তাঁর কণ্ঠস্বর আর শুনব না
আড়ালে তাঁকে নিয়ে হাসতাম আমরা। শুটিং স্পট পর্যন্ত পৌঁছাতে অন্তত ১০ বার ফোন করতেন তিনি।‘ড্রাইভার ঠিকমতো চালাচ্ছে তো? ওভারটেক করছে না তো? স্পিডে চালাচ্ছে না তো? আস্তে যেন চালায়’—বারবার ছিল তাঁর সতর্কবাণী। অথচ অতি সাবধানি সুশৃঙ্খল-পরিশীলিত সেই মানুষটি হারিয়ে গেলেন সড়ক দুর্ঘটনায়!প্রিয় সহকর্মী বন্ধু মিশুক মুনীরসহ সঙ্গী-সাথিদের নিয়ে রাস্তায় পড়ে আছেন লাশ হয়ে!অবিশ্বাস্য। এমন নির্মম-নিষ্ঠুর সত্য কাঁপিয়ে দেয় আমাদের সবাইকে। চোখের সামনে অসংখ্য স্মৃতি। মায়া দিয়ে, ছায়া দিয়ে এতগুলো বছর আশ্রয় হয়েছিলেন।২০০০ সাল। আমার তখন বিপর্যস্ত সময়। হঠাৎ গুলশানে দেখা। কিছুদিন পর অফিসে একটা চিরকুট পেলাম, ‘তারেক ভাই আমাকে দেখা করতে বলেছেন।’অফিসে গেলাম।মাটির ময়নার ‘আয়শা’ চরিত্রের জন্য ভাবছেন। ভাবছেন আমাকে। সঙ্গে মেয়ে ‘আসমা’র চরিত্রের জন্য আমার মেয়ে রিমঝিমকেও।বললেন, ‘ওর অভিনয়ের সব দায়িত্ব তাঁর।’এভাবেই শুরু তারেক ভাই-ক্যাথরিনের সঙ্গে আমার চেনা-জানা-পরিচয়—সম্পর্ক। স্ক্রিপ্ট পড়া, লোকেশনে যাওয়া, ড্রেস রিহার্সেল, ক্যামেরা রিহার্সেল, ধীরে ধীরে মাটির ময়নার মানুষ হতে থাকলাম।তাঁর চলচ্চিত্রের সঙ্গে আমার সম্পৃক্ততার সময়কাল লম্বা যাত্রাপথের। তাঁর স্বপ্নের কথা, ভাবনার কথা শুনতে শুনতে কখন যে তাঁদের সহযাত্রী হয়েছি, টের পাইনি একবিন্দুও। কখনো বলেননি, ভালো করে অভিনয় করতে হবে। কখনো বলেননি, এভাবে সংলাপ বলেন। কোনো কিছুতেই জোর দেওয়া তাঁর স্বভাববিরুদ্ধ।তাঁর অভিজ্ঞতা, জ্ঞানদর্শন শেয়ার করতেন। চাপিয়ে দেওয়ার এতটুকুও চেষ্টা করেননি। তাই তাঁর সব দর্শন শিল্পীর দর্শন হয়ে যায়।শিল্পীকেও যে তিনি শিল্পের মর্যাদায় দেখতেন। এখানেই তিনি অনন্য।আমি তখন অখ্যাত রোকেয়া প্রাচীই তো। মোরশেদ ভাইয়ের দুখাই-এর মধ্য দিয়ে মাত্র জন্মগ্রহণ করেছি চলচ্চিত্রে। সেই অখ্যাত রোকেয়া প্রাচীকে শিল্পীর সম্মান দেখিয়েছেন। শ্রদ্ধায়, সহমর্মিতায় শিল্পীর পুনর্নির্মাণ করতে পারার অসাধারণ শক্তি তো তাঁরই আছে।মাটির ময়নার আয়শা দেশের গণ্ডি পেরিয়ে ‘কান’, ‘অস্কার’, ‘moma’—আরও কত দেশ, উৎসব ঘুরে বেড়াল, সব তাঁর অবদান।কে চিনত? কে জানত বাংলার চলচ্চিত্রকে এমন করে?একজন রোকেয়া প্রাচী শিল্পীর মর্যাদায় সুপ্রতিষ্ঠিত হওয়ার গর্বে গর্বিত হয়ে উঠতে লাগল। আন্তর্জাতিক অঙ্গনে তিনি সহযাত্রী করলেন। তাঁর জন্যই আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি!