তাঁদের বদলে যাওয়া ঈদ
জনপ্রিয় তারকা দম্পতি তাহসান-মিথিলা। প্রেম করে বিয়ে করেছেন, কোলজুড়ে এসেছে সন্তান। এই দীর্ঘ সময়ে এই দম্পতির ঈদ উৎসবের রংও কি একই রকম, নাকি আছে কোনো ভিন্নতার ছোঁয়া? তাঁদের নিজের মুখেই শুনুন সে কথা

চকচকে রোদের নিচে বেশ খানিকটা সময় তাহসানের গাড়ি দাঁড়িয়ে ছিল। ভেতরে বসার সঙ্গে সঙ্গেই বর্ষার মৌসুমে চৈত্রের দাবদাহের তাপ গায়ে জড়িয়ে গেল। তবে মুহূর্তেই পাল্টে গেল পুরো দৃশ্যপট, যখন গাড়িতে বেজে উঠল তাহসানের নতুন গানগুলো। এবারের ঈদে নতুন অ্যালবাম উদ্দেশ্য নেই-এর জন্য শ্রোতামহল থেকে বেশ সাড়া পেয়েছেন তিনি। তাই এ ঈদে যেন স্বস্তির একটা ভাব আছে। একই কথা খাটে মিথিলার বেলায়ও। এবার ঈদ পরিপূর্ণ ছিল তাঁরও। ঈদের পর তাই পূর্ণতা আর অপূর্ণতার খতিয়ান মেলাতেই এ দম্পতির সঙ্গে বসা হলো তাঁদের নতুন বাড়িতে।
গুলশানের হর্টিকালচার পার্ক থেকে সোজা তাহসান-মিথিলার নতুন নীড়ে। ঘরে ঢুকতে টাটকা এক থোকা বাতাস স্বাগত জানায়। আর তাহসান-মিথিলা এক নজর পুরো ঘরের দিকে বুলিয়ে নিলেন। নতুন ঘরের আনকোরা অবস্থা দেখে মিথিলার বিনয়ী ভাষ্য, ‘বাসার জিনিসপত্র মাত্র কালকে স্থানান্তর করা হয়েছে। এখনো কিছুই গোছানো হয়নি। চুলো লাগাতে হবে, ইলেকট্রিসিটি ওয়্যারিংও ঠিক করা লাগবে। সব কাজই বাকি রয়ে গেছে।’ যোগ দিলেন তাহসানও, ‘কাল সারা দিন মালপত্র শিফটে কেটে গেছে। হাতে আছে আজকের দিনটিই। কাল থেকে তো আবার অফিস। ঈদের ছুটি শেষ।’ বলতে বলতেই ঈদের গল্প শোনাতে বসলেন তাহসান-মিথিলা। জোড় বেঁধে চলার পথে ঈদ উদ্যাপনের কয়েকটি ধাপ পেরিয়েছেন এ জুটি।
প্রেমের সময়ের ঈদগুলো ছিল এক বিকেলের আড্ডা। মিথিলা এক বিকেলের সাজপোশাক আর গল্প দিয়েই তাহসানকে তাঁর পুরো ঈদের সারমর্ম বোঝাতেন। আর তাহসানের সেই সময়ের ঈদ মানেই ছিল মিথিলাকে নিয়ে গাড়িতে তাঁর নতুন গান ছেড়ে ঘুরে বেড়ানো। পুরোনো কথা মনে করে তাহসান বললেন, ‘ওই সময় প্রতি ঈদেই আমার একটা নতুন অ্যালবাম বাজারে আসত। আর তা নিয়ে আমাদের উচ্ছ্বাসের শেষ ছিল না। মিথিলার সঙ্গে ঈদের সময়ে এ নিয়েই কথা হতো, গান শুনতাম, বেড়াতাম আর দিনের একটা অংশ অবশ্যই বন্ধুদের সঙ্গে কাটাতাম।’ মাথা নেড়ে সহমত পোষণ করলেন মিথিলাও। তাঁর ভাষ্য, ‘এই একটা বিষয় কিন্তু এখন আমাদের মধ্যে রয়েছে। এখন এতগুলো বছর পেরিয়ে গেছে। তবে আমরা এখনো ঈদের দিনের একটা সময় দুজনে মিলে ঘুরে বেড়াই, নিজেদের সঙ্গে সময় কাটাই। শুধু ঈদেই না, এমন প্রায়শই করার চেষ্টা করি।’
