জীবন্ত কিংবদন্তি পণ্ডিত বিরজু মহারাজ, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ও পণ্ডিত শিবকুমার শর্মাকে অনেক দিন পর আবারও দেখা যাবে ঢাকায়। উৎসবের আগ মুহূর্তে এখন শোনা যাক এই তিন কীর্তিমানের কিছু জানা-অজানা গল্প...আর মাত্র কদিন। এরপর ২৯ নভেম্বর সন্ধ্যা ছয়টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব।’ চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। এই উৎসবে বিরজু মহারাজ নাচবেন ও গাইবেন। আর বাজাবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ও শিবকুমার শর্মা। তবে উচ্চাঙ্গসংগীতের এই তিন পুরোধার মধ্যে অদ্ভুত একটি মিল রয়েছে—তাঁদের তিনজনেরই জন্ম ১৯৩৮ সালে। তবে মাস ও দিনের হিসাবে তাঁদের মধ্যে সর্বজ্যেষ্ঠ হচ্ছেন শিবকুমার শর্মা। তাঁর জন্ম ১৩ জানুয়ারি। এরপর মহারাজের জন্ম ৪ ফেব্রুয়ারি এবং চৌরাসিয়া জন্মেছেন ১ জুলাই।তিন মহারথীর মধ্যে আরও একটি মিল রয়েছে, এই ত্রয়ীরই রাগদারি ও তবিয়তদারি অনেক উঁচু দরের। বাজানো বা গাওয়ার সময় জাগতিক জ্ঞানে থাকেন না, বুঁদ হয়ে থাকেন সুরের নেশায়।কত্থক নৃত্যের মহারাজ পরিবারের সদস্য পণ্ডিত বিরজু মহারাজ বর্তমানে শুধু ভারতীয় নৃত্যশিল্পের পুরোধাই নন, তিনি একজন সুরেলা ঠুমরি গায়কও বটে। কত্থক নৃত্যনাট্যের মাধ্যমে তিনি এই শিল্পকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। উচ্চাঙ্গসংগীত উৎসবে বিরজু মহারাজ গাইবেন ১ ডিসেম্বর।এবার বলব পণ্ডিত শিবকুমার শর্মার কথা। কাশ্মীরের পাহাড়ের উপত্যকায় সুর তুলত স্থানীয় লোকসংগীতযন্ত্র শততন্ত্রী বীণা। তাতে বাজত কাশ্মীরের ঐতিহ্যবাহী দগরি লোকসংগীতের সুর। এই সংগীতকে সম্পূর্ণ নিজের চেষ্টা এবং নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আজকের পর্যায়ে এনেছেন শিবকুমার শর্মা। ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটিকে পৌঁছে দিয়েছেন তিনি। উৎসবের দ্বিতীয় দিন ৩০ নভেম্বর মঞ্চে বসবেন শিবকুমার শর্মা।আর পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, আমাদের কাছে যাঁর পরিচয় ভুবনভোলানো বাঁশিবাদক হিসেবে, তাঁর বাবা ছিলেন ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদের একজন কুস্তিগির। বাবা চেয়েছিলেন, ছেলেও কুস্তিগির হবেন। কিন্তু পূরণ হয়নি বাবার ইচ্ছা। শুরুতে বাবাকে না জানিয়ে এক বন্ধুর বাড়িতে লুকিয়েই বাঁশি বাজানোর চর্চা শুরু করেন চৌরাসিয়া। তবে বাবার সঙ্গে তিনি কুস্তির অনুশীলনও করতেন, যা এই পণ্ডিতকে বাঁশি বাজানোর ক্ষেত্রে বাড়তি একটি সুবিধা এনে দিয়েছে। বাঁশি বাজাতে হলে প্রচুর দমের প্রয়োজন হয়। কুস্তির অনুশীলন করে সে জিনিসটা ভালোভাবেই রপ্ত করেছিলেন তিনি।তবে পণ্ডিত চৌরাসিয়া কিন্তু প্রথমে প্রথাগতভাবে কণ্ঠসংগীতের তালিম নিতে শুরু করেন। তখন তাঁর বয়স ১৫। পরে হাতে তুলে নেন বাঁশি। প্রথমে তালিম নেন পণ্ডিত ভোলানাথের কাছে। এরপর অল ইন্ডিয়া রেডিওতে চাকরির সময় ওস্তাদ আলাউদ্দিন খানের মেয়ে অন্নপূর্ণা দেবীর কাছে তালিম নেওয়ার সুযোগ পান তিনি।কথিত আছে, হরিপ্রসাদ চৌরাসিয়া ও শিবকুমার শর্মা যখন একসঙ্গে বসেন, তখন তাঁরা একজন অন্যজনের ভেতর একাকার হয়ে যান। তখন তাঁরা হয়ে যান ‘হরিহর আত্মা’। এ দুজন একসঙ্গে অসংখ্যবার বাজিয়েছেন, চলচ্চিত্রে সুর করেছেন। ‘শিবহরি’ নামে তাঁরা সিলসিলা, ফাসলে, চাঁদনী, লামহে, ডরসহ আরও অনেক ছবিতে সুরকার হিসেবে কাজ করেছেন।শুধু ভারত নয়, ইউরোপ-আমেরিকায়ও শ্রোতাদের কাছে এই ‘শিবহরি’র যুগলবন্দী অনেকটা আরাধনার বিষয়। দুজনই এর আগে ভিন্ন ভিন্ন সফরে ঢাকাতে বাজিয়েছেন। কিন্তু এবারই প্রথম তাঁদের এক অধিবেশনে পাওয়া যাচ্ছে। কিন্তু বাংলাদেশের শ্রোতারা একটু আফসোস করতেই পারেন। কারণ, এ মানিকজোড়ের যুগল রাগদারি ও তবিয়তদারির শোনা ও দেখার সুযোগ উচ্চাঙ্গসংগীত উৎসবের অধিবেশন সূচিতে নেই।উচ্চাঙ্গসংগীত উৎসবে নাম নিবন্ধন করতে চাইলে লগ অন করুন www.bengalfoundation.org