তাঁর কাছে ঋণী হয়ে গেলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাইশে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিবস। এ উপলক্ষে রাতে চ্যানেল আই ও বাংলাভিশনে প্রচারিত হবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক গানের অনুষ্ঠান। চ্যানেল আইয়ে থাকছে ‘দিতে এসেছি শ্রাবণের গান’ এবং বাংলাভিশনে ‘ও যে মানে না মানা’। কথা হলো বন্যার সঙ্গে।এবার বাইশে শ্রাবণ উপলক্ষে অনুষ্ঠানের চাপ কেমন মনে হচ্ছে?একটু তো কম হবেই। এখন রমজান মাস। কদিন পর ঈদ। এখন সব টিভি চ্যানেলই ব্যস্ত ঈদের অনুষ্ঠান নিয়ে। দর্শকেরাও রোজা আর ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। তার পরও কিছু কিছু অনুষ্ঠান হচ্ছে।আজ আপনার দুটি একক অনুষ্ঠান প্রচারিত হবে।হ্যাঁ, চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘দিতে এসেছি শ্রাবণের গান’। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা। তাঁর বর্ষার গানে বিভিন্ন রসবোধ একসঙ্গে পাওয়া যায়। আবার মানবমনের সঙ্গে বর্ষার সম্পর্ক, বর্ষার চঞ্চলতা, বিভিন্ন বয়সে বর্ষা কীভাবে কবিকে মুগ্ধ করেছে, তা চমৎকারভাবে ফুটে উঠেছে কিছু গানে। সেই গানগুলোই করব। আর বাংলাভিশনের ‘ও যে মানে না মানা’ অনুষ্ঠানে গেয়েছি খুব শোনা কিছু গান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে অনিমা রায়।আপনি তো সন্জীদা খাতুনের একটি সাক্ষাৎকার নিয়েছেন। চ্যানেল নাইনের জন্য। অনুষ্ঠানের নাম ‘তোমার দ্বারে কেন আসি’। আজ সন্ধ্যায় প্রচারিত হবে। এখানে সন্জীদা খাতুন বলেছেন স্বাধীনতার আগে প্রতিকূল পরিস্থিতিতে রবীন্দ্রসংগীতের চর্চা, ছায়ানট প্রতিষ্ঠা, ছায়ানটের বর্তমান কার্যক্রম, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ গঠন, সম্প্রতি ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ‘দেশিকোত্তম’ পুরস্কার পাওয়াসহ নিজের পরিকল্পনাগুলো নিয়ে। কথার ফাঁকে ফাঁকে সন্জীদা খাতুন গেয়েছেন নিজের পছন্দের তিনটি গান। তাঁর সাক্ষাৎকার নিয়ে আপনার অনুভূতি কেমন হলো?সন্জীদা খাতুন ছায়ানটে আমার শিক্ষিকা ছিলেন। শান্তিনিকেতনে যাওয়ার আগে তিনি আমাকে আলাদা করে কিছু গান দেখিয়ে দিয়েছিলেন। পরে বুঝেছিলাম, ওভাবে তিনি না দেখিয়ে দিলে শান্তিনিকেতনে ভর্তি হওয়ার সুযোগই পেতাম না। তাঁর কাছে ঋণী হয়ে গেলাম। এবার তাঁর সাক্ষাৎকার নিতে গিয়ে পুরোনো অনেক কথা মনে পড়েছে।