>ঘটনা দুই রকম। এক দল তারকা হয়ে নিজেদের গলার জোর জাহির করেছেন, আরেক দল নিজেদের গলার জোরেই হয়েছেন তারকা। আজ থাকছে তাঁদের কথা।

ডাবিং তারকা
শুধু শক্তিশালী কণ্ঠ নয়, ভাষার কারুকাজও করতে হয় একজন ডাবিং আর্টিস্টকে। সেই জাদু ভালোই জানেন ময়ূর ভায়াস। তাঁকে চেহারায় চেনে না অনেকেই। তবে তাঁর কাজের ফর্দ তুলে ধরা হলে, নিজেকেই নিজের প্রশ্ন করতে হবে, ‘সত্যিই এ কণ্ঠ তাঁর?’ হ্যাঁ, ময়ূর বলিউডের খুব পরিচিত কণ্ঠ। তাঁর ক্যারিয়ারের শুরু হয় তামিল ছবিতে হিন্দি সংলাপে ডাবিং করে। এরপর হলিউডের ছবি বলিউডে মুক্তির সময়ও ডাক আসতে শুরু করে ময়ূরের। এ পর্যন্ত ময়ূরের কণ্ঠ শোনা গেছে ওশ্যান থার্টিন (২০০৭ ) ছবিতে ব্র্যাড পিট, দ্য টার্মিনাল (২০০৪) ছবিতে টম হ্যাঙ্কস, বডি অব লাইস-এ (২০০৮) রাসেল ক্রো ও ‘জ্যাক রিচার’-এ (২০১২) টম ক্রুজের মতো অসংখ্য তারকার জনপ্রিয় সব চরিত্রের ঠোঁটে। সবচেয়ে মজার ব্যাপার হলো, রজনীকান্তের বেশির ভাগ ছবির হিন্দি সংস্করণে রজনীর ঠোঁটে যে সংলাপগুলো শোনা গেছে, তা ছিল ময়ূরের। রোবট, কাবালিতে রজনীর হয়ে হিন্দিতে সংলাপ ছুড়েছেন এই ময়ূর। এমনকি আসছে রোবট টু ছবির হিন্দি সংস্করণে কণ্ঠ দেওয়ার জন্যও এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন এ ডাবিং শিল্পী।
ভিন ডিজেলের হয়ে যাঁরা সংলাপ বললেন...

খুব সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে হলিউডের ছবি ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ। তাই এ ছবির কথাই আগে বলি। হলিউডের এ ছবি সবার আগে মুক্তি পায় ভারতে। তাই ভিন ডিজেলকে ইংরেজিতে সংলাপ বলার আগে দর্শক তাঁকে এ ছবিতে পর্দায় অনর্গল হিন্দি বলতে দেখেন। মনে প্রশ্ন জাগতেই পারে, কার কল্যাণে এ ঘটনা ঘটল? তাহলে কৌতূহল ভেঙে সেই তথ্য জানিয়ে রাখি। ভিন ডিজেলের পেছনের ভারতের কণ্ঠটি টিভি অভিনেতা শরদ কেলকারের। তিনি দীপিকার সঙ্গে এ ছবিতে হিন্দিতে ডাব করেছেন। তা ছাড়া ভিন ডিজেল বরাবরই ভারতে একটু বেশিই কদর পেয়ে থাকেন। ২০১৩ সালে এ হলিউড অভিনেতার রিডিক ছবিটি ভারতে মুক্তির সময় তাঁর হয়ে হিন্দিতে সংলাপ বলেন বলিউড অভিনেতা সানি দেওল।

তারকারা যখন শুধু কণ্ঠশ্রমিক!
হয়তো প্রত্যেক ডাবিং শিল্পীই নিজেদের পরিচয় আড়াল করে স্বপ্ন দেখেন বড় তারকাদের চোখে। তবে ডাবিংয়ের মতো কঠিন কাজটিও কিন্তু অনেক বড় বড় তারকা চেষ্টা করেও আয়ত্তে আনতে পারেননি। তাই ডাব করার সুযোগ যে তারকারা পেয়েছেন, তাঁরা নিজেদের বরাবরই মনে করেছেন ভাগ্যবান। সবশেষ প্রিয়াঙ্কা চোপড়া কণ্ঠ দিয়েছেন সেই চরিত্রে, যাতে হলিউডে শোনা গেছে স্কারলেট জোহানসনের কণ্ঠ। কথা হচ্ছে গত বছর মুক্তি পাওয়া জাঙ্গাল বুক ছবির। সেই ছবিতে কা নামের সাপের চরিত্রে মূলত কণ্ঠ দিয়েছিলেন স্কারলেট। যখন হিন্দি সংস্করণের জন্য প্রিয়াঙ্কার কাছে এর প্রস্তাব যায়, তখন খুশির নাকি কোনো সীমা ছিল না তাঁর। কারণ, প্রিয়াঙ্কা তো ডাবিং আর্টিস্টদের কাজের মজাটা ডিজনির ২০১৩ সালের অ্যানিমেটেড ছবি প্লেনস তৈরির সময়। সেটাই তো ছিল প্রিয়াঙ্কা হলিউডের অভিষেক। তা ছাড়া বলিউডে ডাবিংয়ের কাজ করেছেন ইরফান খান, ওম পুরি, অনুপম খেরের মতো গুণী শিল্পীরাও। তাই এখন থেকে নেপথ্যে কণ্ঠ দেওয়া শিল্পীদেরও তারকার চেয়ে কম ভাবা যাবে না। তাঁদের গলার জোর অনেক তারকার চেয়েও বেশি।
ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে অবলম্বনে