বিয়ের পরের ঈদগুলো তাহসানকে খুব একটা বদলাতে পারেনি। তবে মিথিলার বেলায় পরিবর্তন একটু বেশিই এসেছে। যেমন প্রতিটি মেয়ের বেলায় হয়ে থাকে। নতুন বাড়ি, নতুন সংসার, নতুন সম্পর্ক—সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। মিথিলার বেলায়ও তেমনই হয়েছিল। তবে বদলে যাওয়াকে খুব উপভোগ করেছেন তিনি। সালোয়ার-কামিজ থেকে শাড়ি, ঘণ্টা খানেক সময় নিয়ে সাজগোজ, রান্না, নতুন মানুষদের সঙ্গে উৎসব উদ্যাপন—সব মিলিয়ে ঈদ প্রতিবারই যেন নতুন রঙে ধরা দিয়েছে মিথিলার কাছে।
আর তাহসানের কাছে কেমন ছিল ঈদের বদলে যাওয়া রং?
‘ঘুমের রং যেমন হয়, ঠিক তেমন! ঈদে বিয়ের আগে দিনের বেশি অর্ধেক সময়ই কাটত ঘুমে। বিয়ের পরও ঈদ মানেই ঘুম।’ মিথিলার শত বাক্য ব্যয়েও খুব একটা প্রভাব পড়ত না ঘুমে। কী করেই পড়বে, লম্বা ব্যস্ত সময় পার করার পর ছুটি তো মেলে ভাগ্যজোরে। তাই ছুটিতে ঘুম খানিকটা পেয়ে বসে তাহসানকে।
অন্যদিকে মিথিলার সেই সময় নেই। এখন তো ঈদে একটু গা এলিয়ে বিশ্রামেরও সুযোগ নেই তাঁর। এখন অনেক বড় দায়িত্ব মিথিলার ওপর। মেয়ে আয়রা। এটা আয়রার দ্বিতীয় ঈদ। এই ঈদে আয়রা উৎসবের আনন্দ একটু একটু বুঝতে শিখেছে। তাই তাহসানও এবার একটু একটু বদলে যেতে শুরু করেছেন। ঘুম নয়, এবার ঈদে তাহসানের চোখে শুধু ছিল আয়রা। তাহসান-মিথিলা মিলে মেয়ের জন্য বেশ কয়েকটা জামা কিনেছেন; আর মেয়ে উপহার পেয়েছে আরও কয়েকটা জামা। ঈদের দিন আয়রা একটু পর পর নতুন পোশাকগুলো পরে আর বাবার কাছে এসে ছবি তোলে। আর সেই ছবি নিয়ে সেকি উচ্ছ্বাস তাঁর মা-বাবার!
মেয়ে আয়রা+নতুন বাড়ি+নতুন অ্যালবাম=একেবারেই ষোলোকলা পূর্ণ করা পরিপূর্ণ ঈদ। তাহসান-মিথিলাও স্বীকার করলেন সে কথা।
তাহসান জানালেন, এবারের ঈদে অনেক বছর পর বন্ধুদের সঙ্গে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন তাঁরা। আর মিথিলা জানালেন, আয়রাকে যে মেয়েটা দেখাশোনা করে, সে এবার ঈদে পাঁচটা নতুন জামা পেয়েছে। দারুণ খুশি মেয়েটা। এটা দেখে বেজায় খুশি মিথিলাও। আর দুজনের বিশেষ মুহূর্ত? ‘ওই যে, বিকেলে গাড়ি, গান আর একান্ত সময়টুকু।’