তাঁদের সঙ্গে আড্ডায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লিক...ক্লিক...। একজন বললেন, ‘একটু ঘুরে দাঁড়ান।’ উত্তর এল, ‘আর কত ঘুরব?’ ক্লিক...ক্লিক...। ছবি তোলা হচ্ছে। আর সমান তালে চলছে কথা। প্রথম আলোর নিজস্ব স্টুডিওতে নানা ভঙ্গিমায় তাঁদের ছবি ধরে রাখতে ব্যস্ত আলোকচিত্রী খালেদ সরকারের ক্যামেরা। এ সময় পুতুল, কোনাল ও সায়েম—টেলিভিশন চ্যানেলগুলোয় সংগীতবিষয়ক প্রতিযোগিতামূলক রিয়ালিটি শোর উপস্থাপকেরা জানান, ফটোসেশনে তাঁরা আঁখি আলমগীরকে খুব মিস করছেন। আঁখি আলমগীর চ্যানেল নাইনে প্রচারিত ‘পাওয়ার ভয়েস’-এর উপস্থাপক। পুতুল ও সায়েম উপস্থাপনা করছেন এনটিভির ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এ। আর কোনাল ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ উপস্থাপনার মাধ্যমে নজর কেড়েছেন সবার। রিয়ালিটি শোতে নিজেদের কাজের অভিজ্ঞতা নিয়ে আলাদাভাবে মুঠোফোনে তাঁদের সবার সঙ্গে গল্প হয়েছে আমাদের। গত রোববার ফটোসেশনের জন্য প্রথম আলোতে সবার একজোট হওয়ার কথা। কিন্তু অন্য সবাই ঠিকঠাক এলেও শেষ মুহূর্তে আসতে পারলেন না আঁখি আলমগীর। তাই ফটোসেশনে বেশ কয়েকবার উচ্চারিত হলো তাঁর নাম। সবাই মিলে আবার মুখর করে তুললেন পরিবেশটা। এ ঘটনা মুঠোফোনে আঁখি আলমগীরকে জানাতেই তিনিও কম গেলেন না। বললেন, ‘শিল্পী মানে শুধু শিল্পী নয়, তাঁকে গুছিয়ে কথা বলাও জানতে হয়। কোনাল ও পুতুল এটা ভালোভাবেই জানে। ওদের উপস্থাপনা ও গান দারুণ উপভোগ করি আমি।’রিয়ালিটি শো নিয়ে যেন হাজার রজনীর গল্প জমা আছে এই উপস্থাপকদের। এর মধ্যে একেকজনের ঝুলি থেকে আমরা কেবল জানাতে পারব কয়েক টুকরো। যেমন সদ্য সমাপ্ত ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-এর উপস্থাপক কোনালকে শুটিংয়ের পুরো সময় পোহাতে হয়েছে বিড়াল-যন্ত্রণা। ‘আমাদের শুটিং হয়েছে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠানে। সেখানে ছিল একটি বিড়াল ও দুটো চড়ুইয়ের বাসা। শুটিংয়ের সময় কেন জানি না আমার কাছে চলে আসত ওরা। বিড়ালটি কখনো বীরদর্পে চলে যেত বিচারকদের কাছে। হয়তো আমি খুব মনোযোগ দিয়ে উপস্থাপনা করছি, এমন সময় কার যেন শীতল স্পর্শ পেলাম। চোরাচোখে তাকিয়ে দেখি, বিড়াল! বিড়ালকে বড্ড ভয় পাই। তাই এ দৃশ্য দেখে আমার তো আক্কেলগুড়ুম! অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান স্বপনকে কাতর কণ্ঠে বললাম, “স্বপন ভাই, বি-ড়া-ল!”’ গল্পটি অভিনয় করে দেখাতে গিয়ে হেসে গড়াগড়ি খেলেন কোনাল। তারপর বললেন, ‘সেরা কণ্ঠ তো আমার প্ল্যাটফর্ম। এখান থেকেই উঠে এসেছি আমি। এখন এ অনুষ্ঠানের উপস্থাপনাও খুব উপভোগ করেছি।’