আমার শিল্পীসত্তার পুনর্জন্ম ঘটেছিল তারেক মাসুদের চলচ্চিত্রেই। মানুষ হিসেবে, শিল্পী হিসেবে সব উন্মেষ তাঁর—তাঁদের শিল্পের জীবনের সান্নিধ্যে এসে। তখন দুঃসময়ের একটা অধ্যায় গেছে আমার জীবনে। কী অপার স্নেহ তাঁদের কাছে পেয়েছি।অথচ ভাবখানা ছিল তেমন কিছুই করছেন না, তিনি এমনই।তারেক-ক্যাথরিনের মতো সুন্দর যুগলবন্দী ‘চলচ্চিত্র-মানুষ’ বিরল। আমি মুগ্ধ হয়ে দেখতাম, ভাবনা আর স্বপ্নের এক অবিচ্ছেদ্য সহযাত্রী দম্পতিকে।নিউইয়র্ক থেকে ড্রাইভ করে ক্যাথরিন নিয়ে যান তাঁর কানেকটিকাটের বাড়িতে। কী অদ্ভুত! এসব ছেড়ে তিনি বাংলাদেশের? তারেক ভাই ক্যাথরিনের মতো অনন্য-অসাধারণ এই মানুষকে আমাদের করে দিয়েছেন; যিনি তারেক ভাইকে লালন করেন, ধারণ করেন তারেক ভাইয়ের স্বপ্নকে, ভাবনাকে। ভালোবাসেন বাংলাদেশকে। তাঁদের একসঙ্গে আর দেখব না!যে মানুষটা শুটিংয়ে শুধু নির্মাতা থাকতেন না। সব মনে রাখতেন। কে কোথায় থাকবে, কী খাবে, শীতের ভোরে গরম পানি—সব মনে থাকত তাঁর। আইসক্রিম, মুরগির বাচ্চা না পেলে শট দেবে না রিমঝিম। আমি বিরক্ত, তিনি হাসতেন। আইসক্রিম, মুরগির বাচ্চা দিয়ে শট নিতেন। শট ভালো হলে রিমঝিমকে ঘাড়ে নিয়ে ঘুরতেন আর হাসতেন।নিষাদ তার বাবার কতটুকু স্নেহ পেল? ও তো জানল না, বুঝল না কিছুই। প্রিয় সন্তানকে আর কোনো দিন স্পর্শ করবেন না।তাঁর সঙ্গে দেশের বাইরে গেলে খেয়াল করতেন, ঠিকমতো খেতে পারছি কি না। প্রথম বিদেশ সফর (কান) ভাত না খাওয়ার কষ্টে কান্নাকাটি-দশা, তিনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করলেন আমাকে ভাত খাওয়ানোর জন্য। কী ভীষণ ব্যস্ততা তাঁর। তবু খোঁজ নেওয়ার দায়িত্ব থেকে পিছপা হতেন না। ফোনে হাসতে হাসতে বলতেন, ‘এদিকে এলে স্টপ-বাই করেন।’ আর কোনো দিন সেই কণ্ঠস্বর শুনব না।শুনছি, মন্ত্রী সাড়ে ২৪ হাজার লাইসেন্স দিতে বলেছেন বিনা পরীক্ষায়। তাহলে পুরোনো ঘাতকদের সঙ্গে আরও সাড়ে ২৪ হাজার ঘাতক ড্রাইভার যুক্ত হচ্ছে? ক্যাথরিন—আপনি, নিষাদ আমাদের অতিপ্রাণের।আমরা তারেক ভাইকে হারিয়ে স্তব্ধ! আপনি প্লিজ, রাস্তায় বের হবেন না—আমরা পুরো জাতি আপনাকে কিছু দিতে পারিনি—ছবি বানিয়ে তারেক ভাইকে ফেরি করে সেই ছবি দর্শকের কাছে পৌঁছে দিতে হয়েছে, জীবনের সবটুকু সময় তিনি চলচ্চিত্রের জন্যই দিয়েছেন। তাঁকেই আমরা নির্মম মৃত্যু উপহার দিলাম।আপনি সাবধান, ক্যাথরিন! আমাদের সব প্রিয়জন সাবধান! ঘাতকেরা আসছে।প্রিয় মানুষদের রক্তাক্ত লাশ হয়ে পড়ে থাকার ফুটেজ সব স্মৃতিকে ছাপিয়ে সত্য হয়ে যায়। আমাদের আর সহনশীল হওয়ার দরকার নেই। এখন সংগঠিত হয়ে প্রতিবাদের সময়।