তাঁদের চোখে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিক্রেট ইন দেয়ার আইজ ছবির পোস্টার
সিক্রেট ইন দেয়ার আইজ ছবির পোস্টার

চলচ্চিত্রের পর্দায় আজকাল জুলিয়া রবার্টসের দেখা মেলা ভার। তবে যখন একটা চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেন, সেরা কাজটাই পাওয়া যায় তাঁর কাছ থেকে। নতুন ছবি সিক্রেট ইন দেয়ার আইজও এর ব্যতিক্রম নয়। যুক্তরাষ্ট্রজুড়ে এই ছবি মুক্তি পাচ্ছে কাল ২০ নভেম্বর।
প্রিটি উইমেন, ইরিন ব্রোকোভিচ, নটিং হিল, মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং, মোনালিসা স্মাইল প্রভৃতি ছবির জন্য খ্যাত ৫০ ছুঁই ছুঁই জুলিয়া রবার্টস সিক্রেট ইন দেয়ার আইজ-এ আবার জানিয়ে দিলেন, তিনি সত্যিই অফুরান। এই ছবির প্রধান চরিত্র তিনি। ‘জেস’ নামের একজন গোয়েন্দা। তবে সেই পেশাগত পরিচয় ছাপিয়ে একজন মমতাময়ী মাকে দেখা যায়, যিনি মুখোমুখি হন অকল্পনীয় বেদনার।

জুলিয়া রবার্টস
জুলিয়া রবার্টস

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের আরেক কর্মী রে (চিওয়েটেল এহিয়েফো) এবং আইন কর্মকর্তা ক্লেয়ারের (নিকোল কিডম্যান) সঙ্গে কাজ করেন জেস। একদিন তাঁর কিশোরী মেয়েটা নির্মমভাবে খুন হয়। সেই থেকে জীবনটা এলোমেলো হয়ে যায় জেসের। দুঃসহ সেই দিনের পরের ১৩টি বছর ধরে প্রতিদিনই খুঁজে ফেরেন মেয়ের খুনিকে। অবশেষে তিনি সেই হত্যারহস্য ভেদ করার একটা সূত্র পেয়ে যান।
কী সেই রহস্য, যা তাঁদের চোখে ভেসে বেড়ায়? জানতে হলে ছবির শেষ অবধি দেখা চাই। আর সেই গোপন খবর এতটাই বেদনাদায়ক ও অবর্ণনীয় যে কেউই সেটা শুনতে প্রস্তুত ছিল না। জেস এটাও জানতে পারেন, ব্যক্তিগত আক্রোশ কতটা ভয়ংকর হতে পারে।
ছবিতে অতীত ও বর্তমান যেন পরস্পর মিলেমিশে গেছে। গভীর এক রহস্য উন্মোচন করতে গিয়ে এখানে ন্যায় আর প্রতিহিংসার অদেখা সীমারেখাও মুছে গিয়েছে। একটা অতল ভুল শোধরানোর জন্য মানুষকে কতটা পথ পাড়ি দিতে হয়, সেই প্রশ্নেরও উত্থাপন এই কাহিনি।
অস্কারজয়ী অভিনয়শিল্পী জুলিয়া রবার্টসকে সিক্রেট ইন দেয়ার আইজ-এ দেখে চেনা দায়। প্রায় কোনো মেকআপ ছাড়াই তিনি এ ছবিতে অভিনয় করেছেন। ভগ্ন শরীর-স্বাস্থ্য আর চোখে-মুখে-অবয়বে বিষাদের করুণ ছায়া। ত্বক বিবর্ণ, ঠোঁটজোড়া শুষ্ক, আর তাঁর চুলগুলো দেখে মনে হয় যেন নিজেই কেটেছেন অযত্ন-অবহেলায়।
জুলিয়ার ভাষ্য, জেসের চরিত্রের গভীরে প্রবেশ করার চেষ্টা করেছেন তিনি। আর সে জন্যই পোশাক-আশাকের প্রতি গুরুত্ব দেওয়ার চেয়ে এক নারীসত্তার অন্তরের শূন্যতাকে ফুটিয়ে তোলা বেশি প্রয়োজনীয় ছিল।
ছবিটি তৈরি হয়েছে আর্জেন্টিনার থ্রিলার ধাঁচের একটি চলচ্চিত্রের ছায়া অবলম্বনে। ২০১০ সালে এটি বিদেশি ভাষার সেরা ছবি হিসেবে অস্কার পুরস্কার পেয়েছিল। তবে সেই কাহিনির মূল চরিত্রটি ছিল একজন পুরুষ। সেটিকে পাল্টে নারী রূপ দেওয়া হয় সিক্রেট ইন দেয়ার আইজ ছবিতে, জুলিয়া রবার্টসের জন্য। এ ছবিতে প্রতিটি চরিত্রের নৈতিক দোটানা স্পষ্ট। জুলিয়া বলেন, এ ধরনের পরিস্থিতি মানুষকে অতীতের দিকে তাকিয়ে এগোনোর পথ করে দেয়। আর তাদের ভাবায়: ‘আমি এটা করব না। থামো, না, আমি এটাই করব...!’
ছবির চিত্রনাট্যকার ও পরিচালক বিলি রে বলেন, নৈতিকতার দ্বন্দ্বে ভরা ছবিটি টান টান উত্তেজনায় পূর্ণ। তা-ই দর্শককে ধরে রাখে শেষ পর্যন্ত। তারপর সেই রহস্যের সমাপ্তিতে স্পষ্ট হয়, পরবর্তী কী করতে হবে, সেটাও স্পষ্ট হয়।
ভ্যারাইটি ও এক্সামিনার অবলম্বনে