কোনালের কথা শুনে পুতুলকে সায়েম বললেন, ‘বাদুড়ের কথাটা বলো।’ মুখ খুললেন পুতুল, ‘এফডিসিতে “ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ”-এর শুটিংয়ের সময় একবার ফ্লোরের মধ্যে বাদুড় ঢুকে পড়ল। ঘুরে ঘুরে সে নৃত্য করছে চারদিকে। ভয়ে আমার তখন অজ্ঞান হওয়া বাকি। আমার এ অবস্থা দেখে বীরপুরুষ সায়েম এল বাদুড় তাড়াতে।’ এটুকু বলে এখন তো পুতুলকে একবার সায়েমের দিকে তাকাতেই হবে। না হলে শেষ রহস্য বুঝি মাঠে মারা যায়! সায়েমের দিক থেকে চোখ ফিরিয়ে আবার পুতুলের কথা, ‘ও বাদুড় তাড়াবে কী! একসময় দেখি, আমার মতো সায়েমও ভয়ে সিঁটিয়ে যাচ্ছে।’ এরপর যে তুমুল হাসাহাসি হবে, সে কথা কি আর মুখে বলতে হয়!হাসি সামলে নিলেন সায়েম। ‘কথাবন্ধু’ হিসেবে খ্যাতি পাওয়া এ উপস্থাপক এরপর গুছিয়ে নিলেন কথা, ‘রিয়ালিটি শো যাঁরা উপস্থাপনা করছেন, আমি ছাড়া তাঁদের সবাই শিল্পী। তাই প্রথম দিকে খুব চুপচাপ ছিলাম। কিন্তু দিনে দিনে সবাই এত আন্তরিকভাবে আপন করে নিয়েছেন আমাকে, আমি যে শিল্পী নই, কথাটি এখন আর মনেই থাকে না। আবার আমার ফেসবুকে “ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ”-এর বিভিন্ন ছবি আপ করার কারণে যাঁরা জানেন না, তাঁদের অনেকে এমনও বলেন, “আপনি কি এখানে অডিশন দিচ্ছেন?” শুনতে বেশ মজাই লাগে।’ এবার যোগ করলেন পুতুল, ‘“ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ” উপস্থাপনা করতে গিয়ে আবিদের (আবিদ শাহরিয়ার) কথা খুব মনে পড়ে। ২০০৮ সালে একসঙ্গে উপস্থাপনা করেছিলাম আমরা। খুলনা অঞ্চলের অডিশনের সময় আবিদদের বাড়ি গিয়েছিলাম। গিয়ে দেখি, আবিদের নানা বয়সের ছবিতে পুরো বাড়িটা যেন জাদুঘর হয়ে আছে।’পুতুলের কণ্ঠের বিষাদ উজিয়ে এখন জেনে নেওয়া যাক ‘পাওয়ার ভয়েস’-এর উপস্থাপক আঁখি আলমগীরের গল্প। ‘“পাওয়ার ভয়েস”-এর আঞ্চলিক পর্বের অডিশন নিতে রংপুর গিয়েছি। শহরের রাস্তায় রিকশায় চড়ে মাইকিং করছি আমি। আমার রিকশার পাশাপাশি আরেকটি রিকশায় এক নারী। হঠাৎ তিনি খেয়াল করলেন, পাশের রিকশায় বসে আছি আমি। অমনি চলন্ত রিকশা থেকে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। দুটি রিকশা একসঙ্গে চলছে। আমার হাতের মধ্যে ওই নারীর হাত। মাইকিং করছি আমি—বড়ই অদ্ভুত দৃশ্য! এ অনুষ্ঠান করতে গিয়ে এমন অনেক দৃশ্যের মুখোমুখি হয়েছি। প্রতিটি পর্বে আমি ও বিচারক ইমন সাহা খুব দুষ্টুমি করি। ইমন আমার ছোটবেলার বন্ধু। মহাগুরু রুনা লায়লা আন্টি তাই আমাদের বলেন টম অ্যান্ড জেরি—ইমন টম, আমি জেরি। এমন আরও কত গল্প আছে...!’না, রিয়ালিটি শোর উপস্থাপনা করতে গিয়ে তাঁদের প্রত্যেকের ভেতরে জমা হওয়া যে গল্প, সেই গল্পের নটেগাছটি কিন্তু এখনই মুড়াচ্ছে না।