একটি রান্নার প্রতিযোগিতায় দুটি সিজনে বিচারক ছিলেন অভিনেতা তারিক আনাম খান। খেয়ে দেখেছেন প্রতিযোগীদের রান্না। অন্যদিকে টানা নয় বছর রন্ধনশিল্পী সিদ্দিকা কবীরের সঙ্গে রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন শারমিন লাকী। দুজনই বলেছেন সেই অভিজ্ঞতা।

তারিক আনাম খান, অভিনেতা
কমপক্ষে ৫০০ পদের খাবার খেয়েছি
রান্না এখন শুধু রান্না নেই, একটা শিল্প। এটা ভালোমতো বুঝেছি, রুপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ প্রতিযোগিতায় বিচারক হয়ে। ওই প্রতিযোগিতার সেরা রাঁধুিন বিচার করার উপায়ই ছিল তাঁর রান্না করা খাবার খেয়ে দেখা।
এ কাজটি করতে গিয়ে কমপক্ষে দেশি-বিদেশি ৫০০ পদের খাবার খেয়েছি। বেশিও হতে পারে। এটা আসলেই একটা দুর্দান্ত অভিজ্ঞতা। আমি এমনিতেই খেতে পছন্দ করি। নতুন খাবারের স্বাদ নেওয়ার ব্যাপারে আমার বরাবরই আগ্রহ আছে। এই অভ্যাসটা ধরিয়ে দিয়েছে আমার স্ত্রী নিমা রহমান। বিয়ের পরপরই নানা ধরনের খাবার রান্না করত। সেগুলো খেয়ে একটা অভিজ্ঞতা হয়েছিল। অভ্যাসটাও কাজে লেগেছিল। আর অনুষ্ঠানে শেফ ও প্রতিযোগীরা মিলে অদ্ভুত রকমের খাবার রান্না করতেন। একটা উদাহরণ দিই, এক প্রতিযোগী ক্যাপসিকাম দিয়ে হালুয়া রান্না করেছিলেন। ছিল মাংস দিয়ে নানান পদ।
খাওয়া নিয়ে আমার মন্তব্য হলো, বাঙালির খাবারের সঙ্গে আবেগ জড়িত থাকে বলে বেশি সুস্বাদু মনে হয়।

শারমিন লাকী, উপস্থাপক
আমাকে এখন ‘ফুড টেস্টার’ হিসেবে কাজ করতে হয়
টানা নয় বছর সিদ্দিকা আপার সঙ্গে অনুষ্ঠান করেছি। এ কারণে অনেকের ধারণা, আমি খুব ভালো খাবার বিশেষজ্ঞ। আমার বিভিন্ন জায়গা থেকে ডাক আসে একজন ‘ফুট টেস্টার’ হিসেবে। কেউ বাড়িতে নতুন খাবার রান্না করলে কিংবা রেস্তোরাঁ চালু করলে আমাকে দাওয়াত করে নিয়ে যায়। অদ্ভুত সব অভিজ্ঞতা হয়। দেখা যায়, রান্না করে রন্ধনশিল্পী ছলছল চোখে তাকিয়ে আছেন। তাঁর খাবারকে কোনোভাবেই খারাপ বলা যায় না। তাই ভালো বলতে হয়।
আবার যাঁর সঙ্গে কথা বলে বুঝি সমালোচনা নিতে পারবেন, তাঁকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিই। আমার জন্য বড় অভিজ্ঞতা হলো, সহজেই রান্নার ভুল ধরতে পারি। কদিন আগে এক চাইনিজ রেস্তোরাঁয় গিয়েছি, সেখানে চাইনিজ অ্যাপিটাইজার হিসেবে দিয়েছে ইন্ডিয়ান এক খাবার। পরে ভুলটি ধরিয়ে দিলে তারা ‘স্যরি’ বলে।
মজার ব্যাপার হলো, এখন রান্নার অনুষ্ঠান উপস্থাপনা না করলে কী হবে, বাইরে গেলে আমাকে ‘রান্না আপা’, ‘রেসিপি আপা’ ডাকা হয়। এ ব্যাপারটা খুব উপভোগ করি।